📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ৫. দানিয়াল

📄 ৫. দানিয়াল


দানিয়াল বনি ইসরাইলের একজন নবি। বুখতে নসর রাজপরিবারের সম্ভ্রান্ত যুবকদের সাথে তাকেও বন্দি করে নিয়ে যায় রাজপ্রাসাদে নিজের সেবা যত্নের জন্য। এসব যুবক খুবই অল্প সময়ে অ্যাসেরিয়ান ভাষা এবং ব্যাবিলনীয় জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। এদের মধ্যে দানিয়াল ছিলেন সবচেয়ে বিচক্ষণ ও তীক্ষ্ম বুদ্ধির অধিকারী।

প্রথমবারের মতো তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে সুসানা নামক এক সুন্দরী নারীকেন্দ্রিক একটি ঘটনায়। সুসানা ছিল ব্যাবিলনে অবস্থানরত এক ইহুদির স্ত্রী। দুজন প্রবীন ইহুদি তাকে কুপ্রস্তাব দেয় এবং উত্যক্ত করতে থাকে। তখন সুসানা লোকজনের সাহায্য চায়। ইত্যবসরে প্রবীন ইহুদিদ্বয় পুরো দোষ সুসানার উপর চাপিয়ে দেয়। তাদের দাবি- সুসানাকে অন্য এক যুবকের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেছে। বিচারের মজলিসে প্রবীন লোক দুটির সামাজিক মর্যাদার দিকে তাকিয়ে বিচারকমণ্ডলী সুসানার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তারা যখন সুসানাকে নিয়ে যেতে থাকে তখন দানিয়াল তাদেরকে বাধা প্রদান করেন। তিনি বিচারের রায়কে পুনর্বিবেচনা করার আবেদন করেন।

এরপর অভিযোগকারীদের একজনকে দূরে সরিয়ে অন্যজনকে জিজ্ঞেস করেন, সে সুসানাকে কোন স্থানে অন্য যুবকের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেছে? তখন লোকটি একটি স্থানের নাম বলে। এরপর তাকে দূরে সরিয়ে অপরজনকে একই প্রশ্ন করা হয়। এই ব্যক্তি অন্য স্থানের নাম বলে। এতে করে উভয়ের মিথ্যার বিষয়টি ফাঁস হয়ে যায়। ফলে বিচারকগণ সুসানাকে মুক্তি দেন এবং প্রবীণ ইহুদিদ্বয়ের মৃত্যুদণ্ডের ফয়সালা করেন।¹⁸¹ এভাবেই চারিদিকে দানিয়ালের বুদ্ধিমত্তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে।

এমনিভাবে দানিয়াল ব্যাবিলন সম্রাটের স্বপ্নবেত্তার কাজ করতেন। সম্রাট তাকে রাজ্যের প্রধান গণক এবং ব্যাবিলন নগরীর ওয়ালির দায়িত্ব প্রদান করেন। বুখতে নসরের মৃত্যুর পর তার পুত্র বেল্টশৎসর এর সময়ে তিনি উজির হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পারসিক সম্রাট আসেন এবং অ্যাসেরিয়ানদের পরাজিত করেন।

এ যুগেও দানিয়াল নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হন। সম্রাট সাইরাসের যুগে তিনি ব্যাবিলনে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়।

দানিয়ালের পুস্তকে বিভিন্ন স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা আলোচিত হয়েছে। এই স্বপ্নগুলোর কতেক ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুওয়তের পূর্বাভাস হিসেবে উল্লেখ করেছেন। এরপর তিনি আবুল আলিয়ার বরাতে বর্ণনা করেন, আমি ওই পুস্তকটি পড়েছি সেখানে তোমাদের বর্ণনা, ঘটনা এমনকি তোমাদের ভাষা সম্পর্কেও আলোচনা স্থান পেয়েছে। সাশ (Shush)¹⁸² এর বাসিন্দারা দুর্ভিক্ষের সময় দানিয়ালের কবরটি খুলে দিত। আবু মুসা রাদিআল্লাহু আনহু বিষয়টি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে অবহিত করেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন, যাতে দিনের বেলা তেরোটি কবর খনন করা হয় এবং রাতের বেলা কোনো একটিতে তাঁকে দাফন করা হয়। এতে করে মানুষ ফেতনা থেকে বাঁচবে।¹⁸³

টিকাঃ
১৮১. তারিখুল আকবাত, খণ্ড: ৮, পৃষ্ঠা: ১৩৮-১৩৯
১৮২. ইরানের দক্ষিণাঞ্চলে খুজেস্তান প্রদেশে অবস্থিত একটি প্রাচীন শহর। উইকিপিডিয়া—নিরীক্ষক
১৮৩. আল-জাওয়াবুস সহিহ লিমান বাদ্দালা দিনাল মসিহ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৫

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ৬. হোশেয়

📄 ৬. হোশেয়


এর অর্থ হলো পরিত্রাণ। তিনি বেরির পুত্র। হোশেয় বনি ইসরাইলের একজন ছোট নবি। ৭২২ খ্রিষ্টপূর্বে সামেরার¹⁸৪ পতনকালীন সময় তিনি নবি ছিলেন। নবি যিশাইয় এবং তিনি সামসময়িক ছিলেন।

টিকাঃ
১৮৪. সামেরা একটি বিলুপ্ত প্রাচীন ঐতিহাসিক শহর। এটি ছিল বনি ইসরাইলের উত্তরাঞ্চলীয় সাম্রাজ্যের রাজধানী। বর্তমানে এটি নাবলুস থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেবাস্তিয়া নামক এলাকায় অবস্থিত। উইকিপিডিয়া—নিরীক্ষক

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ৭. যোয়েল

📄 ৭. যোয়েল


যোয়েল অর্থ যিহোভাই প্রভু। তিনি পথুয়েল এর পুত্র এবং যোয়েল পুস্তকের রচয়িতা। কিন্তু কখন এই পুস্তক তিনি রচনা করেছেন তা সঠিকভাবে জানা যায় না। যোয়েল তার জাতিকে পাপাচারের ব্যাপারে সতর্ক করেছেন। আহ্বান করেছেন তাওবা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের জন্য। তিনি তাদেরকে সম্বোধন করে বলেছেন—

কিন্তু, সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপসহকারে আমার কাছে ফিরিয়া আইস।¹⁸⁵

টিকাঃ
১৮৫. যোয়েল, অধ্যায়: ২, অনুচ্ছেদ: ১২।

📘 ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস 📄 ৮. আমোষ

📄 ৮. আমোষ


আমোষ অর্থ হলো সমৃদ্ধি। তিনি খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীর মানুষ। ইহুদিদেরকে তিনি তাওবার দাওয়াত দিয়েছেন। তাদের চারিত্রিক অধঃপতনের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। ইবাদতের ক্ষেত্রে অবক্ষয় এবং তাদের পৌত্তলিক চিন্তা-চেতনার তিনি সমালোচনা করেছেন। ইসরায়েলিদের শেষ পরিণতি নিয়ে তিনি ছিলেন অসম্ভব শঙ্কিত।

ফন্ট সাইজ
15px
17px