📄 মসিহ আলাইহিস সালামের বংশ পরম্পরা
মথি এবং লুক মসিহ আলাইহিস সালামের বংশপরম্পরা বর্ণনা করেছেন। কিন্তু এই বংশলতিকা পড়ে দেখলে অবাক হতে হয়। কেননা, এগুলো স্ববিরোধী বর্ণনায় ঠাসা। তারা কি এগুলো নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে লিখেছেন? নাকি কোনো ঐতিহাসিক বর্ণনা থেকে কপি করেছেন? ইজতিহাদ (কল্পিত গবেষণা) করলে তো মারাত্মক ভুল করেছেন, কারণ, বংশপরম্পরা বর্ণনায় ইজতিহাদ চলে না। আর যদি কোনো ঐতিহাসিক বর্ণনার ওপর নির্ভর করে থাকেন তাহলে সেটি কী?
কার্ডিনাল দানিলো বলেন, "মসিহ এর বংশলতিকাটি তার পারিবারিক নথি থেকে নেওয়া হয়েছে।"
ড. মরিস বুকাইলি এই বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, "ব্যাখ্যাকার এ কথা নিশ্চিত করেছেন যে, তিনি এই কল্পিত নথিপত্র সম্পর্কে অবগত হয়েছেন ইয়োসিভিয়াস (Eusivius) রচিত কিতাবু তারিখিল কানিসাহ থেকে। অথচ ইয়োসিভিয়াস এমন একজন লেখক যার গ্রহণযোগ্যতা চরম প্রশ্নবিদ্ধ। এটি কি দুর্বোধ্য ও হাস্যকর নয় যে-মসিহ আলাইহিস সালামের দু-ধরনের পারিবারিক বংশলতিকা আছে, আবার উভয় বর্ণনায় পূর্বপুরুষের নাম ও সংখ্যায়ও রয়েছে প্রচণ্ড বৈপরীত্য?"
এ পর্যায়ে আমরা মথি ও লুক কর্তৃক বর্ণিত বংশতালিকা এখানে উল্লেখ করব। লুক বংশতালিকা বর্ণনা শুরু করেছেন আদম আলাইহিস সালাম থেকে।
টিকাঃ
[৩০৩] দিরাসাতুল কুতুবিল মুকাদ্দাসাহ, পৃ. ১১৫।
📄 আপত্তি এক
লুকের বর্ণনায় উল্লিখিত ১ম তালিকার ১৩ নম্বর স্থানে অর্ফকশদ এর পর কৈনন এর নাম উল্লেখ করা হয়েছে। এই বর্ণনা পুরাতন নিয়মের বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক। কেননা সেখানে কৈননকে অর্ফকশদ এর পুত্র হিসেবে উল্লেখ করা হয়নি।
📄 আপত্তি দুই
মথির বর্ণনামতে দাউদ থেকে ব্যাবিলনের বন্দিদশা পর্যন্ত চৌদ্দ প্রজন্ম। আর ব্যাবিলনের বন্দিদশা থেকে নিয়ে মসিহ পর্যন্ত চৌদ্দ প্রজন্ম। সুতরাং দাউদ থেকে মসিহ পর্যন্ত মোট আটাশ প্রজন্ম হয়। অপরদিকে লুকের বর্ণনায় দাউদ থেকে মসিহ পর্যন্ত তেতাল্লিশ প্রজন্মের উল্লেখ করা হয়েছে।
📄 আপত্তি তিন
মথির বর্ণনামতে যোশিয়ের পুত্র যিকনিয় এবং তার ভাইয়ের জন্ম হয়েছিল ব্যাবিলনের বন্দিদশার সময়ে। আর যিকনিয়ের পুত্র শল্টিয়েলের জন্ম হয় বন্দিদশার পরে। মথির এই বিবরণ পুরাতন নিয়মের বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক। পুরাতন নিয়মের বংশাবলি ১ম পুস্তকে বলা হয়েছে, “যোশিয়ের প্রথম পুত্র হলেন যোহানন। দ্বিতীয় পুত্র হলেন যিহোয়াকিম। তৃতীয় পুত্র সদুকিয়। চতুর্থ পুত্র শেলোম। আর যিকনিয় হলেন যিহোয়াকিম এর পুত্র।” অর্থাৎ যিকনিয় হলেন যোশিয়ের নাতি।
টিকাঃ
[৩০৪] মথি, অধ্যায়: ১, অনুচ্ছেদ: ১১।
[৩০৫] বংশাবলি ১ম, অধ্যায়: ৩, অনুচ্ছেদ: ১৫।