📘 সিরাতে ইবন হিশাম > 📄 রাসূলুল্লাহ্ (সা) কর্তৃক আবু সুফিয়ানের আশ্রয় দানও তার ইসলাম গ্রহণ

📄 রাসূলুল্লাহ্ (সা) কর্তৃক আবু সুফিয়ানের আশ্রয় দানও তার ইসলাম গ্রহণ


তারপর রাসূলুল্লাহ্ (সা) বললেন: আব্বাস, একে আপনি আপনার তাঁবুতে নিয়ে যান। আগামী দিন সকালে একে আমার কাছে নিয়ে আসবেন!
আব্বাস (রা) বলেন: তারপর আমি তাকে আমার তাঁবুতে নিয়ে গেলাম। আমার কাছেই সে রাত্রিযাপন করলো। পরদিন প্রত্যুষে আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে হাযির হলাম। আবু সুফিয়ানকে দেখে রাসূলুল্লাহ্ (সা) বললেন: ধ্বংস হও, হে আবু সুফিয়ান! এখনো কি তোমার বোঝার সময় হয়নি যে, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই, সে বলল, আপনার প্রতি আমার মা-বাবা কুরবান হোন! আপনি কতনা ধৈর্যশীল, মহানুভব ও আত্মীয় বৎসল! আল্লাহর কসম, আমার এ প্রত্যয় জন্মেছে যে, আল্লাহর সঙ্গে সত্যিই যদি অপর কোন উপাস্য থাকতেনই, তা হলে এ অবস্থায় তিনি আমার কিছু না কিছু উপকার অবশ্যই করতেন।
রাসূলুল্লাহ্ (সা) আবার বললেন: আবু সুফিয়ান, এখনো কি তোমার এ কথাটি বুঝবার সময় হলো না যে, আমি আল্লাহ্র সত্য রাসূল?
জবাবে আবু সুফিয়ান বললেন: আমার বাপ-মা আপনার জন্যে কুরবান হোন! আপনি কতই না ধৈর্যশীল, মহানুভব ও আত্মীয় বৎসল! আল্লাহ্র কসম, এ ব্যাপারে অবশ্য এখনো আমার মনে কিছুটা খটকা রয়ে গেছে।
একথা শুনে আব্বাস (রা) বলে উঠলেন: দূর! তুমি এক্ষুণি ইসলাম গ্রহণ কর তো! তোমার গর্দানটা উড়িয়ে দেয়ার আগেই তুমি এমর্মে সাক্ষ্য দাও যে, আল্লাহ্ ব্যতীত কোন উপাস্য নেই এবং মুহাম্মদ (সা) আল্লাহ্র রাসূল!
আব্বাস (রা) বলেন: তখন আবু সুফিয়ান সত্যের সাক্ষ্য প্রদান করে ইসলাম গ্রহণ করে। আব্বাস (রা) বলেন: তখন আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আবু সুফিয়ান গৌরবপ্রিয় লোক, তাই আপনি তার জন্যে কোন বিশেষ ব্যবস্থা করুন! তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন: হ্যাঁ, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, সে নিরাপদ!
যে ব্যক্তি নিজের ঘরের দ্বার রুদ্ধ রাখবে সে নিরপদ !! • এবং যে ব্যক্তি মাসজিদুল হারামে প্রবেশ করবে, সেও নিরাপদ !!!

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ সুফিয়ানের সামনে সৈন্যদের মহড়া

