📘 সিরাতে ইবন হিশাম > 📄 উষ্ট্রী যেখানে থামল

📄 উষ্ট্রী যেখানে থামল


তারপর যখন উষ্ট্রীটি মালিক ইব্‌ন নাজ্জার গোত্রের নিকট আসল, তখন মসজিদে নববীর কাছে এসে সেটি থেমে গেল। তখন তা ছিল নাজ্জার গোত্রের শাখাগোত্র মালিক ইব্‌ন নাজ্জার গোত্রের দু'টি ইয়াতীম বালকের মালিকানাধীন খেজুর শুকাবার একটি খলা। আর ঐ বালক দু'টি ছিল মু'আয ইব্‌ন আফ্রার প্রতিপালনাধীনে। এরা দু'জন ছিল আমরের পুত্রদ্বয় সাহল ও সুহায়ল। যখন উটনীটি বসল, আর রাসূলুল্লাহ্ (সা) অবতরণ করলেন না বা তার লাগামও টেনে ধরলেন না, তখন সে অল্প কিছুদূর এগিয়ে গেল, তারপর পিছনের দিকে ফিরে তাকাল এবং প্রথমে যেখানে এসে বসেছিল, সেই খেজুর শুকানোর খলায় আবার ফিরে গেল এবং গা ঝাড়া দিয়ে সেখানেই বসে পড়ল ও ঘাড় এলিয়ে দিল-যাতে রাসূলুল্লাহ্ (সা) অবতরণ করেন। তখন রাসূলুল্লাহ্ (সা) তার পিঠ থেকে অবতরণ করলেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মদীনায় মসজিদ নির্মাণ

📄 মদীনায় মসজিদ নির্মাণ


তখন রাসূলুল্লাহ্ (সা) সেখানে মসজিদ নির্মাণের আদেশ দিলেন। মসজিদ ও তাঁর বাসস্থান নির্মাণের পূর্ব পর্যন্ত তিনি আবু আইয়ুব (রা)-এর বাড়িতেই অবস্থান করেন। ঐ নির্মাণ কাজে রাসূলুল্লাহ্ (সা) নিজে অংশগ্রহণ করেন এবং মুসলমানদেরকে সে কাজে অংশগ্রহণের উৎসাহ প্রদান করেন। ফলে আনসার ও মুহাজির সকলেই নির্মাণকাজে যোগ দেন। মুসলমানদের মধ্যকার এক ব্যক্তি তখন এ স্ব-রচিত চরণটি আবৃত্তি করেন: لَذاكَ مِنَّا العَمَلَ المُضَلَّل لَئِن قَعَدنَا وَالنَّبِيُّ يعمل "আমরা যদি বসে থাকি (আর) নবী (সা) করেন কাজ এ যে চরম ভ্রান্তি হবে, হবে বিষম লাজের কাজ।" মুসলমানরা নির্মাণ কাজ করতে গিয়ে সমস্বরে ধুয়া ধরলেন: اللَّهُمَّ أَرْحَمِ الْأَنصَارَ وَالمُهَاجِرَ لا عيش الأ عيش الآخرة "আয়েশ-আরাম আখিরাতে (দুনিয়ায় তা আছে কিরে?) রহম কর আল্লাহ্ তুমি আনসারে আর মুহাজিরে!" ইবন হিশাম (র) বলেন: এটি ছিল একটি পংক্তিমাত্র, ধুয়া নয়। ইবন ইসহাক (র) বলেন: তখন রাসূলুল্লাহ্ (সা)-ও বলছিলেন: اللهم ارحم لمهاجرين والانصار لاعيش الا عيش الآخرة "আয়েশ যত আখিরাতে (দুনিয়ায় তা আছে কিরে?) দয়া কর আল্লাহ্ তুমি মুহাজিরীন ও আনসারে।"

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আম্মার ও বিদ্রোহীদল

📄 আম্মার ও বিদ্রোহীদল


বর্ণনাকারী বলেন: এমন সময় আম্মার ইন্ন ইয়াসির এসে ঢুকলেন। তখন তাঁর উপর ভারী ইটের বোঝা বাঁধা অবস্থায় রয়েছে। তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ্! এরা তো আমাকে মেরে ফেলল! তারা আমার উপর এমনি বোঝা চাপিয়ে দেয় যা তারা নিজেরা বহন করতে পারে না। নবী (সা)-এর সহধর্মিণী উম্মু সালামা (রা) বলেন: রাসূলুল্লাহ্ (সা)-কে নিজ হাতে তাঁর কান পর্যন্ত দীর্ঘ চুলের বিন্যাস করতে দেখেছি আর 'আম্মার ছিলেন জুলফিধারী চুলের অধিকারী ব্যক্তি। তিনি তখন বলছিলেন:
ويح ابن سمية ليسوا بالذين يقتلونك انما تقتلك الفئة الباغية
"আফসোস, হে ইব্‌ন সুমাইয়া! এরা তেমন লোক নয়, যারা তোমাকে হত্যা করবে। তোমাকে তো হত্যা করবে একদল বিদ্রোহী।"

