📘 ইখলাস ২ > 📄 লেখকের ভূমিকা

📄 লেখকের ভূমিকা


إن الحمد لله، نحمده و نستعينه و نستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله صلي الله عليه وعلي آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد...
আমি এ বইটিতে ইখলাসের পরিচয়, ইখলাসের গুরুত্ব, ইখলাসের সাথে আমলের মর্যাদার আলোচনা করেছি। সৎকাজের মাধ্যমে দুনিয়ার হীন স্বার্থ কামনা ও তার ক্ষতি, দুনিয়ার উদ্দেশ্যে আমলের বিভিন্ন প্রকার, রিয়া, রিয়ার নানান আকার-প্রকৃতি ও প্রকার এবং আমলের ক্ষেত্রে তার প্রাদুর্ভাবের আলোচনাও উঠে এসেছে। আমরা এ বইয়ে খুঁজে দেখার চেষ্টা করেছি, রিয়া কেন আসে? এর প্রতিরোধ আমরা কীভাবে করব? পাশাপাশি আমরা ধ্বংসাত্মক ব্যাধি রিয়া থেকে কীভাবে রক্ষা পেতে পারি—এর কিছু পরামর্শও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ইখলাসের মাধ্যমে বান্দা আল্লাহর সাহায্য লাভ করে, পরকালের কঠিন শাস্তি থেকে সে মুক্তি পায়। ইখলাসের মাধ্যমে দুনিয়া আখেরাত উভয় জগতে বান্দার মর্যাদা লাভ হয়। যার ভেতরে ইখলাস রয়েছে সে আল্লাহর পবিত্র ভালোবাসা নিতে পারে, ফেরেশতারাও তাকে ভালোবাসে। ইখলাস মূলত পবিত্র এক নুর; আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই সেই নুর দান করেন। যার কাছ থেকে ইচ্ছা, সেই নুর আবার ছিনিয়েও নেন। কুরআনে কারিমে মহান আল্লাহ ঘোষণা করেছেন—
وَمَن لَّمۡ يَجۡعَلِ ٱللَّهُ لَهُ نُورٗا فَمَا لَهُ مِن نُّورٖ
আল্লাহ যাকে জ্যোতি দান করেন না, তার জন্য কোনো জ্যোতিই নেই।
সৎকাজের মাধ্যমে দুনিয়ালাভের বাসনা এ এক ঘোর অন্ধকার; যেটা ভারি বিপদজনক। দুনিয়ার উদ্দেশ্য আমল তা তাওহিদের প্রতিবন্ধক এবং যা আমলকে একদম ফতুর করে ছাড়ে। কুরআনে কারিমের ঘোষণা—
مَن كَانَ يُرِيدُ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيۡهِمۡ أَعۡمَٰلَهُمۡ فِيهَا وَهُمۡ فِيهَا لَا يُبۡخَسُونَ. أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَيۡسَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا ٱلنَّارُۖ وَحَبِطَ مَا صَنَعُواْ فِيهَا وَبَٰطِلٞ مَّا كَانُواْ يَعۡمَلُونَ
যে কেউ পার্থিব জীবন ও তার শোভা কামনা করে, দুনিয়ায় আমি তাদের কর্মের পূর্ণফল দান করি এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না। তাদের জন্য আখেরাতে দোজখ ছাড়া অন্য কিছুই নেই এবং তারা যা করে আখেরাতে তা নিষ্ফল হবে এবং তারা যা করে থাকে তা নিরর্থক।
এই ছোট্ট বইটি আমি দুটি অধ্যায়ে সাজিয়েছি। প্রতিটি অধ্যায়ে নিম্নের শিরোনামগুলো সামনে রেখে কাজ করার চেষ্টা করেছি:
প্রথম অধ্যায় : ইখলাসের নুর
✓ ইখলাস কী?
✓ ইখলাসের গুরুত্ব
✓ ভালো নিয়তের মর্যাদা ও ফল
✓ ইখলাসের ফলাফল
দ্বিতীয় অধ্যায় : দুনিয়াকেন্দ্রিক আমলের মন্দত্ব
✓ দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমলের ক্ষয় ও ক্ষতি
✓ দুনিয়ার জন্য সৎকাজের বিভিন্ন প্রকার
✓ রিয়ার সূক্ষ্ম বিভিন্ন ধরণ ও প্রকার এবং তার ভয়ানক ক্ষতি
✓ আমলের ক্ষেত্রে রিয়ার প্রাদুর্ভাব
✓ রিয়ার কারণ ও প্রতিকার
✓ ইখলাসের পথ ও পন্থা
আল্লাহর কাছে একান্ত কামনা, আল্লাহ যেন আমার এই অল্প কাজটুকুকে বরকত ও ইখলাসপূর্ণ বানিয়ে দেন। তা যেন লেখক, (অনুবাদক), পাঠক, প্রকাশক সবার জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেয়। ছোট এই খেদমতটি যেন আমার জীবন-মরণ সবখানেই উপকার এনে দেয়। যাদের হাতেই আমার এই বই পৌঁছবে, সবার জন্য যেন বিপুল ফায়দা বয়ে আনে বইটি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়ালা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
পরিশেষে আবারও দুরুদ প্রেরণ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম ও কিয়ামত পর্যন্ত আগত তাদের আদর্শের সকল অনুসারীদের ওপর।

- সায়িদ ইবনু আলি
মঙ্গলবার; ১৬.১০.১৪১৯ হিজরি

টিকাঃ
* সূরা নূর, আয়াত: ৪০
* সূরা হুদ, আয়াত: ১৫-১৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00