📘 সিরাতে ইবন হিশাম > 📄 সুরাকার ইসলাম গ্রহণ

📄 সুরাকার ইসলাম গ্রহণ


সুরাকা বলেন: তখন আবূ বকর একটি অস্থি অথবা একটি কাগজে বা একটি মৃৎপাত্রের ভাঙ্গা টুকরোর উপর লিখে লিপিটি আমার দিকে নিক্ষেপ করলেন। আমি তা আমার তৃণের (তীর রাখার পাত্র) মধ্যে পুরে সেখান থেকে ফিরে আসলাম। তারপর যা কিছু ঘটেছে সে ব্যাপারে একটি কথাও কারো কাছে না বলে একেবারে চুপ রইলাম। এমনকি রাসূলুল্লাহ্ (সা) যখন মক্কা শরীফ বিজয় এবং হুনায়ন ও তায়েফ অভিযান থেকে অবসর হলেন, তখন আমি সেই লিপিখানা সাথে নিয়ে তাঁর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জেয়েররানায়' গিয়ে আমি তাঁর সাথে সাক্ষাৎ করলাম। তখন আমি আনসারের একটি অশ্বারোহী ব্যাটেলিয়নের মধ্যে ঢুকে পড়লাম। তারা আমাকে তাদের বল্লম দিয়ে খোঁচা দিতে দিতে বলতে লাগল: দূর হ' দূর হ', তুই এখানে কী চাস্ হে?
সুরাকা বলেন: আমি তখন রাসূলুল্লাহ্ (সা)-এর নিকটবর্তী হলাম। তিনি তখন তাঁর উষ্ট্রীর পিঠে আরোহী অবস্থায় ছিলেন। আল্লাহর কসম, আমি যেন রিকাবে তাঁর খেজুর গাছের বর্ধনশীল মঞ্জুরীর মত শুভ্রকোমল পায়ের গোছা দিব্যি দেখতে পাচ্ছি।
সুরাকা বলেন: তখন আমি সেই লিপিখানা ঊর্ধ্বে তুলে ধরলাম। তারপর বললাম: ইয়া রাসূলাল্লাহ্! এটা হচ্ছে আপনার (প্রদত্ত) লিপি আর আমি সুরাকা ইব্‌ন জু'শام। রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করলেন:
يوم وفاء وبر ادنه
"আজ প্রতিশ্রুতি পূর্ণ করার এবং সদাচারের দিন। একে আমার নিকটবর্তী কর হে!"
তখন আমি তাঁর নিকটবর্তী হলাম এবং ইসলাম গ্রহণ করলাম। তারপর আমি একটি কথা রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে আরয করব বলে ঠিক করেছিলাম যা তখন আমি স্মরণ করতে পারছিলাম না। তবে আমি বলেছিলাম, ইয়া রাসূলাল্লাহ্! পথহারা উট আমার জলাধারে আসে আর আমি সেগুলো আমার উটের জন্যে ভরে রেখেছি। সেগুলোকে পানি পান করানোর জন্যে কি আমি সওয়াব পাব? জবাবে তিনি (সা.) বলল: হ্যাঁ,
في كل ذات كبد حرى اجر
" প্রত্যেকটি যকৃতধারী প্রাণীর পিপাসা নিবৃত্তির জন্যে সওয়াব নির্ধারিত আছে।"
সুরাকা বলেন: তারপর আমি আমার সম্প্রদায়ের লোকদের কাছে ফিরে এলাম এবং আমার যাকাতের উট রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে প্রেরণ করলাম।

টিকাঃ
১. 'যীরানা'-কে কেউ কেউ 'জেয়েররানা' বলেছেন। মক্কা শরীফের অদূরে তায়েফের পথে অবস্থিত একটি স্থান।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবদুর রহমান জুশামীর প্রকৃত বংশ পরিচয়

📄 আবদুর রহমান জুশামীর প্রকৃত বংশ পরিচয়


ইবন হিশাম (র) বলেন: আবদুর রহমান ছিলেন হারিস ইবন মালিক ইবন জু'শামের পুত্র।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হিজরতের পথ