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হযরত আলী (রা)-এর পংক্তি

📄 হযরত আলী (রা)-এর পংক্তি


সেদিন আলী ইব্‌ন আবূ তালিব (রা) একটি পংক্তি আবৃত্তি করেছিলেন :
لا يستوى من يعمر المساجدا x يدأب فيه قائما وقاعدا
ومن يرى عن الغبار حائدا
"কখনও সমান নয় তারা দু'জনে সর্বদা রুকু ও সিজদায় মসজিদ আবাদ করে যে জনে।"
ইব্‌ন হিশাম বলেন: আমি কবিতা বিশেষজ্ঞ একাধিক ব্যক্তিকে এ চরণ সম্পর্কে জিজ্ঞেস করেছি। তাঁরা বলেন: আমরা যতদূর জানি, হযরত আলী ইব্‌ন আবূ তালিব এ পংক্তিগুলো আবেগময় কণ্ঠে আবৃত্তি করেছিলেন, কিন্তু কেউ বলতে পারেন না যে, পংক্তিগুলো তাঁরই রচিত, না তিনি অন্য কারো কবিতা থেকে তা আবৃত্তি করেছেন।
ইবন ইসহাক বলেন: আম্মার ইবন ইয়াসির কবিতাটি কণ্ঠস্থ করেন এবং জোরে জোরে আবেগময় কণ্ঠে তা আবৃত্তি করতে থাকেন।
ইবন হিশাম বলেন: যখন তিনি বারবার তা আবৃত্তি করছিলেন, তখন রাসূলুল্লাহ্ (সা)-এর সাহাবীগণের একজন ধারণা করেন যে, তিনি তাঁকে লক্ষ্য করেই কবিতাটি আবৃত্তি করছিলেন। যিয়াদ ইব্‌ন আবদুল্লাহ্ বুকাই আমার কাছে ইবন ইসহাকের বরাতে এরূপই বর্ণনা করেছেন আর তিনি লোকটির নাম উল্লেখ করেছিলেন।
ইবন ইসহাক বলেন: তখন ঐ সাহাবী বললেন, হে ইব্‌ন সুমাইয়া (আম্মার)! তুমি সারাদিন ধরে যা আবৃত্তি করছিলে তা আমি শুনেছি। আল্লাহ্র কসম! আমি দেখছি যে, আমি এ লাঠি দিয়ে তোমার নাকে আঘাত করব (অর্থাৎ নাক ভেঙ্গে দেব)। বর্ণনাকারী বলেন, আর তখন তাঁর হাতে একটি লাঠি ছিল। তখন রাসূলুল্লাহ্ (সা) ক্রুদ্ধ হলেন এবং বললেন:
ما لهم ولعمار يدعوهم الى الجنة ويدعونه الى النار ان عمارا جلدة ما بين عيني وانفى
"আম্মারের ব্যাপারে তাদের এত উষ্মা কেন? সে তো তাদেরকে জান্নাতের দিকে আহবান করে এবং তারা তাকে আগুনের দিকে আহবান করছে! জেনে রেখো, আম্মার হচ্ছে আমার চক্ষুযুগল ও নাকের মধ্যবর্তী চর্মস্বরূপ।"
ঐ ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ্ (সা)-এর অসন্তুষ্টির কথা জানতে পেরে আম্মার আর তাঁর চরণ আবৃত্তি থেকে নিবৃত্ত, হলেন না।
ইব্‌ন হিশাম বলেন: সুফইয়ান ইব্‌ন উয়ায়না যাকারিয়া (র) তিনি শা'বী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, ইসলামে যিনি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন, তিনি হচ্ছেন আম্মার ইবন ইয়াসির।

টিকাঃ
১. ইব্‌ন হিশাম (র) কিন্তু তাঁর নাম নেন নি। তিনি কোন সাহাবীর নাম নিন্দাস্থলে উল্লেখ করা পসন্দ করেন নি। এজন্যে আমরাও তা উল্লেখ করব না। নাম নিয়ে অনেক মতভেদও আছে। আর এতে অতিরিক্ত কোন ফায়দাও নেই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00