📄 ভুলক্রমে ই সুবাবা (রা)-এর শাহাদত লাভ
মুসলমানদের মধ্যকার কল্প ইব্ন আওফ ইব্ন আমির ইব্ লায়স ইব্ বক্র গোত্রের এক ব্যক্তি যাকে হিশাম ইব্ন সুবাবা নামে অভিহিত করা হতো তিনি শহীদ হন। উবাদা ইব্ন সামিতের দলের জনৈক আনসার তাঁকে শত্রু মনে করে ভুলবশত তাঁকে হত্যা করেন।
📄 আনসার ও মুহাজিরদের কলহ
রাসূলুল্লাহ্ (সা) যখন মুরায়সিয়া জলাশয়ের নিকট অবস্থান করছিলেন, তখন একটি দুর্ঘটনা ঘটে যায়। উমর ইব্ন খাত্তার (রা)-এর সংগে ছিল তাঁর একজন গিফার গোত্রের কর্মচারী। তাঁকে জাহ্জাহ্ ইবন মাসউদ নামে অভিহিত করা হতো। এ ব্যক্তি তাঁর ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছিল। জলাশয়ের কাছে গেলে এই জাহ্জাহ্ এবং সিনান ইব্ন ওবর জুহানির মধ্যে কলহের সূত্রপাত হয়। এ ব্যক্তিটি ছিলেন বনূ আওফের সাথে চুক্তিবদ্ধ মিত্র। শেষ পর্যন্ত উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। জুহানী হে আনসার সম্প্রদায়! বলে আনসারদের এবং জাহ্জ্জাহ্ হে মুহাজির সম্প্রদায়! বলে মুহাজিরদের সাহায্যার্থে আহ্বান জানায়।
📄 আবদুল্লাহ্ ইবন উবায়ের তৎপরতা
আবদুল্লাহ্ ইব্ন উবায় ইবন সালুল ক্রুদ্ধ হয়ে উঠে। তার কাছে তখন যায়দ ইব্ন আরকামসহ তার সম্প্রদায়ের কতিপয় ব্যক্তি উপস্থিত ছিলেন। যায়দ বয়সে ছিলেন তরুণ।
ইবন উবায় তখন বলে উঠলোঃ ওরা এমনটি করলো? তারা আমাদের মধ্যে পারস্পরিক ঘৃণা সৃষ্টি করে আমাদেরই দেশে, আমাদেরই উপর মাতব্বরী ফলাচ্ছে। আল্লাহ্র কসম! এ কুরায়শ ইতরদের লাই দিয়ে আমরা পূর্ববর্তী মুরুব্বীদের ঐ প্রবাদ বাক্যের মতই কাজ করেছি, যাতে তারা বলতেন:
سمن كَلبَكَ يَأْكُلك
"তুমি তোমার কুকুরকে খাইয়ে-দাইয়ে মোটা-তাজা কর যেন সে তোমাকেই শেষে পর্যন্ত খায়।"
"আল্লাহ্র কসম! এবার মদীনায় যদি ফিরে যাই, তবে আমাদের মধ্যকার সম্মানিতরা অপদস্থ ইতরদের অবশ্যই সেখানে থেকে বের করে দেবে।" তারপর তার সম্প্রদায়ের যে লোকজন সেখানে উপস্থিত ছিল, তাদেরকে লক্ষ্য করে সে বলল:
"তোমরা নিজেদের জন্য যা করেছ, এটা হচ্ছে তারই ফলশ্রুতি। তোমরা তাদেরকে নিজেদের দেশে স্থান দিয়েছ, তোমাদের ধন-সম্পদে তাদের ভাগ দিয়েছ। আল্লাহর কসম! যদি তোমরা তোমাদের হাতে যা রয়েছে, তা তাদের প্রদানে বিরত থাকো, তা হলে তারা তোমাদের দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে।"
📄 ইবন উবায়ের মুনাফিকী
যায়দ ইব্ন আরকাম তা শুনতে পেলেন এবং রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে এসে তা বর্ণনা করলেন। এটা তখনকার কথা, যখন রাসূলুল্লাহ্ (সা) শত্রুদের ব্যাপার সামাল দিয়ে এসেছেন। যায়দ যখন তাঁকে এ সংবাদটি দিলেন, তখন উমর ইব্ন খাত্তাব (রা) তাঁর নিকটে ছিলেন। তিনি বললেন: আব্বাদ ইন্ন বিশ্রকে তাকে হত্যার নির্দেশ দেন। তখন রাসূলুল্লাহ্ (সা) তাঁকে বললেন: লোকে যখন বলাবলি করবে, মুহাম্মদ তার সঙ্গীদের হত্যা করে থাকেন, তখন কেমন হবে, হে উমর? তা হতে দেওয়া যায় না, বরং এখন শিবির তুলে যাত্রা করার কথা ঘোষণা করে দাও। কিন্তু এটা ছিল দিনের এমন একটি সময়, যখন রাসূলুল্লাহ্ (সা) সাধারণত যাত্রা শুরু করতেন না। এ ঘোষণার পর লোকেরা যাত্রা করার জন্য তৈরি হলো।