📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 মসিহ আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও অন্যান্য রাসূলগণের মতো একজন রাসূল

📄 মসিহ আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও অন্যান্য রাসূলগণের মতো একজন রাসূল


নিঃসন্দেহে মারইয়ামপুত্র মসিহ ঈসা আল্লাহর রাসুল এবং তার বাণী, যা তিনি প্রেরণ করেছেন মারইয়ামের নিকট এবং রুহ-তারই কাছ থেকে আগত। [সুরা নিসা, আয়াত: ১৭১]

মারইয়াম-তনয় মসিহ রাসুল ছাড়া আর কিছু নন। তার পূর্বে অনেক রাসুল অতিক্রান্ত হয়েছেন আর তার জননী একজন সৎ-খাঁটি ঈমানদার। তারা উভয়েই খাদ্য ভক্ষণ করতেন। [সুরা মায়েদা, আয়াত: ৭৫]

মসিহ আল্লাহর বান্দা হবেন, তাতে তার কোনো লজ্জাবোধ নেই এবং ঘনিষ্ঠ ফেরেশতাদেরও না। বস্তুত যারা আল্লাহর দাসত্বে লজ্জাবোধ করবে এবং অহংকার করবে, তিনি তাদের সবাইকে নিজের কাছে সমবেত করবেন। [সুরা নিসা, আয়াত: ১৭২]

সন্তান বলল, আমি তো আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবি করেছেন। আমি যেখানেই থাকি, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি, ততদিন নামায ও যাকাত আদায় করতে। এবং জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব। এই মারইয়ামের পুত্র ঈসা। সত্যকথা, যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। [সুরা মারইয়াম, আয়াত: ৩০-৩৪]

সে তো এক বান্দাই বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনি ইসরাঈলের জন্যে আদর্শ। [সুরা যুখরুফ, আয়াত: ৫৯]

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 মসিহ আলাইহিস সালামের ওপর নাজিলকৃত কিতাব ইনজিল

📄 মসিহ আলাইহিস সালামের ওপর নাজিলকৃত কিতাব ইনজিল


অতঃপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রাসুলগণকে এবং তাদের অনুগামী করেছি মারইয়াম-তনয় ঈসাকে ও তাকে দিয়েছি ইনজিল। [সুরা হাদিদ, আয়াত: ২৭]

আমি তাদের পেছনে মারইয়াম-তনয় ঈসাকে প্রেরণ করেছি। তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। আমি তাকে ইনজিল প্রদান করেছি। এতে হিদায়াত ও আলো রয়েছে। [সুরা মায়েদাহ, আয়াত: ৪৬]

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 মসিহ আলাইহিস সালাম কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রদান

📄 মসিহ আলাইহিস সালাম কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রদান


স্মরণ করো, যখন মারইয়াম-তনয় ঈসা বলল, হে বনি ইসরাইল! আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসুল, আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রাসুলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আগমন করবেন। তার নাম আহমদ। অতঃপর যখন তিনি স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করলেন, তখন তারা বলল, এ তো এক প্রকাশ্য জাদু। [সুরা সফ, আয়াত: ৬]

যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছাল, যা সে বিষয়ের সত্যায়ন করে, যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত। অবশেষে যখন তাদের কাছে পৌঁছল যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসল। অতএব, অস্বীকারকারীদের ওপর আল্লাহর অভিসম্পাত। [সুরা বাকারা, আয়াত: ৮৯]

যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল আগমন করলেন—যিনি ওই কিতাবের সত্যায়ন করেন, যা তাদের কাছে রয়েছে, তখন আহলে কিতাবের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল- যেন তারা জানেই না। [সুরা বাকারা, আয়াত: ১০১]

আহলে কিতাবের অনেকেই প্রতিহিংসাবশত চায় যে, মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকমে কাফির বানিয়ে দেয়। তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর (তারা এটা চায়)। যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। [সুরা বাকারাহ, আয়াত: ১০৯]

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 মসিহ আলাইহিস সালামের প্রভুত্বের দাবিদারেরা কাফের

📄 মসিহ আলাইহিস সালামের প্রভুত্বের দাবিদারেরা কাফের


নিশ্চয় তারা কাফির, যারা বলে, মসিহ ইবনে মারইয়ামই আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন, যদি তাই হয়, তবে বল যদি আল্লাহ মসিহ ইবনে মারইয়াম, তার জননী এবং ভূমন্ডলে যারা আছে, তাদের সবাইকে ধ্বংস করতে চান, তবে এমন কারও সাধ্য আছে কি যে আল্লাহর কাছ থেকে তাদেরকে বিন্দুমাত্রও বাঁচাতে পারে? [সুরা মায়েদা, আয়াত: ১৭]

তারা কাফির, যারা বলে যে, মারইয়াম-তনয় মসিহই আল্লাহ; অথচ মসিহ বলেন: হে বনি ইসরাইল! তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম। [সুরা মায়েদা, আয়াত: ৭২]

যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারইয়াম! তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে, আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলবেন, আপনি পবিত্র! আমার জন্যে শোভা পায় না যে, আমি এমন কথা বলি, যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি, তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত; আপনি তো আমার মনের কথাও জানেন। আমি জানি না যা আপনার মনে আছে। নিশ্চয় আপনিই অদৃশ্য বিষয়ে জ্ঞাত। আমি তো তাদেরকে কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন যে, তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন কর যিনি আমার ও তোমাদের পালনকর্তা। [সুরা মায়েদা, আয়াত : ১১৬-১১৭]

তারা তাদের পণ্ডিত ও সংসার-বিরাগীদের তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মারইয়ামের পুত্রকেও। [সুরা তাওবা, আয়াত : ৩১]

ফন্ট সাইজ
15px
17px