📄 চার. গালাতীয়বাসীদের প্রতি লিখিত চিঠি
গালাতিয় এশিয়া মাইনরের একটি অঞ্চল। এই চিঠিটি পোল ৫৫ কিংবা ৫৭ খ্রিষ্টাব্দ সময়কালে লিখেছিলেন। এ অঞ্চলের লোকজন যখন তার অধর্মীয় চিন্তাধারার কারণে তাকে কাফির আখ্যা দিচ্ছিল এবং তিনি মসিহ আলাইহিস সালামের শিক্ষা থেকে বেরিয়ে গিয়েছিলেন বলে সমালোচনা করতে শুরু করেছিল, তখনই তিনি এই চিঠিটি প্রেরণ করেন। লোকেরা বলত, পোল হলো অনুপ্রবেশকারী। সুসমাচার সম্পর্কে তার সরাসরি কোনো জ্ঞান নেই।
📄 পাঁচ. ইফিস শহরের অধিবাসীদের প্রতি লিখিত চিঠি
ইফিস গ্রিক শব্দ। এর অর্থ হলো আকাঙ্ক্ষিত, প্রিয়। এটি কায়েস্তার (Cayster) নদীর তীরে অবস্থিত এশিয়া মাইনরের একটি শহর। ৬২ খ্রিষ্টাব্দে পোল এই চিঠিটি রোম থেকে প্রেরণ করেন। এর বিষয়বস্তু ছিল মসিহ আলাইহিস সালামের প্রভুত্ব ও ঈশ্বরপুত্র হওয়া এবং মুসা আলাইহিস সালামের শরিয়তের বাধ্যবাধকতার পরিবর্তে শুধু মসিহ আলাইহিস সালামের ওপর বিশ্বাসই যথেষ্ট হওয়া।
📄 ছয়. ফিলিপি নগরের অধিবাসীদের প্রতি লিখিত চিঠি
ফিলিপি রোম সাম্রাজ্যের অন্তর্গত মেসিডোনিয়া প্রদেশের একটি নগরী। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী পোল এই পত্রটি ৬৩ খ্রিষ্টাব্দে লিখেছেন। এই পত্রে তিনি ফিলিপিয়দের মসিহ আলাইহিস সালামের ওপর বিশ্বাস স্থাপন এবং সুসমাচারের প্রতি দৃষ্টি প্রদান করতে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞার পেছনে পোলের উদ্দেশ্য ছিল তার ভেতরে লুকিয়ে থাকা নিফাক ও কুফুরি যাতে প্রকাশ হয়ে না পড়ে।
📄 সাত. কলসীয় নগরের অধিবাসীদের নিকট লিখিত চিঠি
কলসিয় এশিয়া মাইনরের লাইকুস (Lycus) নদীর তীরে অবস্থিত একটি নগরীর নাম। এই চিঠিটি পোল ৬২ খ্রিষ্টাব্দে লিপিবদ্ধ করেন। চিঠিতে তিনি কলসিয়দেরকে মসিহ আলাইহিস সালামের প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানান। একইভাবে মসিহ আলাইহিস সালামের ইলাহ হওয়ার বিষয়টিও চমকপ্রদভাবে তুলে ধরেন। এমনকি মসিহ আলাইহিস সালামের ইলাহ সত্তায় বিশ্বাস স্থাপনকে মুক্তির শর্ত হিসেবে আখ্যায়িত করেন।