📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ আমির (রা)-এর ঘাতকদ্বয়ের মৃত্যুতে রচিত মর্সিয়া

📄 আবূ আমির (রা)-এর ঘাতকদ্বয়ের মৃত্যুতে রচিত মর্সিয়া


বন্ জুশام ইব্‌ন মুআবিয়ার এক ব্যক্তি উক্ত ঘাতকদ্বয়ের মৃত্যুতে নিম্নরূপ মর্সিয়া রচনা করে:
إن الرزية قتل العلاء * و إوفى جميعا ولم يسندا
আলা আর আওফার হত্যাকাণ্ড একটা সাংঘাতিক মর্মান্তিক ঘটনা। তারা দু'জন এমনভাবেই মারা পড়লো যে, একটুও অবলম্বন তাদের ছিল না।
هما القاتلان أبا عامر * وقد كان ذاهبة أربدا
এরা দু'জনই আবূ আমিরের হত্যাকারী। আর আবূ আমির ছিলেন এক নিপুণ কুশলী অসি-চালক যোদ্ধা।
هما تركاه لدى معرك * كأن على عطفه مجسدا
তারা দু'জনে তাকে যুদ্ধক্ষেত্রে এমন অবস্থায় পরিত্যাগ করলো যে, তাঁর কাছে যেন জাফরান মাখা ছিল।
قلم تر في الناس مثليهما * أقل عثارا و أرمى يدا
তাদের মতো লোক তুমি লোকসমাজে দেখনি, যাদের নিপুণ হাত তীর নিক্ষেপে এবং লক্ষ্যভেদে খুব কমই ভুল করে থাকে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 শিশু ও নারী হত্যা নিষিদ্ধ

📄 শিশু ও নারী হত্যা নিষিদ্ধ


ইবন ইসহাক বলেন: আমার নিকট আমার কোন কোন সঙ্গী বর্ণনা করেছেন, একদা রাসূলুল্লাহ্ (সা) জনৈকা নিহত মহিলার নিকট দিয়ে অতিক্রম করছিলেন, যাকে খালিদ ইব্‌ন ওয়ালীদ হত্যা করেছিলেন। লোকজনের তখন সেখানে খুব ভীড়! রাসূলুল্লাহ্ (সা) তাঁর কোন একজন সঙ্গীকে লক্ষ্য করে বললো:
ادرك خالدا ، فقل له : ان رسول الله نهاك * صلى الله عليه وسلم) ان تقتل وليدا أو امرأة او عسيفا
"খালিদের কাছে যাও এবং তাকে বলো যে, রাসূলুল্লাহ্ (সা) তোমাকে শিশু, নারী অথবা ভাড়াটে লোককে হত্যা করতে নিষেধ করেছেন।"

📘 সিরাতে ইবন হিশাম > 📄 রাসূলুল্লাহ্ (সা)-এর বোন শায়মা প্রসংগ

📄 রাসূলুল্লাহ্ (সা)-এর বোন শায়মা প্রসংগ


ইবন ইসহাক বলেন: সা'দ ইব্‌ন বকর গোত্রের এক ব্যক্তি আমার নিকট বর্ণনা করেন; রাসূলুল্লাহ্ (সা) একদা বললেন: তোমরা যদি বনূ সা'দ ইব্‌ন বকরের মাজাদ নামক লোকটিকে তাঁবুতে পাও, তা হলে সে যেন তোমাদের থেকে পালাতে না পারে। ঐ ব্যক্তিটি একদা একটি ঘটনা ঘটিয়েছিল। যখন মুসলমানরা তাকে পাঁকড়াও করতে সক্ষম হয়, তখন তারা তাকে ও তার পরিবার পরিজনকে এবং তাদের সাথে রাসূলুল্লাহ্ (সা)-এর দুধ-বোন হারিসের কন্যা শায়মাকেও ধরে নিয়ে আসেন। তাঁকে আনার ব্যাপারে তাঁরা কিছুটা কঠোরতাও প্রদর্শন করছিলেন। রাসূলুল্লাহ্ (সা)-এর দুধবোন শায়মা বিন্‌ত হারিস ইব্‌ন আবদুল উয্যা তখন বলে উঠলেন: ওহে! জেনে রেখো, আমি কিন্তু তোমাদের সঙ্গীর দুধ-বোন! তাঁরা তার কথায় বিশ্বাস করলেন না এবং তাকে নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট উপস্থিত হলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 দুধবোনের সাথে রাসূলুল্লাহ্ (সা)-এর সদাচরণ

📄 দুধবোনের সাথে রাসূলুল্লাহ্ (সা)-এর সদাচরণ


ইব্‌ন ইসহাক বলেন: ইয়াযীদ ইব্‌ন উবায়দ সা'দী আমার নিকট বর্ণনা করেছেন, তাঁরা যখন শায়মাকে নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট উপস্থিত হলেন, তখন তিনি বললেন: ইয়া রসূলুল্লাহ (সা)! আমি আপনার দুধ-বোন। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন: এর নিদর্শন কি?
জবাবে শায়মা বললেন: আপনি যে শিশুকালে আমার পিঠে কামড় দিয়েছিলেন, তার দাগ এখনো আমার পিঠে বিদ্যমান রয়েছে। তখন আমি আপনাকে কোলে নিয়ে রেখেছিলাম।
রাবী বলেন: রাসূলুল্লাহ্ (সা) নিদর্শনটি সনাক্ত করতে সমর্থ হন। তিনি তাঁর জন্যে তাঁর চাদরটি বিছিয়ে দিলেন এবং তাঁকে তার উপর বসালেন। তিনি তাঁকে দু'টি বিকল্প প্রস্তাব দিয়ে বললেন:
أن أحببت فعندى محبة مكرمة وإن احببت ان امتعك وترجعى الى قومك فعلت
তুমি যদি আমার কাছে থাকতে পসন্দ কর, তা হলে তোমার জন্যে রয়েছে আমার প্রাণঢালা ভালবাসা ও সম্মান সমাদর; আর তা না করে তুমি যদি তোমার সম্প্রদায়ের নিকট আমার দেয়া উপহার সামগ্রীসহ ফিরে যেতে চাও, তা হলে আমি তোমাকে তাই দেবো। তখন শায়মা বললেন: বরং আমাকে দ্রব্যসম্ভার দিয়ে আমার সম্প্রদায়ের নিকটই ফিরিয়ে দিন! সেমতে রাসূলুল্লাহ্ (সা) তাঁকে প্রচুর দ্রব্যসামগ্রী দান করলেন এবং তার সম্প্রদায়ের কাছে তাঁকে ফেরত পাঠিয়ে দিলেন।
বনূ সা'দের লোকেরা বলে, রাসূলুল্লাহ্ (সা) শায়মাকে মাকতুল নামক একজন গোলাম এবং তার সাথে একটি বাঁদীও দান করেন। শায়মা তাদের দু'জনের মধ্যে বিয়ে দিয়ে দেন। ঐ সম্প্রদায়ের মধ্যে তাদের বংশধররা অদ্যাবধি বিদ্যমান রয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00