📘 সিরাতে ইবন হিশাম > 📄 আঘাত পর আঘাত

📄 আঘাত পর আঘাত


ইব্‌ন হিশাম বলেন: রুবায়হ ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আবু সাঈদ খুদরী (রা) তার পিতা থেকে, তিনি আবু সাঈদ খুদরী (রা) থেকে এ তথ্য বর্ণনা করেছেন যে, উতবা ইব্‌ন আবু ওয়াক্কাস সেদিন রাসূলুল্লাহ্ (সা)-এর উপর পাথর নিক্ষেপ করে তার সামনের ডান দিকের নীচের দাঁত ভেঙ্গে দেয় এবং নীচের ঠোঁট যখমী করে দেয়, আবদুল্লাহ্ ইব্‌ন শিহাব যুহরী তার ললাট যখমী করে দেয়, আর ইব্‌ন কামিয়া তাঁর পবিত্র চেহারার উপরিঅংশ এমনভাবে আঘাত করে যে, তাঁর শিরস্ত্রাণের দু'টি কড়া মাথার ভিতরে ঢুকে যায় এবং তিনি একটি গর্তে পড়ে যান, এই গর্তটি আবু আমির নামক জনৈক ব্যক্তি খনন করেছিল, যাতে মুসলমানরা না জেনে তার মধ্যে পড়ে। এ সময় আলী ইব্‌ন আবূ তালিব (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর হাত ধরেন, তালহা ইব্‌ন উবায়দুল্লাহ (রা) তাঁকে ভর দিয়ে উঠান এবং সোজা দাঁড়া করিয়ে দেন। আবু সাঈদ খুদরী (রা)-এর পিতা মালিক ইবন সিনান (রা) তার চেহারা থেকে রক্ত চুষে গিলে ফেলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) বলেন:
مَنْ مَسَّ دَمِي دَمَهُ لَمْ تُصِبْهُ النَّارُ
আমার রক্ত যার রক্তের সাথে মিশেছে, দোজখের আগুন তাকে স্পর্শ করবে না।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 জীবন্ত শহীদ

📄 জীবন্ত শহীদ


ইব্‌ন হিশাম বলেন, আবদুল আযীয ইব্‌ন মুহাম্মদ দারাওয়ারদী (র) বলেন, নবী করীম (সা) বলেছেন:
مَنْ أَحَبُّ أَنْ يَنْظُرَ إِلَى شَهِيدٌ يَمْشِي عَلَى وَجْهِ الْأَرْضِ فَلْيَنْظُرْ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ -
যে ব্যক্তি ভূপৃষ্ঠে বিচরণকারী শহীদকে দেখতে চায়, সে যেন তালহা ইব্‌ন উবায়দুল্লাহকে দেখে।
আবদুল আযীয দারাওয়ারদী আরও বর্ণনা করেছেন: ইসহাক ইব্‌ন ইয়াহ্ইয়া ইব্‌ন তালহা, ঈসা ইবন তালহা থেকে, তিনি আয়েশা (রা)-এর সূত্রে আবু বকর সিদ্দীক (রা) থেকে বর্ণনা করেন যে, আবূ উবায়দা ইব্‌ন জারাহ রাসূলুল্লাহ্ (সা)-এর চেহারা থেকে দু'টি কড়ার একটি টেনে বের করার সাথে সাথে তাঁর সামনের দিকে একটি দাঁত পড়ে যায়। তারপর তিনি অন্য কড়াটি বের করেন, তখন তার সামনের আরেকটি দাঁত পড়ে যায়। এভাবে তার দু'টি দাঁত পড়ে গিয়েছিল।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাসান ইবন সাবিত (রা)-এর কবিতা