📄 হিজরতের পথ


ইবন ইসহাক বলেন: যখন তাঁদের দু'জনকে নিয়ে তাঁদের পথপ্রদর্শক আবদুল্লাহ্ ইব্‌ন আরকত বের হল, তখন তাঁদেরকে মক্কা শরীফের নিম্নাঞ্চল দিয়ে প্রথমে সমুদ্র-উপকূলে নিয়ে যায়। তারপর সমুদ্রোপকূল বেয়ে উসফানের' নিচ দিয়ে এগিয়ে চলল। তারপর আমাজের নিচ হয়ে কুদায়দ অতিক্রম করে খাররার এবং সানিয়াতুল মুরা হয়ে লাকিস্ফার পথে তাঁদেরকে নিয়ে যায়।
ইবন হিশাম বলেন: কেউ কেউ স্থানটিকে লিফতাও বলেছেন। কবি মা'কিল ইব্‌ন খুওয়ায়লিদ আল-হুযালী বলেন:
نزيعا محلبا من اهل لفت لحي بين اثلة والنحام
"(আমি প্রশংসা করি) সেই বিদেশী অতিথির—যাকে তাঁর স্বজাতির মধ্য থেকে বের করে আনা হয়েছে, যিনি পরোপকারী লাফীতবাসীদের সেই গোত্রের, যারা আস্লা ও নাহামের মধ্যবর্তী স্থানে বসবাসকারী।"
ইবন ইসহাক বলেন: তারপর মুদ্রিজা লিকাফ থেকে মুদলিজা মাহাজ, যাকে কেউ কেউ মিহাজও বলেছেন বলে ইবন হিশাম বলেছেন, মারজিহ মাহাজ হয়ে যুল-গাযওয়ায়ন যাকে কেউ কেউ আযওয়ায়নও বলেছেন, তারপর যূ-কাসার প্রান্তর, তারপর জাদাজিদ ও আজরাদ হয়ে আদা প্রান্তরস্থ যূ-সালাম, তারপর মুদিলজা তা'হীন, তারপর আবাবীদ কেউ কেউ যাকে আবাবীও বলেছেন আবার কেউ কেউ আল-ইসয়ানাও বলেছেন।
ইবন ইসহাক বলেন: তারপর পথপ্রদর্শক তাঁদেরকে নিয়ে আল-ফাজ্জা অতিক্রম করেন। কেউ কেউ স্থানটিকে আল-কাহ্হাও বলেছেন—যা ইব্‌ন হিশামও বলেছেন।
ইব্‌ন হিশাম বলেন: তারপর প্রদর্শক তাঁদেরকে নিয়ে আরজ নামক স্থানে অবতরণ করেন। একটি বাহন তখন পিছনে পড়ে গিয়েছিল। তখন আওস ইবন হাজার নামক আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা)-কে তাঁর নিজ উটের পিঠে মদীনা পর্যন্ত বহন করেন। সে উটকে ইব্‌ন রিদা' নামে অভিহিত করা হত। ঐ ব্যক্তি তাঁর সাথে তার একটি কিশোর ছেলে প্রেরণ করেছিলেন। কিশোরের নাম ছিল মাসউদ ইবন হুনায়দা।
তারপর পথপ্রদর্শক তাঁদেরকে নিয়ে আরজ থেকে বের হয়ে সানিয়াতুল আইর-এর পথ ধরেন। একে ইবন হিশামের বর্ণনামতে সানিয়াতুল গাইরও কেউ কেউ বলেছেন। স্থানটি রাব্বার ডানদিকে অবস্থিত। সেখান থেকে তাঁরা পৌঁছেন রিআম প্রান্তরে। তারপর তাঁদেরকে নিয়ে ঐ ব্যক্তি কুবায় বনু আমর ইব্‌ন আওফের পল্লীতে অবতরণ করেন। দিনটি ছিল বারই রবীউল আউয়াল সোমবার। সে দিন খুব গরম পড়েছিল এবং সময়টি ছিল দুপুরের কাছাকাছি।

টিকা:
১. উসফান-মক্কা থেকে মদীনায় যেতে উটের কাফেলার দ্বিতীয় মনযিল। ওয়াদীয়ে ফাতিমার পরেই এ মনযিল। এটি একটি প্রসিদ্ধ স্থান।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00