📄 আবূ সুফিয়ানের সামনে সৈন্যদের মহড়া


তারপর যখন আবু সুফিয়ান চলে যাওয়ার জন্য রওনা হলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন: আব্বাস, গিরিপর্বতের নিকট উপত্যকার সঙ্কীর্ণ স্থানে একে একটু থামাবেন যাতে করে আল্লাহ্র সৈনিকরা সে পথে অতিক্রমকালে সে তাদেরকে এক নযর দেখতে পায়। আব্বাস (রা) বলেন: তারপর আমি বেরিয়ে পড়ি এবং রাসূলুল্লাহ্র আদেশ অনুসারে উপত্যকার সঙ্কীর্ণ স্থানে তাকে একটু থামাই।
আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব বলেন: তারপর এক একটি করে গোত্র আপন আপন পতাকা হস্তে পথ অতিক্রম করতে থাকে। যখনই কোন একটি গোত্র অতিক্রম করছিল, তখনই আবূ সুফিয়ান জিজ্ঞাসা করছিল: এরা কারা আব্বাস? আর জবাবে আমি বলছিলাম: এঁরা হচ্ছে সুলায়ম গোত্র! তখন সে বলছিল সুলায়মের সঙ্গে আমার কী সম্পর্ক! তারপর আরেকটি গোত্র অতিক্রম করলে সে আবার জিজ্ঞাসা করলো আব্বাস! এরা কারা? আমি বললাম: এরা হচ্ছে মুযায়না গোত্র। সে বলে উঠে মুযায়না দিয়ে আমার কী কাজ? এভাবে একে একে সবক'টি গোত্র অতিক্রম করছিল, তখনই সে আমাকে জিজ্ঞাসা করছিল যে, এদের কী পরিচয়? আর আমার থেকে তাদের পরিচয় পেয়ে সে বলছিল এদের সাথে আমার কী সম্পর্ক? অবশেষে সবুজ বাহিনী পরিবেষ্টিত হয়ে স্বয়ং রাসূলুল্লাহ (সা) অতিক্রম করলেন। ইবন হিশাম বলেন: তাঁদের দেহস্থিত বিপুল লৌহবর্ম এবং রমরমা ভাবের জন্যে তাঁদেরকে 'সবুজ বাহিনী' বলে অভিহিত করা হয়।
ইবন ইসহাক বলেন: এ বাহিনীতে মুহাজির এবং আনসার সাহাবিগণ ছিলেন। তাঁদের সকলেই লৌহবর্ম পরিহিত ছিলেন। তা লক্ষ্য করে আবু সুফিয়ান বলে উঠলেন: সুবহানাল্লাহ্! এরা কারা হে আব্বাস? তিনি বলেন: আমি তখন বললাম: মুহাজির ও আনসার পরিবেষ্টিত আল্লাহর রাসূল! আবু সুফিয়ান বললেন: আল্লাহর কসম! আজ এমন কোন শক্তি নেই যারা এদের মুকাবিলা করতে পারে! তোমার ভাতিজার রাজত্ব তো দেখছি বিশাল আকার ধারণ করেছে, হে আব্বাস! আমি বললাম এ হচ্ছে নবৃওয়াতের শান, হে আবু সুফিয়ান। এটা রাজত্বের বহিঃপ্রকাশ নয়। সে বললো হ্যাঁ, তুমি যথার্থই বলেছো।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ সুফিয়ানের প্রত্যাবর্তন

📄 আবূ সুফিয়ানের প্রত্যাবর্তন


আব্বাস (রা) বলেন: তখন আমি বললাম, এবার তুমি জলদি তোমার সম্প্রদায়ের কাছে চলে যাও। আবু সুফিয়ান সে মতে তার সম্প্রদায়ের লোকজনের নিকট উপস্থিত হয়ে উচ্চৈঃস্বরে ঘোষণা করলো:
"হে কুরায়শকুল! এই যে মুহাম্মদ তোমাদের মাথার উপর এসে পড়েছেন। তাঁর মুকাবিলা করার শক্তি তোমাদের নেই। সুতরাং যে আবূ সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ!" তার একথা শুনে উতবা তনয়া হিন্দা উঠে দাঁড়াল এবং তার কাছে এসে তার গোঁফ ধরে বললো : اقتلوا الحميت الدسم الاحمس
তোমরা মেরে ফেল! বড় মন্দ নেতা সে। আবু সুফিয়ান বললো: সর্বনাশ হোক্ তোমাদের! এর কথায় তোমরা বিভ্রান্তি হয়ো না! তোমাদের মধ্যে এমন এক মহাশক্তির আগমন ঘটেছে, যার মুকাবিলা করার সাধ্য তোমাদের নেই। যে কেউ আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, সে নিরাপদ!
লোকেরা বলে উঠলো: "আল্লাহ্ তোমাকে ধ্বংস করুন! তোমার ঘর আমাদের কী কাজে আসবে? আর ক'জন লোকেরই বা তোমার ঘরে সংকুলান হবে?" তখন, আবু সুফিয়ান বললো: "যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে, সেও নিরাপদ! আর যে ব্যক্তি মসজিদে (হারাম) প্রবেশ করবে, সেও নিরাপদ !!"
এ ঘোষণা শুনে জনতা ছত্রভঙ্গ হয়ে আপন আপন ঘর ও মসজিদের দিকে ছুটে যায়।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 রাসূলুল্লাহ্ (সা) যী-তোয়ায়

📄 রাসূলুল্লাহ্ (সা) যী-তোয়ায়


ইন ইসহাক বলেন: আবদুল্লাহ্ ইব্‌ন আবু বকর আমার নিকট বর্ণনা করেন রাসূলুল্লাহ্ (সা) যী-তোয়ায় পৌঁছে বাহনের উপর বসা অবস্থায়ই থেমে যান। তখন তাঁর পাগড়ীটি শ্যামলা ছিল না, ববং তা' ছিল লোহিত বর্ণের ইয়ামনী চাদরের। আল্লাহ্ তা'আলা তাঁকে জয়যুক্ত করায় আল্লাহর প্রতি বিনয়াবনত হয়ে তিনি মাথা এতই ঝুঁকিয়ে বসেন যে, তাঁর দাড়ি মুবারক একেবারে হাওদার সঙ্গে ঠেকে যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00