📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ রিআবের জন্য রাসূলুল্লাহ্ (সা)-এর দু'আ

📄 বনূ রিআবের জন্য রাসূলুল্লাহ্ (সা)-এর দু'আ


বনূ রিআবের অনেক লোকই যুদ্ধে নিহত হয়। লোকজনের মধ্যে বলাবলি হয় যে, আবদুল্লাহ্ ইব্‌ন কায়স-যিনি বনু ওহাব ইব্‌ন রিআবের একজন ছিলেন এবং ইবনু আওরা নামে যাকে অভিহিত করা হতো- তিনি বলে উঠলেন; বনু রিআবের তো সর্বনাশ হয়ে গেল, ইয়া রাসূলাল্লাহ্! লোকেরা বলে যে, তখন রাসূলুল্লাহ্ (সা) দু'আ করলেন:
اللهم اجبر مصيبتهم
"হে আল্লাহ্! তুমিই তাদের ক্ষতি পুষিয়ে দাও! তাদের বিপদের প্রতিবিধান করো!"

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মালিক ইব্‌ন আওফ

📄 মালিক ইব্‌ন আওফ


পরাজিত হওয়ার পর মালিক ইব্‌ন আওফ বের হয়ে একটি গিরিপর্বতে তার অশ্বারোহী দলের সামনে গিয়ে দাঁড়ালো। সে তার সাথীদের লক্ষ্য করে বললো: যতক্ষণ না তোমাদের দুর্বলরা চলে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে দাঁড়াও। ততক্ষণে তোমাদের পশ্চাতে যারা রয়ে গেছে, তারা এসে তোমাদের সাথে মিলিত হবে। সেমতে সে নিজেও সেখানে দাঁড়িয়ে রইলো। ততক্ষণে যে পরাজিত দুর্বলরা তার সাথে এসে মিলিত হয়েছিল তারা অতিক্রম করে গেল। এ ব্যাপারে মালিক ইব্‌ন আওফ কবিতার ছন্দে বলে:
আমার অশ্ব মুহাজ-এর উপর যদি হামলা না হতো দু' দু'বার তা'হলে দুর্জনদের পথ রুদ্ধ হয়ে আসতো শাদীক প্রান্তরের নিম্নাঞ্চলে খর্জুর বীথির পাশে, হামলা না হতো যদি দাহমান ইবন নসরের, তা হলে বনূ জা'ফর ও বনূ হিলালের লোকদের অত্যন্ত দুর্ভোগ সোহারের পিছু হটতে হতো।
ইবন হিশাম বলেন: এগুলো মালিক ইব্‌ন আওফের অন্য যুদ্ধকালে বর্ণিত কবিতা। এর প্রমাণ হচ্ছে এই যে, এ বর্ণনার শুরুতে আছে যে দুরায়দ ইব্‌ন সাম্মা জিজ্ঞাসা করেছিল : বন্ জা'ফর ও বনু কিলাব গোত্রদ্বয় এ যুদ্ধের ব্যাপারে কী ভূমিকা নিয়েছে? লোকজন জবাবে বলেছিল : তারা এ যুদ্ধে আসেনি। অথচ এ কবিতায় মালিক ইব্‌ন আওফ বলছে: "বনূ কিলাব ও বনূ কিলালকে পিছু হটতে হতো।"
এথেকেই পরিষ্কার প্রতীয়মান হচ্ছে যে, এ পংক্তিগুলো এ যুদ্ধকালে মালিক ইব্‌ন আওফ বলেনি। তা সে অন্য কোন যুদ্ধকালেই বলে থাকবে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মালিক ইব্‌ন আওফ সংক্রান্ত আরেকটি বর্ণনা

