📘 সিরাতে ইবন হিশাম > 📄 শহীদদের জানাযার সালাত আদায় প্রসংগে

📄 শহীদদের জানাযার সালাত আদায় প্রসংগে


ইব্‌ন ইসহাক বলেন: যার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই, এমন এক ব্যক্তি আমার কাছে আবদুল্লাহ্ ইব্‌ন হারিছের আযাদকৃত গোলাম মিকসাম সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সা)-এর নির্দেশে হামযা (রা)-কে একটি চাদরে মুড়িয়ে দেওয়া হলো। তারপর তিনি তাঁর জানাযার সালাত আদায় করলেন। এতে তিনি সাতটি তাকবীর বললেন। তারপর অন্যান্য শহীদদের এনে একের পর এক হামযা (রা)-এর পাশে রাখা হলো, আর রাসূলুল্লাহ্ (সা) তাঁদের জানাযার সালাত আদায় করতে থাকলেন। সাথে হামযা (রা)-এর জানাযার সালাতও আদায় হতে লাগলো। এভাবে রাসূলুল্লাহ্ (সা) হামযা (রা)-এর উপর বাহাত্তরবার জানাযার সালাত আদায় করলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সুফিয়া (রা)-এর দুঃখ বেদনা

📄 সুফিয়া (রা)-এর দুঃখ বেদনা


ইবন ইসহাক বলেন: আমি এ তথ্য পেয়েছি যে, সুফিয়া বিন্ত আবদুল মুত্তালিব হামযা (রা)-কে দেখার জন্য অগ্রসর হলেন, তিনি পিতা-মাতা উভয় দিক থেকে তাঁর আপন ভাই ছিলেন। রাসূলুল্লাহ্ (সা) তাঁর ছেলে যুবায়র ইব্‌ন আওয়াম (রা)-কে বললেন: তুমি সুফিয়াকে গিয়ে বাঁধা দাও। তাঁর ভাইয়ের এ দুরাবস্থা যেন তিনি না দেখেন। যুবায়র ইব্‌ন আওয়াম (রা) তাঁকে গিয়ে বললেন: আম্মা! রাসূলুল্লাহ্ (সা) আপনাকে ফিরে যেতে বলেছেন। সুফিয়া (রা) জিজ্ঞাসা করলেন: কেন? শুনেছি আমার ভাই (হামযা)-এর মুছলাহ করা হয়েছে। এসব আল্লাহ্ পথে হয়েছে। যা কিছু ঘটেছে আল্লাহ্ আমাদেরকে তার উপর সন্তুষ্ট থাকার তাওফীক দান করেছেন। আল্লাহ্ চাহে ত আমি সওয়াবের আশা করবো এবং ধৈর্যধারণ করবো।
যুবায়র (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে এসে এ খবর তাঁকে জানালেন। তখন তিনি বললেন: আচ্ছা তাকে আসতে দাও। সুফিয়া (রা) এসে তাঁকে দেখলেন এবং তার জানাযার সালাত আদায় করলেন; আর اِنَّا لِلّٰهِ وَاِنَّآ اِلَيْهِ رَاجِعُوْنَ পড়ে তাঁর মাগফিরাতের জন্য দু'আ করলেন। তারপর রাসূলুল্লাহ্ (সা) নির্দেশে তাঁকে দাফন করা হলো।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 শহীদদের দাফন প্রসংগে

