📘 সিরাতে ইবন হিশাম > 📄 সুরাকা রাসূলুল্লাহ্ (সা)-এর পেছনে ধাওয়া করল

📄 সুরাকা রাসূলুল্লাহ্ (সা)-এর পেছনে ধাওয়া করল


ইবন ইসহাক বলেন: আমার কাছে যুহরী বর্ণনা করেছেন, তাঁর কাছে আবদুর রহমান ইবন মালিক ইব্‌ন জু'শাম বর্ণনা করেছেন তাঁর পিতার প্রমুখাৎ—তাঁর পিতা বর্ণনা করেছেন তাঁর চাচা সুরাকা ইবন মালিক ইবন জু'শামের প্রমুখাৎ-তিনি বলেছেন: রাসূলুল্লাহ্ (সা) যখন মদীনায় হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হলেন, তখন কুরায়שরা ঘোষণা করল যে, যে ব্যক্তি তাঁকে ফিরিয়ে এনে দিতে পারবে, তাকে একশ' উট দ্বারা পুরস্কৃত করা হবে।
তিনি বলেন, আমি তখন আমাদের সম্প্রদায়ের এক বৈঠকে বসা ছিলাম। এমন সময় আমাদেরই এক ব্যক্তি আমাদের সম্মুখে এসে দাঁড়াল এবং বলল, আল্লাহর কসম, একটু আগেই আমার সম্মুখ দিয়ে তিনজন আরোহী অতিক্রম করল। আমার মনে হয়, এঁরা মুহাম্মদ ও তাঁর সাথীরাই হবেন।
সুরাকা বলেন: তখন আমি চোখের ইঙ্গিতে তাকে চুপ করতে বললাম এবং মুখে বললাম, এরা অমুক গোত্রের লোক, তাদের হারানো পশু খুঁজতে এদিকে এসেছে। তখন ঐ ব্যক্তি বলল: হবেও বা। তারপর সে চুপ হয়ে গেল।
সুরাকা বলেন: তারপর আমি স্বল্পক্ষণ থামলাম। এরপর উঠে ঘরে গেলাম। তারপর মাঠের মধ্যে ঘাস খেতে দীর্ঘ রশি দিয়ে বাঁধা আমার ঘোড়াটি নিয়ে আসতে এবং আমার অস্ত্র দিতে বললাম যা আমার কক্ষের পেছন দিয়ে আমার জন্যে সঙ্গোপনে বের করা হল। তারপর আমি আমার শুভাশুভ নির্ণয়ের তীরটি হাতে নিলাম। তারপর বর্ম পরিধান করে বেরিয়ে পড়লাম। এ সময় তীর বের করে শুভাশুভ নির্ণয়ের চেষ্টা করলাম। তখন আমার অপসন্দনীয় তীরটিই বের হয়ে এল, যাতে বোঝা যায় যে, তাঁর [রাসূলুল্লাহ্ (সা)-এর] কোনই অনিষ্ট হবার নয়। আমার বড্ড আশা ছিল যে, তাঁকে ধরে এনে দিয়ে কুরায়শদের ঘোষিত পুরস্কার একশ'টি উটনী আদায় করব।
সুরাকা বলেন: তারপর আমি বাহনে চড়ে তাঁর পদচিহ্ন ধরে এগুতে লাগলাম। দৌড়াতে গিয়ে আমার ঘোড়াটি হোঁচট খেল। ফলে আমি পড়ে গেলাম। তখন আমি মনে মনে বললাম, ব্যাপার কি? তারপর তীর বের করে আমার ভাগ্য নির্ণয়ের চেষ্টা করলাম। আবার সেই অবাঞ্ছিত তীরটিই বেরিয়ে এল, যার মানে হল, তাঁর কোনই অনিষ্ট হবার নয়। আমি তখন মরিয়া হয়ে উঠলাম, যেভাবেই হোক আমি তাঁর পিছু ধাওয়া না করে ছাড়ছিনে। আবার ঘোড়ায় চড়ে তাঁর পিছু পিছু ছুটলাম। কিন্তু এবারও ঘোড়াটি হোঁচট খেল আর আমি মাটিতে নিক্ষিপ্ত হলাম। আমি মনে মনে বললাম, ব্যাপার কি? আবার তীর নিয়ে ভাগ্য নির্ণয়ের চেষ্টা করলাম কিন্তু এবারও সেই অবাঞ্ছিত তীরটি বেরিয়ে এল, যার অর্থ হল, তাঁর কোন অনিষ্ট হবার নয়।
সুরাকা বলেন: কিন্তু আমি মরিয়া হয়ে উঠলাম যে, যেভাবেই হোক, আমি তাঁর পশ্চাদ্ধাবন না করে ছাড়ছিনে। আবার ঘোড়ায় চড়ে তাঁকে অনুসরণ করতে লাগলাম। যখন তাঁরা আমার দৃষ্টিসীমার ভেতরে চলে এলেন, এমনি সময় আমার ঘোড়াটি আবারও হোঁচট খেল, তার সম্মুখের পা' দু'টি মাটিতে পুঁতে গেল এবং আমি তার উপর থেকে ভূতলে পতিত হলাম। যখন সে তার সম্মুখের পদদ্বয় টেনে বের করল, তখন ঘূর্ণি বাত্যার মতো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে এল।
সুরাকা বলেন: তা দেখেই আমি আঁচ করতে পারলাম যে, তাঁকে আমার কবল থেকে সুরক্ষিত রাখা হয়েছে, আর এটা একান্তই স্পষ্ট।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 রাসূলুল্লাহ্ (সা)-এর লিপি