📄 মালিক ইব্‌ন আওফ সংক্রান্ত আরেকটি বর্ণনা


ইবন হিশাম বলেন: আমার নিকট এ বর্ণনাও পৌঁছেছে যে, মালিক ইব্‌ন আওফ একা তার সাথীরা যখন গিরিপর্বতে দাঁড়িয়ে ছিল, তখন একটি অশ্বারোহী দলের সেখানে আর্বিভাব ঘটে। সে তার সাথীদেরকে জিজ্ঞাসা করলো: কী হে! তোমরা কী দেখতে পাচ্ছো?
জবাবে তারা বললো: আমরা এমন একটি সম্প্রদায়ের লোকজনকে দেখতে পাচ্ছি, যারা তাদের বল্লম তাদের ঘোড়াগুলোর কানসমূহের ফাঁকে রেখেছে আর তাদের জানু প্রলম্বিত।
তখন আওফ বলে উঠলো ওহ্, এরা হচ্ছে সুলায়ম গোত্রের লোক। এদের ভয় করার কোন কারণ তোমাদের নেই। তারা যখন এলো, তখন তাদেরকে অতিক্রম করে প্রান্তরের নীচের দিকে নেমে গেল।
তারপর তাদের পেছনে পেছনে আরেকটি গোত্রের অশ্বারোহী দল আসছিল। তখন সে তার সঙ্গীদের জিজ্ঞাসা করলো তোমরা কী দেখতে পাচ্ছো হে?
জবাবে তারা বললো আমরা এমন এক সম্প্রদায়ের লোকজনকে দেখতে পাচ্ছি, যারা তাদের বল্লম তাদের ঘোড়াসমূহের উপর এলোপাতাড়ি রেখেছে। তখন আওফ বলে উঠলো: ওহ্! এরা হচ্ছে আওস ও খাযরাজ গোত্রীয় লোকজন। তাদের পক্ষ থেকেও তোমাদের কোন অনিষ্টের আশঙ্কা নেই। তারা যখন গিরিপর্বতের কাছে এলো, তখন তারাও সুলায়ম-গোত্রীয় লোকজনের পথ ধরে চলে গেল। তারপর একজন অশ্বারোহীর আবির্ভাব হলো। তখন সে তার সঙ্গীদেরকে বললো তোমরা কী দেখতে পাচ্ছো হে? জবাবে তারা বললো: প্রলম্বিত জানু বিশিষ্ট একজন অশ্বারোহীকে দেখতে পাচ্ছি। তার বল্লম তার কাঁধের উপর রক্ষিত এবং তার মাথায় একটি লাল পট্টি বাঁধা রয়েছে।
সে বললো: এ লোকটি হচ্ছে যুবায়র ইবনু আওয়াম। সে তখন লাত দেবতার কসম খেয়ে বললো: এ ব্যক্তি অবশ্যই তোমাদের কে লণ্ডভণ্ড করে দেবে। তোমরা একে প্রতিরোধ কর! ফলে যুবায়র যখন গিরিপর্বতের নিকটে এলেন, তখন তারা তাঁর প্রতি দৃষ্টি নিবদ্ধ করল এবং তাঁকে প্রতিরোধ করতে অগ্রসর হলো। তিনি তাদের বল্লমের দ্বারা আঘাত হানতে লাগলেন, এমন কি শেষ পর্যন্ত তিনি তাদের সেখান থেকে সরিয়ে দিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সালামা ইব্‌ন দুরায়দের কবিতা

📄 সালামা ইব্‌ন দুরায়দের কবিতা


ইবন ইসহাক বলেন: সালামা ইব্‌ন দুরায়দ যখন সকলকে অপারগ করে দিয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন সে কবিতায় এরূপ বলেছিল:
যাবৎ না আপতিত হলো বিপদ তোমার উপর রলে তুমি বিস্তৃত হয়ে আমাকে, এখন আবের কোল ঘেঁষে সংঘটিত যুদ্ধে তুমি প্রত্যক্ষ করলে; - যখন বাহনে চড়ে পলায়নই ছিল বাঞ্ছিত কাঙ্ক্ষিত প্রতিটি কুলীন সম্ভ্রান্ত ব্যক্তি, প্রতিটি ভদ্র অভিজাত লোকের কাছে। তারা নিজের জননী ও ভাইকে পর্যন্ত ফেলে পালাচ্ছিল আর ফিরেও তাকাচ্ছিল না পেছন পানে; তখন আমি তোমার পিছু পিছু চলে, অধঃবদনে পলায়ন করা থেকে বাঁচিয়েছি তোমাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00