📄 কংকর নিক্ষেপ
আল্লাহ্ আরো বলেন:
يَٰأَيُّهَا ٱلَّذِينَ آمَنُوٓا۟ إِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ زَحْفًا فَلَا تُوَلُّوهُمُ ٱلْأَدْبَارَ ۖ وَمَن يُوَلِّهِمْ يَوْمَئِذٍ دُبُرَهُۥٓ إِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ أَوْ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ ٱللَّهِ وَمَأْوَىٰهُ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ -
“হে মু'মিনগণ! তোমরা যখন কাফির বাহিনীর সম্মুখীন হবে, তখন তোমরা তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে না, সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে স্থান নেওয়া ব্যতীত কেউ তাদের পৃষ্ঠ প্রদর্শন করলে সে তো আল্লাহ্র বিরাগভাজন হবে এবং তার আশ্রয় জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট!” (৮: ১৫-১৬)
অর্থাৎ এখানে আল্লাহ্ তাঁদের শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করছেন, যাতে তাঁরা মুকাবিলার সময় পশ্চাদপসরণ না করেন। এছাড়া আল্লাহ্ তাঁদের আরো বহু প্রতিশ্রুতি দিয়েছেন।
এরপর আল্লাহ্ রাসূলুল্লাহ্ (সা)-এর নিজ হাতে মুশারিকদের প্রতি কংকর নিক্ষেপ করা সম্পর্কে বলেন:
وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ
"এবং আপনি নিক্ষেপ করেননি যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আল্লাহই নিক্ষেপ করেছিলেন।"
অর্থাৎ তাদের পরাজয় কেবল আপনার কংকর নিক্ষেপ করার দ্বারাই হয়নি, বরং এ দ্বারা আল্লাহ্ তা'আলা আপনাকে সাহায্য করেন এবং আপনার শত্রুর মনে ভয়-ভীতির সঞ্চার করেন; ফলে তারা পরাজিত হয়।
وَلِيُبْلِيَ ٱلْمُؤْمِنِينَ مِنْهُ بَلَآءً حَسَنًا
"এবং এটা মু'মিনগণকে আল্লাহর পক্ষ হতে উত্তম পুরস্কার দান করার জন্য।" (৮: ১৭)
অর্থাৎ মু'মিনরা তাদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও তাদের জয়ী করার ব্যাপারে আল্লাহ্হ্ নি'য়ামতের সঠিক মর্ম বুঝে যাতে এ দ্বারা তাঁর হক বুঝে শোকর আদায় করে।
إِن تَسْتَفْتِحُوا۟ فَقَدْ جَآءَكُمُ ٱلْفَتْحُ ۗ
"যদি তোমরা মীমাংসা চাও, তবে তো তা তোমাদের নিকট এসেছে।" অর্থাৎ আবূ জাহলের ঐ উক্তির জবাব দেওয়া হচ্ছে যখন সে বলেছিল: আয় আল্লাহ্! আমাদের মধ্যে যে ব্যক্তি অধিক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং একটি অপরিচিত নতুন বিষয় পেশকারী, তাকে আজ ভোরে ধ্বংস করে দিন।
استفتاح অর্থ ইনসাফ কামনা করা।
📄 আল্লাহ্ এবং রাসূলের আনুগত্য প্রসঙ্গে
আল্লাহ্ তা'আলা বলেন,
وَإِنْ تَنْتَهُوا فَهُوَ خَيْرٌ لَكُمْ وَإِنْ تَعُودُوا نَعُدٌ
"যদি তোমরা বিরত হও, তবে তা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা পুনরায় কর, তবে আমিও পুনরায় শান্তি দেব।" অর্থাৎ বদরের দিন আমি যেমন তোমাদের উপর মুসীবত আপতিত করেছিলাম, তেমন মুসীবতে তোমাদের ফেলব।
وَلَنْ تُغْنِيَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْئًا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ -
"এবং তোমাদের দল সংখ্যায় অধিক হলেও তোমাদের কোন কাজে আসবে না, এবং আল্লাহ্ মু'মিনদের সংগে রয়েছেন।" (৮: ১৯) অর্থাৎ তোমাদের সংখ্যাধিক্য তোমাদের কোন কাজে আসবে না; কেননা আমি মু'মিনদের সঙ্গী, আমি তাঁদের শত্রুদের মুকাবিলায় তাঁদের সাহায্য করতে থাকব।
আল্লাহ্ বলেন:
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوا عَنْهُ وَانْتُمْ تَسْمَعُوْنَ .
