📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ জুযায়মার এক প্রেমিক যুগলের কাহিনী

📄 বনূ জুযায়মার এক প্রেমিক যুগলের কাহিনী


ইবন ইসহাক বলেন: ইয়াবুব ইব্‌ন উতবা ইব্‌ন মুগীরা ইব্‌ন আখনাস আমার নিকট যুহরীর সূত্রে ইবন আবূ হাদরাদ আসলামী থেকে বর্ণনা করেন যে, উক্ত আবূ হাদরাদ বলেছেন: একদা আমি খালিদ ইব্‌ন ওয়ালীদের অশ্বারোহী দলের মধ্যে ছিলাম। তখন আমার বয়সী বনূ জুযায়মার একটি যুবক-যার দু'হাত তার ঘাড়ের সাথে রশি দিয়ে বাঁধা ছিল এবং তার অদূরেই কতিপয় মহিলা সমবেত ছিল, সে আমাকে বললো: হে যুবক! আমি বললাম: তোমার কী চাই? সে অনুনয়ের সাথে বললো: তুমি আমাকে একটু রশি ধরে ঐ মহিলাদের কাছে নিয়ে যেতে পার? ওদের কাছে আমার কিছু বলার আছে। তারপর তুমি আমাকে ফিরিয়ে নিয়ে আসবে এবং তোমরা যা ভাল মনে কর, তাই করবে।
জবাবে আমি বললাম আল্লাহ্র কসম তুমি তো খুব মামুলী একটি অনুরোধ করেছো। এ আর কী কঠিন ব্যাপার! তখন আমি তাকে রশি ধরে মহিলাদের কাছে নিয়ে গেলাম। সে সেখানে দাঁড়িয়ে বললো:
اسلمى حبيش * على نفذ من العيش
শান্তিতে রও হে হুবায়শ! আমার যে জীবনের শেষ!
أريتك اذ طالبتكم فوجدتكم * بحيلة أو ألفيتكم بالحوانق
ألم يك أهلا أن ينول عاشق * تكلف ادلاج السرى والودائق
হুবায়শা! তোমাকে আমি বলেছি যে, যখন আমি তোমাদেরকে খুঁজেছি তখন তোমাদের পেয়েছি কখনো হীলাতে আবার কখনো হাওয়ানীকে। যে প্রেমিক কখনো রাতের অন্ধকারে আবার কখনো খরাদগ্ধ দুপুরে পথ চলার কষ্ট বরণ করেছে, সে কি তার কষ্টের বিনিময় পাওয়ার হকদার ছিল না?
فلا ذنب لي قد قلت إذ أهلنا معا * أثيبي بود قبل إحدى الصفائق
আমার কোন অপরাধ নেই, আমি আগেই বলেছি যখন আমাদের লোকজন একত্রে ছিল—কোন বিপদাপদ এসে পড়ার আগেই প্রেমের বদলে আমাকে প্রেম দাও!
إثيبي بود قبل أن تشحط النوى * وينأى الامير بالحبيب المفارق
প্রেমের 'বদলে তুমি আমাকে প্রেম দাও বিরহ অন্তরায় হওয়ার আগেই, আর বিপদ এসে গৃহকর্তা বিরহী বন্ধুকে দূরে আরো দূরে নিয়ে যাওয়ার আগেই।
فانی لا ضیعت سر أمان * ولاراق عيني عنك بعدك رائق
আমি গোপন রহস্যের আমানত নষ্ট করিনি, তা কারো কাছে ফাঁস করে দিয়ে, আর না কোন চিত্তহারী প্রেমাস্পদ আমার চোখে তোমার পরে স্থান করে নিয়েছে।
سوى أن ما نال العشيرة شاغل * عن الود إلا أن يكون التوامق
তবে হ্যাঁ, সম্প্রদায়ের প্রয়োজনে যে প্রেমের ব্যাপারে কিছুটা শিথিলতা বা গাফলতি আসেনি তা নয়, তবে এটাও কথা যে, প্রেম ভালবাসাটা উভয় দিকের ব্যাপার, এ ব্যাপারে কারো একচেটিয়া দায়-দায়িত্ব থাকে না।
ইব্‌ন হিশাম বলেন: অধিকাংশ কাব্য বিশারদ শেষ দু'টি পংক্তি এ কবির বলে স্বীকার করেন না।
আবূ ইসহাক বলেন, ইয়াকূব ইব্‌ন উতবা ইব্‌ন মুগীরা ইব্‌ন আখনাস আমার নিকট যুহরীর সূত্রে ইব্‌ন আবূ হাদরাদ আসলামীর থেকে বর্ণনা করেন। তখন ঐ মহিলাটি তাকে বললো:
انت فحييت سبعا وعشرا وترا * وثمانيه شتری
তোমাকে তো বিরতিপূর্ণ সতের বছর এবং অবিরতভাবে আট বছর অবধি حياك الله (আল্লাহ্ তোমাকে দীর্ঘজীবী করুন বা নন্দিত করুন) বলে প্রত্যুত্তর দিয়ে তোমার প্রেমের প্রতিদান দেয়া হয়েছে।
ইব্‌ন আবূ হাদরাদ আসলামী বলেন: তারপর আমি তাকে সেখান থেকে নিয়ে এসে তার গর্দান উড়িয়ে দেই।
ইবন ইসহাক বলেন: আবূ ফারাস ইব্‌ন আবূ সুনবুলা আসলামী তাঁর কতিপয় প্রত্যক্ষদর্শী শায়খের বরাতে আমার নিকট বর্ণনা করেন যে, তাঁরা তাঁদের চোখে দেখা ঘটনা বর্ণনা করেছেন: যখন উক্ত যুবকটির গর্দান উড়িয়ে দেওয়া হয়, তখন তার ঐ দিয়তাটি তার কাছেই দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করছিল। তারপর সে তার প্রেমিকের উপর উপুড় হয়ে পড়ে এবং তাকে চুম্বন করতে করতে সেও সেখানে প্রাণ বিসর্জন দেয়।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ জুযায়মার জনৈক কবির কবিতা

