📘 সিরাতে ইবন হিশাম 📄 রাসূলুল্লাহ্ (সা)-এর মক্কা থেকে বের হয়ে যাওয়ার জন্য কুরায়শদের চাপ

📄 রাসূলুল্লাহ্ (সা)-এর মক্কা থেকে বের হয়ে যাওয়ার জন্য কুরায়শদের চাপ


ইবন ইসহাক বলেন: রাসূলুল্লাহ্ (সা) মক্কায় তিন দিন অবস্থান করেন। চতুর্থ দিন সকালে কুরায়শদের কতিপয় নেতা যথা—সুহায়ল ইব্‌ন আমর, হুওয়ায়তিব ইব্‌ন আবদুল উযযা প্রমুখ তাঁর কাছে হাযির হন। ইতোপূর্বে কুরায়শ সরদারগণ তাদের একত্রিত করেছিলেন। তারা এসে রাসূলুল্লাহ্ (সা)-কে বললো: এবার আপনার সময় সীমা শেষ হয়ে গেছে। সুতরাং আমাদের এখান থেকে চলে যান। তখন রাসূলুল্লাহ্ (সা) তাঁদের বললেন: আর সামান্য সময় যদি আমাকে এখানে থাকতে দিতে, যাতে আমি তোমাদের মধ্যে বিবাহ করে নেই এবং তোমাদের জন্যে আমরা খানা-পিনার আয়োজন করি, তা হলে তোমাদের এমন কী অসুবিধা হতো। তখন তারা বললো: আপনার খানা-পিনার কোন প্রয়োজন আমাদের নেই, আপনি আমাদের এখান থেকে চলে যান।
তখন রাসূলুল্লাহ্ (সা) চলে যাওয়ার হুকুম দিলেন এবং সঙ্গে সঙ্গে লোকজনও বেরিয়ে পড়লো। তিনি তাঁর আযাদকৃত গোলাম আবূ রাফি'কে আগে পাঠিয়ে দিলেন। তিনি মায়মূনা (রা)-কে সাথে নিয়ে সারিক নামক স্থানে গিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে মিলিত হলেন এবং রাসূলুল্লাহ্ (সা) সেখানে তাঁর সাথে বাসর উদযাপন করেন। তারপর রাসূলুল্লাহ্ (সা) সেখান থেকে যাত্রা করেন। এমন কি শেষ পর্যন্ত তিনি মদীনায় এসে উপনীত হন।

📘 সিরাতে ইবন হিশাম 📄 উমরাতুল কথা সম্পর্কে নাযিলকৃত কুরআনের আয়াত

📄 উমরাতুল কথা সম্পর্কে নাযিলকৃত কুরআনের আয়াত


আমার নিকট ইয়াহইয়া ইব্‌ন আব্বাদ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন যুবায়র তাঁর পিতার সূত্রে আব্বাদ আমার নিকট বর্ণনা করেন। তিনি বলেন: উমরাতুল কাযা সম্পর্কেই আল্লাহ্ তা'আলা নাযিল করেন:
الشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمَاتُ قِصَاصٌ
“হারাম মাস হারাম মাসেরই অনুরূপ, আর পবিত্র বিষয়সমূহ পরস্পরের জন্যে সমান। (২ : ১৯৪)
অর্থাৎ রাসূলুল্লাহ্ (সা) তোমাদেরকে হারাম মাসে প্রবেশ করার অধিকার দিয়েছেন; যেমনটি তোমরাও তাঁকে হারাম মাসে প্রবেশ করতে বাধা দিয়েছিলে। অতঃপর তোমরা পরস্পর সমান সমান হলে।

ফন্ট সাইজ
15px
17px