📄 ইয়াহূদী পণ্ডিতদের মধ্যকার মুনাফিকবৃন্দ
ইবন ইসহাক বলেন: ইয়াহুদী পণ্ডিতদের মধ্যে যারা ইসলামের কোলে আশ্রয় নেয় এবং অন্যান্য মুসলমানদের সাথে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে কিন্তু আসলে তারা মুনাফিক বা কপট ছিল, তারা হচ্ছে:
📄 কায়নুকা গোত্রের
সা'দ ইব্ন হুনায়ফ, যায়দ ইব্ন লাসীত, নু'মান ইব্ন আওফা ইবন আমর, উসমান ইব্ন আওফা।
এদের মধ্যে যায়দ ইবন লাসীত হচ্ছে ঐ ব্যক্তি, যে বনূ কায়নুকার বাজারে উমর ইবন খাত্তাব (রা)-এর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। যখন রাসূলুল্লাহ্ (সা)-এর উটনী হারিয়ে যায়, তখন ঐ ব্যক্তিই বলেছিল:
মুহাম্মদের ধারণা, তার কাছে আসমানী খবর পর্যন্ত আসে, অথচ তার নিজের উটনীটি কোথায় হারিয়ে গেল সে খবরও তার নেই।
আল্লাহ্ শত্রু তাঁর বাহন সম্পর্কে যা বলেছিল, সে সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের কাছে সংবাদ এসে গেল। তখন তিনি বললেন:
আল্লাহ্ তাবারাকা ওয়া তা'আলা তাঁর রাসূল (সা)-কে তাঁর উটনী সম্পর্কে সন্ধান দিয়ে দিয়েছেন। জনৈক ব্যক্তি মন্তব্য করেছে-
মুহাম্মদের ধারণা, তার কাছে আসমানী খবর পর্যন্ত পৌঁছে, অথচ তার নিজের উটনীটি কোথায় হারিয়ে গেল সে খবরও তার নেই।
واني والله ما اعلم الا ما علمنى الله وقد دلنى الله عليها فهى في هذا اللشعب قد حبستها شجرة بزمامها -
"আল্লাহর কসম, আল্লাহ্ যা আমাকে জ্ঞাত করেন তাছাড়া আর কিছুই আমি জানি না। আর উটনীটির ব্যাপারে আল্লাহ্ আমাকে জানিয়ে দিয়েছেন যে, ঐ গিরিপথে তা রয়েছে, একটি বৃক্ষের সাথে তার লাগাম আটকে যাওয়ায় সে আটকা পড়েছে।"
তারপর কয়েকজন মুসলমান সেখানে যান এবং রাসূলুল্লাহ্ (সা) যেখানে যেমনটি বলেছিলেন, সেখানে সে অবস্থায়ই গিয়ে তা পান। এই ইয়াহুদী পণ্ডিত মুনাফিকদের মধ্যে আরো রয়েছে:
📄 রাফি' ইবন হুরায়মালা
এ হচ্ছে সেই ব্যক্তি, যার সম্পর্কে আমার কাছে এ সংবাদ পৌঁছেছে যে, তার মৃত্যু হলে রাসূলুল্লাহ্ (সা) বলেছিলেন:
قد مات اليوم عظيم من عظماء المنافقين
"আজকের দিনে মুনাফিকদের অন্যতম একজন সরদারের মৃত্যু হয়েছে।"
📄 রিফা'আ ই যায়দ ইব্ন তাবৃত
এরই ব্যাপারে রাসূলুল্লাহ্ (সা) বনূ মুস্তালিকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে প্রচণ্ড হাওয়া প্রবাহিত হলে মুসলমানরা যখন ভীত-সন্ত্রস্ত হয়ে উঠেন, তখন রাসূলুল্লাহ্ (সা) তাঁদের লক্ষ্য করে বলেছিলেন:
لا تخافوا فانما هبت لموت عظيم من عظماء الكفار
"তোমরা শঙ্কিত হয়ো না। কেননা এ হাওয়া কাফির সরদারদের অন্যতম সরদারের মৃত্যুর দরুন প্রবাহিত হয়েছে।"
তারপর যখন রাসূলুল্লাহ্ (সা) মদীনা শরীফে পদার্পণ করলেন, তখন দেখলেন রিফা'আ ইব্ন যায়দ ইব্ন তাবূত বায়ু প্রবাহিত হওয়ার দিনেই মারা গেছে। ০ সিলসিলা ইব্ন বুরহাম। ০ কিনানা ইব্ন সূরিয়া।