📄 নিয়তই যখন সবকিছুর মূল
নিয়তই সব আমলের মূল। মনের নিয়তই মুমিনের যাবতীয় আমলের স্তম্ভ। নিয়ত ছাড়া সব আমলই বেকার। নিয়ত হচ্ছে আমলের প্রাণবায়ু, আমলের চালনাকারী আর আমল তার অনুগামী। সুতরাং নিয়ত যখন বিশুদ্ধ হবে তখন আমলও বিশুদ্ধ হবে, নিয়তের অশুদ্ধতায় আমলও শুদ্ধ হবে না। নিয়তের মাধ্যমে বান্দা আমলের তাওফিক পায়, নিয়ত না রাখলে সে বঞ্চিত হয়। নিয়তের ভিন্নতায় মর্যাদারও তারতম্য হয়। এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
আমলের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক মানুষই তার নিয়ত অনুযায়ী প্রতিদান পায়।
কুরআনে কারিমে আল্লাহ তাআলার ঘোষণা—
لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس، ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما.
তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই; তবে কল্যাণ আছে—যে নির্দেশ দেয় দান-খয়রাত, সৎকাজ ও মানুষের মাঝে শান্তি স্থাপনের; আল্লাহর সন্তুষ্টিলাভের আকাঙ্ক্ষায় কেউ তা করলে তাকে অবশ্যই আমি মহাপুরস্কার দেব।
উপরের আয়াত ও হাদিসে নিয়তের গুরুত্ব ফুটে উঠেছে। সকল মুমিনের, চাই সে দায়ি হোক বা সাধারণ মুসলিম, নিয়ত বিশুদ্ধ করা জরুরি। মুমিন তার এই আবশ্যকীয় প্রয়োজনীতা থেকে কখনো বেরোতে পারে না।
টিকাঃ
২৩. বিস্তারিত জানতে দেখুন — النية وأثرها في الأحكام الشرعية للدكتور صالح بن غانم السدلان ١/٥١
২৪. সহিহ বুখারি : ১; সহিহ মুসলিম: ১৯০৭
২৫. সূরা নিসা, আয়াত: ১১৪