"হে মু'মিনগণ! আল্লাহ্ ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং তোমরা যখন তাঁর কথা শ্রবণ করছ, তখন তা হতে মুখ ফিরিও না।" (৮: ২০) অর্থাৎ তাঁর হুকুম অমান্য করো না, অথচ তোমরা তাঁর কথা শুনছ এবং দাবি করছ যে, তোমরা তাঁর দলভুক্ত।
وَلَا تَكُونُوا كَالَّذِينَ قَالُوا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ -
"এবং তোমরা তাদের ন্যায় হয়ো না, যারা বলে, 'শুনলাম', রস্তুত তারা শোনে না।" (৮: ২১) অর্থাৎ মুনাফিকদের মত হয়ো না। যারা প্রকাশ্যে আনুগত্য প্রকাশ করে আর গোপনে তাঁর হুকুমের বিরোধিতা করে।
إِن شَرَّ الدَّوابِّ عِنْدَ اللهِ الصُّمُّ البُكُمُ الَّذِينَ لَا يَعْقِلُونَ -
"আল্লাহ্র নিকট নিকৃষ্টতম জীব সেই বধির ও মূক যারা কিছুই বুঝে না।" (৮ : ২২) অর্থাৎ আমি সে সব মুনাফিকের মত হতে তোমাদের নিষেধ করেছি, তারা মূক-কেননা ভাল কথা তাদের মুখ থেকে বের হয় না, তারা বধির-কেননা তারা সত্য কথা শুনতে পায় না এবং বুঝে না-কেননা এসব আচরণের কারণে তাদের যে শাস্তি ভোগ করতে হবে, তা তারা জানে না।
📄 প্রাণবন্তকারী দাওয়াত
وَلَوْ عَلِمَ اللَّهُ فِيهِمْ خَيْرًا لَأَسْمَعَهُمْ -
"আল্লাহ্ যদি তাদের মধ্যে ভাল কিছু দেখতেন তবে তিনি তাদেরকেও শোনাতেন।" (৮:২৩)
অর্থাৎ আমি তাদের মুখের কথাই তাদের জন্য কার্যকর করে দিতাম। কিন্তু তাদের মন ছিল এর বিরুদ্ধে। যদি তারা তোমাদের সাথে বের হত لَتَوَّلُوا وَهُمْ مُعْرِضُون "তারা অবশ্যই উপেক্ষা করে মুখ ফিরাত।"
অর্থাৎ যে কাজে তারা বের হত তার কিছুই করত না।
يأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا الله وَالرَّسُولُ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ -
"হে মু'মিনগণ! রাসূল যখন তোমাদের এমন কিছুর দিকে আহবান করেন যা তোমাদের প্রাণবন্ত করে, তখন আল্লাহ্ ও রাসূলের ডাকে সাড়া দেবে।" (৮: ২৪)
অর্থাৎ সে যুদ্ধের দিকে-যার মাধ্যমে আল্লাহ্ তোমাদের লাঞ্ছনার পর মর্যাদা দান করেছেন, দুর্বলতার পর শক্তি দান করেছেন এবং তোমরা তাদেরকে পরাজিত করার পর, এই যুদ্ধের মাধ্যমে তাদেরকে তোমাদের থেকে প্রতিহত করেছেন।
📄 আল্লাহ্ কর্তৃক রাসূলুল্লাহ্ (সা)-কে প্রদত্ত নি'য়ামতের বর্ণনা
وَاذْكُرُوا إِذْ أَنْتُمْ قَلِيلٌ مُسْتَضْعَفُونَ فِي الْأَرْضِ تَخَافُونَ أَنْ يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَاؤُكُمْ وَأَيَّدَكُمْ بِنَصْرِهِ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبُتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ - بَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا أَمُنْتِكُمْ وَانْتُمْ تَعْلَمُونَ .
"স্মরণ কর যখন তোমরা ছিলে স্বল্প সংখ্যক, পৃথিবীতে তোমরা দুর্বলরূপে পরিগণিত হতে; তোমরা আশংকা করতে যে, লোকেরা তোমাদের অকস্মাৎ ধরে নিয়ে যাবে, এরপর তিনি তোমাদের আশ্রয় দেন, স্বীয় সাহায্য দ্বারা তোমাদের শক্তিশালী করেন এবং তোমাদের উত্তম বস্তুসমূহ জীবিকারূপে দান করেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। হে মু'মিনগণ! জেনে শুনে আল্লাহ্ ও তাঁর রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করবে না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও না।" (৮: ২৬-২৭)
অর্থাৎ এমনটি কারো না যে, রাসূলের সামনে সত্য প্রকাশ কর, যাতে তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর অন্যের সাথে নিভৃতে মিলিত হলে বিরোধিতা কর। এটা তোমাদের আমানতের জন্য ক্ষতিকর এবং তোমাদের নিজেদের সঙ্গে প্রতারণা স্বরূপ।
يأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْ تَتَّقُوا اللهَ يَجْعَلْ لَكُمْ فُرْقَانًا وَيُكَفِّرَ عَنْكُمْ سَيِّاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ - وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ -
"হে মু'মিনগণ! যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে আল্লাহ্ তোমাদের ন্যায়-অন্যায় পার্থক্য করবার শক্তি দেবেন, তোমাদের পাপমোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন এবং আল্লাহ্ মহা অনুগ্রহশীল।" (৮: ২৯)
অর্থাৎ হক ও বাতিলের পার্থক্য দ্বারা আল্লাহ্ তোমাদের জয়ী করবেন, আর তোমাদের বিরোধীদের ভ্রান্ত ধারণা দূর করে দেবেন।
এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামকে তাঁর প্রতি আল্লাহর সেই সময়ে প্রদত্ত নি'য়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যখম কাফিররা গোপনে ষড়যন্ত্র করেছিল তাঁকে হত্যা করার, গ্রেফতার করার বা দেশান্তর করার।