📘 সিরাতে ইবন হিশাম > 📄 প্রতিনিধি দলটির ইসলাম গ্রহণ

📄 প্রতিনিধি দলটির ইসলাম গ্রহণ


ইবন ইসহাক বলেন: হাসান ইবন সাবিত (রা) যখন তাঁর বক্তব্য শেষ করলেন, তখন আকরা ইবন হাবিস বলে উঠলেন: আমার পিতার কসম! ইনি তো এমন এক ব্যক্তি, যার পক্ষে আল্লাহর সাহায্য নিয়োজিত। তাঁর বক্তা নিঃসন্দেহে আমাদের বক্তা অপেক্ষা বলিষ্ঠতর। তাঁর কবি আমাদের কবি অপেক্ষা অনেক বড়। তাদের আওয়ায আমাদের আওয়ায অপেক্ষা মধুর। আলাপ-আলোচনা শেষ হওয়ার পর প্রতিনিধি দলটি ইসলাম গ্রহণ করলো। রাসূলুল্লাহ্ (সা) তাদের মূল্যবান উপহার দিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কায়সের নিন্দায় ইব্‌ন আহতাম-এর কবিতা

📄 কায়সের নিন্দায় ইব্‌ন আহতাম-এর কবিতা


প্রতিনিধি দলের লোকেরা আমর ইব্‌ন আহতামকে পিছনে রেখে এসেছিল। সে ছিল বয়সে তাদের সবার ছোট। কায়স ইবন আসিম ছিল আমর ইব্‌ন আহতামের উপর অসন্তুষ্ট। সে বললো: ইয়া রাসূলাল্লাহ্! আমাদের হাওদায় একটি নওজোয়ান আছে। এই বলে সে তাকে খানিকটা তাচ্ছিল্য করলো। রাসূলুল্লাহ্ (সা) তাকেও দলের অন্যদের সমান উপহার দিলেন। আমর ইব্‌ন আহতামের কানে যখন কায়সের উক্তি পৌঁছলো, তখন সে তার নিন্দা করে বললো:
ظللت مفترش الهلباء تشتمني * عند الرسول فلم تصدق ولم تصب
سدناكم سوددا رهوا وسوددكم * باد نوات جذه مقع على الذنب
তুমি তো উল্টে পড়ে গেছ! আমাকে গালি দাও রাসূলের সামনে! সাচ্চা নও তুমি, বলনি সঠিক কথা।
আমরা তোমাদের শাসন করেছি দীর্ঘকাল। আর তোমাদের সর্দারী সে তো লেজ গুটিয়ে বসে দাঁত দেখানোই সার!
ইবন হিশাম বলেন: এর পরে আরও একটি শ্লোক আছে, কিন্তু অশ্লীল বলে তার উল্লেখ করলাম না।
ইবন ইসহাক বলেন: এ প্রতিনিধি দল সম্পর্কেই নাযিল হয়েছে :
إِنَّ الَّذِيْنَ يُنَادُوْنَكَ مِنْ وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ
'যারা ঘরের পেছন হতে তোমাকে উচ্চৈঃস্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ (৪৯:৪)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00