📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ উয্যা প্রসংগে

📄 আবূ উয্যা প্রসংগে


আবূ উয্যা আমর ইব্‌ন আবদুল্লাহ্ জুমাহী নামে এক ব্যক্তি ছিল, বদর যুদ্ধের পর রাসূলুল্লাহ্ (সা) যার উপর অনুগ্রহ করেছিলেন। তার অনেক সন্তান-সন্ততি ছিল এবং সে অভাবী ছিল। সে বদর যুদ্ধে বন্দী হয়েছিল। সে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে বলল: আপনি তো জানেন, আমার অনেক সন্তান-সন্ততি এবং আমি একজন অভাবী মানুষ। আপনি আমার উপর অনুগ্রহ করুন। রাসূলুল্লাহ্ (সা) তার প্রতি দয়া পরবশ হয়ে, তাকে ছেড়ে দেন। এরপর সাফওয়ান ইবন উমাইয়া তাকে বললেন: হে আবু উয্যা! তুমি তো কবি। তুমি তোমার কবিতা ও বাকশক্তি দিয়ে আমাদের সাহায্য কর এবং আমাদের সাথে যুদ্ধে চল। সে জবাব দিল: মুহাম্মদ (সা) বদর যুদ্ধে আমার প্রতি অনুগ্রহ করেছিলেন, তাই আমি তাঁর বিরুদ্ধে কোন কিছু করতে প্রস্তুত নই।
তখন সাফওয়ান বললেন: আচ্ছা, সে কথা থাক, তুমি তো নিজের জীবন দিয়ে আমাদের সাহায্য করতে পার। আমি অংগীকার করছি, যদি তুমি নিরাপদে ফিরে আসতে পার, তবে আমি তোমাকে প্রচুর সম্পদ দিয়ে ধনী করে দিব। আর যদি তুমি যুদ্ধে মারা যাও, তবে আমি এ দায়িত্ব নিচ্ছি যে, তোমার মেয়েরা আমার মেয়েদের সাথে জীবন যাপন করবে এবং সুখে-দুঃখে তারা আমার মেয়েদের মতই থাকবে।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ উয্যার অংগীকার ভংগ প্রসংগে

📄 আবূ উয্যার অংগীকার ভংগ প্রসংগে


আবূ উয্যা এতে সম্মত হয়ে গেল এবং তিহামার উদ্দেশ্যে বেরিয়ে গেল। সেখানে পৌঁছে সে বনু কিনানাকে যুদ্ধের জন্য আহবান জানিয়ে এই কবিতা বলল :
إيها بني عبد مناف الرزام * أنتم حماة وابو كم حام
لا تعدوني نصركم بعد العام * لا تسلموني لا يحل إسلام
হে অবিচল যোদ্ধা বনূ আব্দ মানাফ! তোমরা হলে গোত্র মার্যদা সংরক্ষণকারী, যেমন ছিল তোমাদের পিতৃ পুরুষেরা গোত্র মর্যাদা রক্ষাকারী (সুতরাং এ কঠিন পরিস্থিতিতে তোমরা আমাদের সাহায্য কর)।
এ বছরের পর আর আমাদের সাহায্য করার প্রতিশ্রুতির কোন প্রয়োজন নেই।
আমাদের শত্রুর হাতে ছেড়ে দিও না; কেননা, এরূপ করা আদৌ উচিত নয়।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুসাফি' ইব্‌ন আব্দ মানাফ প্রসংগে

📄 মুসাফি' ইব্‌ন আব্দ মানাফ প্রসংগে


এ ছাড়াও মুসাফি' ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন ওয়াহাব ইবন হুযাফা ইব্‌ন জুমাহ্ বনু মালিক ইব্‌ন কিনানার কাছে পৌঁছে তাদেরকে রাসূলুল্লাহ্ (সা)-এর বিরুদ্ধে যুদ্ধ করার প্রতি প্ররোচিত করে এই কবিতা আবৃত্তি করলেন:
يا مال مال الحسب المقدم * أنشد ذا القربي وذا التذمم
من كان ذا رحم ومن لم يرحم * الحلف وسط البلد المحرم
عند حطيم الكعبة المعظم
হে বনূ মালিক ইব্‌ন কিনানা! তোমাদের সেই আগেকার আভিজাত্যবোধের কি হলো যে, আমি এখন সেই আত্মীয়-স্বজনকে, প্রতিশ্রুতি ও নিরাপত্তাদানকারীদের তালাশ করে বেড়াচ্ছি?
তোমরা বল তো, দয়াবান রহম দিলের অধিকারী কারা ছিল? সম্মানিত শহরের মাঝে, পবিত্র কা'বা ঘরের হাতীমের পাশে, কে মিত্রদের প্রতি অনুগ্রহ করেনি? (অর্থাৎ তোমরাই এরূপ করেছিলে, এখন তোমাদের কি হলো?)

