📄 হিজরতের পথ
ইবন ইসহাক বলেন: যখন তাঁদের দু'জনকে নিয়ে তাঁদের পথপ্রদর্শক আবদুল্লাহ্ ইব্ন আরকত বের হল, তখন তাঁদেরকে মক্কা শরীফের নিম্নাঞ্চল দিয়ে প্রথমে সমুদ্র-উপকূলে নিয়ে যায়। তারপর সমুদ্রোপকূল বেয়ে উসফানের' নিচ দিয়ে এগিয়ে চলল। তারপর আমাজের নিচ হয়ে কুদায়দ অতিক্রম করে খাররার এবং সানিয়াতুল মুরা হয়ে লাকিস্ফার পথে তাঁদেরকে নিয়ে যায়।
ইবন হিশাম বলেন: কেউ কেউ স্থানটিকে লিফতাও বলেছেন। কবি মা'কিল ইব্ন খুওয়ায়লিদ আল-হুযালী বলেন:
نزيعا محلبا من اهل لفت لحي بين اثلة والنحام
"(আমি প্রশংসা করি) সেই বিদেশী অতিথির—যাকে তাঁর স্বজাতির মধ্য থেকে বের করে আনা হয়েছে, যিনি পরোপকারী লাফীতবাসীদের সেই গোত্রের, যারা আস্লা ও নাহামের মধ্যবর্তী স্থানে বসবাসকারী।"
ইবন ইসহাক বলেন: তারপর মুদ্রিজা লিকাফ থেকে মুদলিজা মাহাজ, যাকে কেউ কেউ মিহাজও বলেছেন বলে ইবন হিশাম বলেছেন, মারজিহ মাহাজ হয়ে যুল-গাযওয়ায়ন যাকে কেউ কেউ আযওয়ায়নও বলেছেন, তারপর যূ-কাসার প্রান্তর, তারপর জাদাজিদ ও আজরাদ হয়ে আদা প্রান্তরস্থ যূ-সালাম, তারপর মুদিলজা তা'হীন, তারপর আবাবীদ কেউ কেউ যাকে আবাবীও বলেছেন আবার কেউ কেউ আল-ইসয়ানাও বলেছেন।
ইবন ইসহাক বলেন: তারপর পথপ্রদর্শক তাঁদেরকে নিয়ে আল-ফাজ্জা অতিক্রম করেন। কেউ কেউ স্থানটিকে আল-কাহ্হাও বলেছেন—যা ইব্ন হিশামও বলেছেন।
ইব্ন হিশাম বলেন: তারপর প্রদর্শক তাঁদেরকে নিয়ে আরজ নামক স্থানে অবতরণ করেন। একটি বাহন তখন পিছনে পড়ে গিয়েছিল। তখন আওস ইবন হাজার নামক আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা)-কে তাঁর নিজ উটের পিঠে মদীনা পর্যন্ত বহন করেন। সে উটকে ইব্ন রিদা' নামে অভিহিত করা হত। ঐ ব্যক্তি তাঁর সাথে তার একটি কিশোর ছেলে প্রেরণ করেছিলেন। কিশোরের নাম ছিল মাসউদ ইবন হুনায়দা।
তারপর পথপ্রদর্শক তাঁদেরকে নিয়ে আরজ থেকে বের হয়ে সানিয়াতুল আইর-এর পথ ধরেন। একে ইবন হিশামের বর্ণনামতে সানিয়াতুল গাইরও কেউ কেউ বলেছেন। স্থানটি রাব্বার ডানদিকে অবস্থিত। সেখান থেকে তাঁরা পৌঁছেন রিআম প্রান্তরে। তারপর তাঁদেরকে নিয়ে ঐ ব্যক্তি কুবায় বনু আমর ইব্ন আওফের পল্লীতে অবতরণ করেন। দিনটি ছিল বারই রবীউল আউয়াল সোমবার। সে দিন খুব গরম পড়েছিল এবং সময়টি ছিল দুপুরের কাছাকাছি।
টিকা:
১. উসফান-মক্কা থেকে মদীনায় যেতে উটের কাফেলার দ্বিতীয় মনযিল। ওয়াদীয়ে ফাতিমার পরেই এ মনযিল। এটি একটি প্রসিদ্ধ স্থান।