📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ জুন্দল ইব্‌ন সুহায়লের ঘটনা

📄 আবূ জুন্দল ইব্‌ন সুহায়লের ঘটনা


রাসূলুল্লাহ্ (সা) যখন সুহায়ল ইব্‌ন আমরকে নিয়ে সন্ধিপত্র লেখানোর কাজে ব্যস্ত, এমনি সময় সুহায়লের পুত্র আবূ জন্দল শিকল পরিহিত অবস্থায় এসে পৌঁছলেন এবং তাঁর রাসূলুল্লাহ্ (সা)-এর নিকটে পৌঁছবার সুযোগ হলো।
রাসূলুল্লাহ্ (সা) যেহেতু ইতিপূর্বে মক্কা বিজয়ের বিষয়টি স্বপ্নে দেখেছিলেন, তাই সফরে বের হওয়ার সময় সাহাবীদের মনে বিজয় সম্পর্কে কোন দ্বিধাদ্বন্দু ছিল না। তারপর যখন তারা সন্ধি ও প্রত্যাবর্তন লক্ষ্য করলেন এবং ব্যাপারটি রাসূলুল্লাহ্ (সা)-এর জন্য কত কষ্টকর হয়েছে তাও তারা অবলোকন করলেন, তখন তাঁদের অস্থিরতার অন্ত ছিল না। অন্তর্জালায় তাঁরা তখন জ্বলে পুড়ে শেষ হচ্ছিলেন।
সুহায়ল যখন আবূ জন্দলকে দেখতে পেলো, তখন সে তার নিকটবর্তী হল এবং সজোরে তাঁকে চপেটাঘাত করলো এবং জোরে তার গলা চেপে ধরলো। তারপর বলল: হে মুহাম্মদ! তোমার ও আমার মধ্যে সন্ধি চূড়ান্ত হয়ে গেছে। তারপরেই কিন্তু এর আগমন হয়েছে।
জবাবে রাসূলুল্লাহ্ (সা) বললেন: তুমি যথার্থই বলেছো। তারপর সুহায়ল আবূ জন্দলকে টানা হেঁচড়া শুরু করে দিল যাতে সে তাঁকে কুরায়শদের মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারে। তখন আবূ জন্দল উচ্চৈঃস্বরে চীৎকার করে বলতে লাগলেন:
يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ أَأَرَدُّ إِلَى الْمُشْرِكِينَ يَفْتَنُونِي فِي دِينِي ؟
হে মুসলিম সম্প্রদায়! আমাকে কি মুশরিকদের হাতে পুনরায় তুলে দেওয়া হবে, আর তারা আমার দীন বরবাদ করবে?
এতে মুসলমানদের মর্মপীড়া আরো বৃদ্ধি পেলো। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন:
یا ابا جندل فاصبر واحتسب فان الله جاعل لك ولمن معك من المستضعفين فرجا و مخرجا وانا قد عقدنا بيننا وبين القوم صلحا واعطيناهم على ذلك واعطونا عهد الله وانا. لانغدر بهم .
হে আবূ জন্দল। ধৈর্যধারণ কর এবং বিনিময়ে সওয়াবের আশা রাখ, নিশ্চয়ই আল্লাহ্ তোমার এবং তোমার দুর্বল মুসলমান সাথীদের জন্যে নিষ্কৃতির বন্দোবস্ত করে দেবেন। আমাদের এবং ঐ সম্প্রদায়ের মধ্যে একটি চুক্তির বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। আর এ ব্যাপারে আমরা এবং তারা আল্লাহর নামে পরস্পরে প্রতিশ্রুতি দিয়েছি, আর এ ব্যাপারে আমি বিশ্বাস ভঙ্গ করতে চাই না।
রাবী বলেন: এ সময় উমর ইবন খাত্তাব (রা) লাফ দিয়ে আবূ জন্দলের কাছে গেলেন এবং বললেন: সবর করো, হে আবু জন্দল! এরা হচ্ছে অংশীবাদী পৌত্তলিক। এদের রক্ত তো কুকুরের রক্তের মত। এ বলে তিনি তরবারির হাতল তাঁর নিকটবর্তী করে দিলেন।
রাবী বলেন: পরবর্তীকালে উমর (রা) বলতেন, আমার আশা ছিল, আবূ জন্দল তলোয়ার ধরবে এবং তার পিতার ভবলীলা সাঙ্গ করবে, কিন্তু সে ব্যক্তি তার পিতার দিকেই খেয়াল করলো, আর এভাবে সন্ধির কার্যকারিতা শুরু হলো।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সন্ধির সাক্ষিগণ