📄 রাসূলুল্লাহ্ (সা)-এর লিপি


সুরাকা বলেন: তখন আমি উচ্চস্বরে বললাম, আমি সুরাকা ইব্‌ন জু'শাম, আপনারা আমাকে সুযোগ দিন আমি আপনাদের সাথে কিছু আলাপ করতে চাই। আল্লাহ্র কস্ম, আমি আপনাদের সাথে কোনরূপ ছলনা করবনা অথবা আমার পক্ষ থেকে এমন কোন আচরণ পাবেন না যা আপনারা অপসন্দ করবেন।
সুরাকা বলেন: তখন রাসূলুল্লাহ্ (সা) আবু বকরকে লক্ষ্য করে বললেন: তাকে জিজ্ঞেস কর, তুমি আমাদের কাছে কী চাও?
সুরাকা বলেন: আবূ বকর আমাকে তাই বললেন। আমি বললাম আমাকে একটি লিপি লিখে দিন। যা আমার ও আপনাদের মধ্যকার একটি নিদর্শন হয়ে থাকবে। তখন তিনি [রাসূলুল্লাহ্ (সা)] বললেন: একে একটি লিপি দিয়ে দাও হে আবু বকর!

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সুরাকার ইসলাম গ্রহণ

📄 সুরাকার ইসলাম গ্রহণ


সুরাকা বলেন: তখন আবূ বকর একটি অস্থি অথবা একটি কাগজে বা একটি মৃৎপাত্রের ভাঙ্গা টুকরোর উপর লিখে লিপিটি আমার দিকে নিক্ষেপ করলেন। আমি তা আমার তৃণের (তীর রাখার পাত্র) মধ্যে পুরে সেখান থেকে ফিরে আসলাম। তারপর যা কিছু ঘটেছে সে ব্যাপারে একটি কথাও কারো কাছে না বলে একেবারে চুপ রইলাম। এমনকি রাসূলুল্লাহ্ (সা) যখন মক্কা শরীফ বিজয় এবং হুনায়ন ও তায়েফ অভিযান থেকে অবসর হলেন, তখন আমি সেই লিপিখানা সাথে নিয়ে তাঁর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জেয়েররানায়' গিয়ে আমি তাঁর সাথে সাক্ষাৎ করলাম। তখন আমি আনসারের একটি অশ্বারোহী ব্যাটেলিয়নের মধ্যে ঢুকে পড়লাম। তারা আমাকে তাদের বল্লম দিয়ে খোঁচা দিতে দিতে বলতে লাগল: দূর হ' দূর হ', তুই এখানে কী চাস্ হে?
সুরাকা বলেন: আমি তখন রাসূলুল্লাহ্ (সা)-এর নিকটবর্তী হলাম। তিনি তখন তাঁর উষ্ট্রীর পিঠে আরোহী অবস্থায় ছিলেন। আল্লাহর কসম, আমি যেন রিকাবে তাঁর খেজুর গাছের বর্ধনশীল মঞ্জুরীর মত শুভ্রকোমল পায়ের গোছা দিব্যি দেখতে পাচ্ছি।
সুরাকা বলেন: তখন আমি সেই লিপিখানা ঊর্ধ্বে তুলে ধরলাম। তারপর বললাম: ইয়া রাসূলাল্লাহ্! এটা হচ্ছে আপনার (প্রদত্ত) লিপি আর আমি সুরাকা ইব্‌ন জু'শام। রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করলেন:
يوم وفاء وبر ادنه
"আজ প্রতিশ্রুতি পূর্ণ করার এবং সদাচারের দিন। একে আমার নিকটবর্তী কর হে!"
তখন আমি তাঁর নিকটবর্তী হলাম এবং ইসলাম গ্রহণ করলাম। তারপর আমি একটি কথা রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে আরয করব বলে ঠিক করেছিলাম যা তখন আমি স্মরণ করতে পারছিলাম না। তবে আমি বলেছিলাম, ইয়া রাসূলাল্লাহ্! পথহারা উট আমার জলাধারে আসে আর আমি সেগুলো আমার উটের জন্যে ভরে রেখেছি। সেগুলোকে পানি পান করানোর জন্যে কি আমি সওয়াব পাব? জবাবে তিনি (সা.) বলল: হ্যাঁ,
في كل ذات كبد حرى اجر
" প্রত্যেকটি যকৃতধারী প্রাণীর পিপাসা নিবৃত্তির জন্যে সওয়াব নির্ধারিত আছে।"
সুরাকা বলেন: তারপর আমি আমার সম্প্রদায়ের লোকদের কাছে ফিরে এলাম এবং আমার যাকাতের উট রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে প্রেরণ করলাম।

টিকাঃ
১. 'যীরানা'-কে কেউ কেউ 'জেয়েররানা' বলেছেন। মক্কা শরীফের অদূরে তায়েফের পথে অবস্থিত একটি স্থান।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবদুর রহমান জুশামীর প্রকৃত বংশ পরিচয়

📄 আবদুর রহমান জুশামীর প্রকৃত বংশ পরিচয়


ইবন হিশাম (র) বলেন: আবদুর রহমান ছিলেন হারিস ইবন মালিক ইবন জু'শামের পুত্র।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00