📄 নিষ্ঠাবান মরুবাসীদের সম্পর্কে যা নাযিল হয়
এরপর নিষ্ঠাবان ও খাঁটি মু'মিন মরুবাসীদের সম্পর্কে আল্লাহ্ তা'আলা বলেন:
وَمِنَ الْأَعْرَابِ مَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبَاتِ عِنْدَ اللَّهِ وَصَلَوَاتِ الرَّسُولِ أَلَا إِنَّهَا قُرْبَةً لَهُمْ .
'মরুবাসীদের কেউ কেউ আল্লাহতে ও পরকালে ঈমান রাখে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর সান্নিধ্য ও রাসূলের দু'আ লাভের উপায় মনে করে। বাস্তবিকই তা তাদের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের উপায়, (আল্লাহ্ তাদেরকে নিজ রহমতে দাখিল করবেন। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু) (৯: ৯৯)।
মুহাজির ও আনসারদের মধ্যে যাঁরা অগ্রগামী তাদের মাহাত্ম্য এবং তাঁদের জন্য আল্লাহ্র প্রতিশ্রুত প্রতিদানের উল্লেখ করা হয়েছে। সেই সাথে যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করে তাদেরকেও মেলানো হয়েছে। সুতরাং আল্লাহ্ তা'আলা বলেন :
رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ 'আল্লাহ্ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট' (৯: ১০০)।
এরপর আল্লাহ্ তা'আলা বলেন:
وَمِمَّنْ حَوْلَكُمْ مِّنَ الْأَعْرَابِ مُنْفِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا عَلَى النِّفَاقِ .
'মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশে-পাশে আছে, তাদের কেউ কেউ মুনাফিক এবং মদীনাবাসীদের মধ্যেও কেউ কেউ - তারা কপটতায় সিদ্ধ'। অর্থাৎ তারা কপটতার আশ্রয় নিয়েছে এবং তা ভিন্ন সব প্রত্যাখ্যান করেছে। سَنُعَذِّبُهُم مُّرَّتَيْنِ - আমি তাদেরকে দু'বার শাস্তি দেব। আল্লাহ্ তা'আলা তাদেরকে যে দু'বার শাস্তির হুঁশিয়ারী দিয়েছেন, আমার নিকট পৌঁছা বর্ণনামতে তা হচ্ছে - ইসলামের ব্যাপারে নিজেদের অবস্থানগত দুশ্চিন্তা, প্রতিপক্ষের প্রতি অন্যায় আক্রোশ ও বিদ্বেষ, এরপর কবরে যাওয়ার পর সেখানকার শাস্তি, তদুপরি আখিরাতের মহাশাস্তি তথা জাহান্নামের স্থায়ী আযাব। এরপর আল্লাহ্ তা'আলা বলেন:
وَآخَرُونَ اعْتَرَفُوا بِذُنُوبِهِمْ خَلَطُوا عَمَلاً صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللَّهُ أَنْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ .
'এবং অপর কতক লোক নিজেদের অপরাধ স্বীকার করেছে, তারা এক সৎকর্মের সাথে অপর অসৎকর্ম মিশ্রিত করেছে। আল্লাহ্ হয়ত তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু' (৯: ১০২)।