📄 সন্ধির সাক্ষিগণ


রাসূলুল্লাহ্ (সা) যখন সন্ধিপত্র লেখানো থেকে নিষ্ক্রান্ত হলেন, তখন তিনি কয়েকজন মুসলমান ও কয়েকজন মুশরিককেও সন্ধির সাক্ষী বানিয়ে রাখলেন। তাঁরা হলেন: ১. আবু বকর সিদ্দীক (রা) ২. উমর ইব্‌ন খাত্তাব (রা) ৩. আবদুর রহমান ইব্‌ন আওফ (রা) ৪. আবদুল্লাহ্ ইব্‌ন সুহায়ল ইব্‌ন আমর (রা) ৫. সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) ৬. মাহমুদ ইবন মাসলামা (রা) ৭. মিকরায ইব্‌ন হাফস—তিনি তখনো মুশরিক ছিলেন। ৮. আলী ইব্‌ন আবু তালিব (রা) সন্ধিপত্রটি আলী (রা)-ই লিখেছিলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কুরবানীর উট যবাই

📄 কুরবানীর উট যবাই


ইবন ইসহাক বলেন: রাসূলুল্লাহ্ (সা)-এর তাঁবু হিল্ল' তথা হেরেম সীমার বাইরে ছিল। কিন্তু তিনি সালাত আদায় করতেন হেরেম সীমানার মধ্যে। সন্ধিপত্র স্বাক্ষরের পর তিনি কুরবানীর উটসমূহের কাছে যান এবং সেগুলো যবাই করেন। তারপর বসে মাথা মুণ্ডন করালেন। সেদিন তাঁর মস্তক যিনি মুণ্ডন করেছিলেন, আমার জানামতে তিনি ছিলেন খারাশ ইবন উমাইয়া ইব্‌ন ফযল খুযায়ী। লোকে যখন লক্ষ্য করলো যে, রাসূলুল্লাহ্ (সা) উট যবাই করে মস্তক মুণ্ডন করে ফেলেছেন, তখন তারাও দ্রুত এগিয়ে তাদের উটসমূহ যবাই করলো এবং মস্তক মুণ্ডন করতে লাগলো।
ইবন ইসহাক বলেন: আমার নিকট আবদুল্লাহ্ আবূ নুজায়হ্-মুজাহিদ সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : হুদায়বিয়ার দিনে অনেকে মস্তক মুণ্ডন করেন, আবার অনেকে তাদের চুল খাটো করেন। তখন রাসূলুল্লাহ্ (সা) বলেন :
يَرْحَمُ اللهُ الْمُخَلَّقِينَ - আল্লাহ্ হলককারীদের প্রতি রহমত বর্ষণ করুন।
তখন তাঁরা বললেন :
وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ ؟ আর কসরকারীদের প্রতি নয়, ইয়া রাসূলাল্লাহ্ ?
তিনি পুনরায় বললেন :
يَرْحَمُ اللهُ المُخَلقِينَ - আল্লাহ্ তা'আলা হলককারীদের প্রতি রহমত বর্ষণ করুন।
তাঁরা বললেন :
وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ এবং কসরকারীদের প্রতিও নয়, ইয়া রাসূলাল্লাহ্ ?
তিনি পুনরায় বললেন :
يَرْحَمُ اللهُ المُحَلِّقِينَ আল্লাহ্ হলককারীদের প্রতি রহমত বর্ষণ করুন!
তখন তিনি আরো বললেন :
والمُقَصِّرِينَ এবং কসরকারীদের প্রতিও।
তখন তাঁরা বললেন: ইয়া রাসূলাল্লাহ্! কসরকারীদের প্রতি রহমতের উপর জোর না দিয়ে হলককারীদের প্রতি রহমতের উপর এত জোর দিলেন কেন? বললেন: এজন্যে যে তারা একটুও দ্বিধা করেনি।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 নাকে রূপার আংটা লাগানো উট

📄 নাকে রূপার আংটা লাগানো উট


আবদুল্লাহ্ ইব্‌ন আবূ নুজায়হ বলেন: আমার নিকট মুজাহিদ আবদুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) হুদায়বিয়ার দিন যে সব উট কুরবানী করেন, তার মধ্যে একটি ছিল আবু জাহেলের উট; যার নাকে একটি রূপার আংটা লাগানো ছিল। মুশরিকদের মর্মপীড়া বৃদ্ধি জন্যে এ ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00