📄 শহীদদের দাফন প্রসংগে


ইবন ইসহাক বলেন: আবদুল্লাহ্ ইব্‌ন জাহ্শের লোকেরা আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) আবদুল্লাহ্ ইব্‌ন জাহ্শ (রা)-কে হামযা (রা)-এর সংগে একই কবরে দাফন করেন। তিনি ছিলেন উমায়মা বিন্ত আবদুল মুত্তালিবের ছেলে, (আর উমায়মা ছিলেন হামযা (রা)-এর বোন, এই হিসাবে) হামযা (রা) ছিলেন তাঁর মামা। হামযা (রা)-এর মত আবদুল্লাহ (রা)-কেও মুছলাহ করা হয়েছিল। তবে তাঁর পেট ফেড়ে কলিজা বের করা হয়নি। আমি এই বর্ণনা আবদুল্লাহ্ (রা)-এর পরিবারস্থ লোক ছাড়া আর কারো কাছে শুনিনি।
ইন্ন ইসহাক বলেন: মুসলমানরা কতক শহীদকে বহন করে নিয়ে মদীনায় দাফন করেন। এরপর রাসূলুল্লাহ্ (সা) অবশিষ্ট লাশ মদীনায় নিয়ে যেতে নিষেধ করে বলেন: তারা যেখানে শহীদ হয়েছে সেখানেই তাদের দাফন কর।
ইবন ইসহাক বলেন: আমার কাছে মুহাম্মদ ইব্‌ন মুসলিম যুহরী, বনূ যুহার মিত্র আবদুল্লাহ্ ইব্‌ন ছা'লাবা ইব্‌ন সুআইর উযরী থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) উহুদের শহীদদের লক্ষ্য করে বললেন: আমি এদের সকলের ব্যাপারে সাক্ষী। নিঃসন্দেহে আল্লাহর পথে যে আহত হয় আল্লাহ্ তা'আলা তাকে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠাবেন যে, তার জখম থেকে রক্ত ঝরতে থাকবে, যার রং হবে রক্তের কিন্তু ঘ্রাণ হবে মিশকের। তোমরা লক্ষ্য কর, এদের মধ্যে কে অধিক কুরআন হিফ্যকারী। তাকে সকলের আগে কবরে রাখো। তাঁরা একই কবরে দু'জন, তিনজন করে দাফন করতে লাগলেন।
ইন্ন ইসহাক বলেন: আমার চাচা মূসা ইব্‌ন ইয়াসার আমার কাছে বর্ণনা করেছেন যে, তিনি আবূ হুরায়রা (রা)-কে বলতে শুনেছেন যে, আবুল কাসিম (সা) বলেছেন: আল্লাহর পথে যে কোন ব্যক্তি আহত হয়, আল্লাহ্ তা'আলা তাকে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠাবেন যে, তার যখম থেকে রক্ত ঝরতে থাকবে। যার রং হবে রক্তেরই কিন্তু ঘ্রাণ হবে মিশকের।
ইন্ন ইসহাক বলেন: আমার আব্বা ইসহাক ইব্‌ন ইয়াসার বনূ সালামার কতক শায়েখের কাছ থেকে আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) সেদিন শহীদদের দাফন করার নির্দেশ দেওয়ার সময় বলেছিলেন, আমার ইবন জামূহ ও আবদুল্লাহ্ ইব্‌ন আমর ইবন হারামের প্রতি লক্ষ্য রাখ। দুনিয়াতে এদের পরস্পরের সম্পর্ক ছিল আন্তরকিতাপূর্ণ। সুতরাং এদের একই কবরে দাফন কর।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হামনা (রা)-এর শোক

📄 হামনা (রা)-এর শোক


ইবন ইসহাক বলেন: আমি এ তথ্য পেয়েছি যে, রাসূলুল্লাহ্ (সা) মদীনায় ফিরার পথে হামনা বিন্ত জাহ্শ নাম্নী এক মহিলা তাঁর সংগে সাক্ষাৎ করলেন। লোকেরা তাঁকে তাঁর ভাই এর মৃত্যুর সংবাদ শোনালো। তখন তিনি إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ পড়ে তাঁর জন্য মাগফিরাত চাইলেন। তারপর তাঁকে তাঁর মামা হামযা (রা)-এর মৃত্যুর সংবাদ শুনানো হলো। তখনও তিনি إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ পড়ে তাঁর জন্য ইস্তিগফার করলেন। তারপর তাঁর স্বামী মুস'আব ইবন উমায়ের (রা)-এর মৃত্যুর সংবাদ শুনানো হলো তখন তিনি চীৎকার করে কাঁদতে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ্ (সা) তাঁকে ভাই ও মামার মৃত্যু সংবাদে অবিচলিত এবং স্বামীর মৃত্যু সংবাদে চীৎকার করতে দেখে বললেন: মহিলাদের অন্তরে তাদের স্বামীদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00