📄 বনূ জুযায়মার জনৈক কবির কবিতা


ইবন ইসহাক বলেন: বনূ জুযায়মার জনৈক কবি বলেন:
جزى الله عنا مدلجا حيث اصبحت * جزائة بؤسى حيث سارت وحلت
মুদলিজ গোত্রের লোকজন যেখানেই প্রভাত করুক, যেখানেই মঞ্জিল করুক বা অবতরণ করুক, আমাদের পক্ষ থেকে আল্লাহ্ তাদের যেন কঠোর প্রতিদান দেন।
أقاموا على أقضاضنا يقسمونها * وقد نهلت فينا الرماح وعلت
তারা আমাদের তাবৎ ধন-সম্পদ জবর দখল করে নেয় এবং তা নিজেদের মধ্যে ভাগবণ্টন করে নেয়। তাদের বল্লম-বর্ণাসমূহ আমাদের মধ্যে তাদের তৃষ্ণা নিবারণ করেছে।
فو الله لو لا دين آل محمد * لقد هربت منهم خيول فشلت
আল্লাহ্র কসম! মুহাম্মদ (সা)-এর পরিবারের দীন না হলে, তাদের অশ্বারোহীদের প্রতিরোধ এমন কঠোরভাবে করা হতো যে, তাদের পালিয়ে বাঁচা দায় হতো।
وما ضرهم أن لا يعينوا كتيبة * كرجل جراد أرسلت فاشمعلت
তারা যে এমন বাহিনীকে সাহায্য করেনি যা ছিল সেই পতঙ্গপালের মতো যাদেরকে ছেড়ে দেয়া হয়েছে, আর তারা দিক-বিদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তা তাদের কোন ক্ষতি করেনি।
فات ما يشيبوا أو يشوبرا لامرهم * فلا نحن نجزيهم بما قد أضلت
হয় তাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠে, অথবা তারা তাদের নিজ নিজ কাজ থেকে ফিরে যায়। ফলে, তারা যে বিভ্রান্তি ছড়িয়েছে, তারও কোন প্রতিদান আমরা তাদের দেইনি।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ওহাবের জবাবী কবিতা

📄 ওহাবের জবাবী কবিতা


প্রত্যুত্তরে বনূ লায়স গোত্রের জনৈক ওহাব বলে উঠেন:
دعونا الى الاسلام والحق عامرا * فما ذنبنا في عامر اذ تولت
আমরা বনূ আমিরকে ইসলামের পানে দাওয়াত দিয়েছি, তারপর তারা যদি পৃষ্ঠ প্রদর্শন করে পালায়, তা হলে আমাদের কী অপরাধ?
وما ذنبنا في عامر لا أبا لهم * لان سفهت احلامهم ثم وضلت
বনূ আমিরের পিতার অমঙ্গল হোক, আমাদের কী অপরাধ—যদি তাদের জ্ঞানবুদ্ধি বিভ্রান্ত হয় ও তারা নির্বুদ্ধিতার শিকার হয়?
বনূ জুযায়মার এক ব্যক্তি তখন নিম্নের পংক্তিগুলো বলে:
ليهنئ بني كعب مقدم خالد * وأصحابه إذ صبحتنا الكتائب
খালিদের এবং তাঁর সহচরদের আগমন বনূ কা'বের জন্য মুবারক হোক! যখন অতি প্রত্যুষে তাঁর বাহিনীসমূহ এসে আমাদের উপর চড়াও হলো।
فلا ترة يسعى بها ابن خويلد * وقد كنت مكفيا لو انك غائب
তুমি যদি গায়েব হতে তা হলে এটাই তোমার জন্যে যথেষ্ট হতো তা হলে বৈরিতা চরিতার্থ করার এবং রক্তপাতের জন্যে বেচারা খালিদকে কোন প্রয়াসই চালাতে হতো না।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ জুযায়মার জনৈক পলাতিক বালকের কবিতা

📄 বনূ জুযায়মার জনৈক পলাতিক বালকের কবিতা


বনূ জুযায়মার জনৈক পলাতক যুবক যে তার মা ও দু'বোনকে নিয়ে খালিদের বাহিনীর কবল থেকে পালিয়ে যাচ্ছিলো সে যেতে যেতে বলে :
رخين أذيال المروط واربعن * مشى حيبات كأن لم يفزعن
ان تمنع اليوم نساء تمنعن
অর্থাৎ-"যে নারী এতকাল ছিল সুরক্ষিতা আজ যদি হারায় মান হয় উপেক্ষিতা
ঢিলা করে দাও তবে অবগুণ্ঠন চলো সে প্রাণবন্ত নারীর মতন
যাদের হয়নি করা ভয় প্রদর্শন।"

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00