📄 হাসান ইবন সাবিত (রা)-এর কবিতা


ইব্‌ন ইসহাক বলেন: হাসান ইব্‌ন সাবিত (রা) উতবা ইব্‌ন আবূ ওয়াক্কাসকে লক্ষ্য করে বলেন :
إِذَا الله جَازَى مُعْشَراً بِفِعَالِهِم * وَضَرَّهُمُ الرحمنُ رَبُّ الْمَشَارِقِ
فَاخْزَاكَ رَبِّى يَا عُتَيْبُ بْنَ مَالِكِ * وَلَقَاكَ قَبْلَ الْمَوْتِ اِحْدَى الصَّوَاعِقِ
بَسَطْتَ يَمِينَا لِلنَّبِىِّ تَعَمُّداً * فَأَدْمَيْتَ فَاَهُ، قَطَّعْتَ بِالْبَوَارِقِ
فَهَلَّا ذَكَرْتَ الله وَالْمَنْزِلَ الَّذِى * تَصِيرُ اِلَيْهِ عِنْدَ إِحْدَى الْبَوَائِقِ
যখন আল্লাহ্ তা'আলা কোন গুমরাহ শ্রেণীকে তাদের কৃতকর্মের জন্য শাস্তির ফয়সালা শুনান এবং যখন মাশরিকের রব রহমান তাদের অনিষ্টের মধ্যে ফেলেন,
সে সময় হে উতবা ইব্‌ন মালিক! আমার রব তোমাকে দারুণভাবে লাঞ্ছিত করুন এবং মৃত্যুর আগেই তোমার কোন না কোন বজ্রাঘাতের সাথে সাক্ষাৎ ঘটিয়ে দিন।
স্বেচ্ছায় তুমি নবী (সা)-এর উপর হাত উঠিয়েছ এবং তার পবিত্র চেহারা রক্তাক্ত করেছ, আল্লাহ্ করুন! তোমার হাত যেন তরবারি দিয়ে টুকরা টুকরা করা হয়।
তোমার কি আল্লাহ্র এবং সেই স্থানের কথা স্মরণ হয়নি, যে দিকে তোমাকে এক কঠিন বিপদের মুহূর্তে ফিরে যেতে হবে।
ইব্‌ন হিশাম বলেন: আমি এই কবিতার দুটি লাইন ছেড়ে দিয়েছি, যাতে তিনি খারাপ ভাষা ব্যবহার করেছেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ইবন সাকানের আত্মত্যাগ

📄 ইবন সাকানের আত্মত্যাগ


ইব্‌ন ইসহাক বলেন: হুসায়ন ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আমর ইব্‌ন সা'দ ইব্‌ন মাআয মাহমূদ ইব্‌ন আমর থেকে আমার কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন: যখন শত্রুরা রাসূলুল্লাহ্ (সা)-কে ঘিরে ফেলে, তখন তিনি বলেন: কে আছো, যে আমার জন্য তার জীবন বিক্রি করবে? এ কথা শুনে যিয়াদ ইব্‌ন সাকান (কারো কারো মতে তিনি উমারা ইব্‌ন ইয়াযীদ ইব্‌ন সাকান) পাঁচজন আনসার সাহাবীকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। এঁরা রাসূলুল্লাহ্ (সা)-কে রক্ষা করতে গিয়ে একের পর এক শহীদ হয়ে যান। তাদের মধ্যে সর্বশেষ ব্যক্তি ছিলেন যিয়াদ (রা) কিংবা আম্মারা (রা)। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে থাকেন, যতক্ষণ না আঘাতে জর্জরিত হয়ে এক স্থান পড়ে যান। এরপর مسلمانوں একটি দল দাঁড়িয়ে যায় এবং কাফিরদের পিছু ধাওয়া করে রাসূলুল্লাহ্ (সা) থেকে দূরে সরিয়ে দেন। তখন রাসূলুল্লাহ্ (সা) বলেন : ادنوه منی তাঁকে আমার কাছে নিয়ে এসো।
রাসূলুল্লাহ্ (সা) যিয়াদ কিংবা আম্মারা (রা)-কে তাঁর পবিত্র উরুতে শুইয়ে দেন। এরপর তিনি তাঁর গণ্ডদেশ রাসূলুল্লাহ (সা)-এর উরুতে থাকা অবস্থায় ইন্তিকাল করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00