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ওয়াহশী প্রসংগে

📄 ওয়াহশী প্রসংগে


জুবায়র ইবন মুতঈমের ওয়াহশী নামে এক হাবশী গোলাম ছিল। সে হাবশীদের মত বর্শা নিক্ষেপে পারদর্শী ছিল। তার লক্ষ্য খুব কমই ভ্রষ্ট হতো। জুবায়র তার গোলামকে বলল: তুমিও সকলের সাথে যুদ্ধে চলো। যদি তুমি আমার চাচা তু'মা ইব্‌ন 'আদীর হত্যার প্রতিশোধে মুহাম্মদের চাচা হামযাকে হত্যা করতে পার, তবে তুমি আমার পক্ষ হতে আযাদ হয়ে যাবে।
কুরায়শ তাদের অনুসারী ও তাদের সাথে যোগদানকারী বনু কিনানা ও তিহামার লোকদের নিয়ে অস্ত্র-শস্ত্রসহ পূর্ণ সাজ-সজ্জায় যুদ্ধের প্রস্তুতি নিয়ে রণাঙ্গনের দিকে বেরিয়ে পড়ল। আর কেউ যাতে পলায়ন না করে, সেই সাথে নিজেদের মধ্যে আত্মমর্যাদাবোধ সৃষ্টি হয়, সে জন্য তারা নিজেদের মহিলাদেরকে হাওদায় বসিয়ে সাথে নিয়ে নিল।
কুরায়শদের সেনাপতি আবু সুফিয়ান হিন্দা বিন্ত উতবাকে সাথে নিল। অনুরূপভাবে ইকরামা ইব্‌ন আবু জাহল, উম্মু হাকীম বিন্ত হারিস ইন হিশাম ইব্‌ন মুগীরাকে, হারিস ইন হিশাম ইব্‌ন মুগীরা ফাতিমা বিন্ত উয়ালীদ ইব্‌ন মুগীরাকে ও সাফওয়ান ইবন উমাইয়া বুরযা বিন্ত মাসউদ ইবন উমর ইবন উমায়ের সাকাফীকে সাথে নিয়ে নিল। বুরযা ছিল আবদুল্লাহ্ ইবন সাফওয়ান ইবন উমাইয়ার মা।
ইবন হিশাম বলেন: মতান্তরে তার নাম রুকাইয়া।
ইব্‌ন ইসহাক বলেন: আর আমর ইবন 'আস রায়তা বিন্ত মুনাব্বিহ ইব্‌ন হাজ্জাজকে। রায়তা ছিল আবদুল্লাহ্ ইব্‌ন আমরের মা। অনুরূপভাবে তালহা ইব্‌ন আবূ তালহা সুলাফা বিন্ত সা'দ ইব্‌ন শুহায়দ আনসারীকে সাথে নিল।
আবূ তালহা হল আবদুল্লাহ্ ইব্‌ন আবদুল উয্যা ইবন উসমান ইব্‌ন আবদুদ্দার এর কুনিয়াত আর সুলাফা হল তালহার ছেলে মুসাফি', জুল্লাস ও কিলাবের মা। তাদের পিতাসহ তারা সকলে উহুদে নিহত হয়। বনু মালিক ইব্‌ন হিসল গোত্রের খুন্নাস বিন্ত মালিক ইব্‌ন মাযরাব নামক জনৈক মহিলা তার ছেলে আবু আযীয ইবন উমায়েরসহ যুদ্ধে বেরিয়েছিল। সে মাসআব ইবন উমায়েরেরও মা ছিল। অনুরূপভাবে আমরা বিন্ত আলকামা এ অভিযানে অংশগ্রহণ করে। সে ছিল বনু হারিস ইব্‌ন আব্দ মানাত ইবন কিনানার একজন মহিলা।
হিন্দ বিন্ত উতবা যখনই ওয়াহশীর কাছ দিয়ে অতিক্রম করত, কিংবা ওয়াহশী যখন তার পাশে আসত, তখন সে তাকে বলত: হে আবু দাসমা, আমার কলিজা শীতল কর। আবূ দাসমা ছিল ওয়াহশীর কুনিয়াত। মোটকথা, তারা যুদ্ধের জন্য রওনা হয়ে সেখানে পৌঁছে আয়নায়ন পর্বতে আস্তানা গাড়ল, যা মদীনার বিপরীত দিকে কানাত উপত্যকার পাশে বতনে সাবখার নিম্নভূমিতে অবস্থিত ছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00