📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ জুমাহ থেকে

📄 বনূ জুমাহ থেকে


১৪. উমাইয়া ইব্‌ন খালফ।
কুরায়শের অপর যারা তাদের সাথে ছিল তাদের সঠিক পরিচয় জানা যায় না।
তখন তারা একে অপরকে বলল, এ ব্যক্তিটির ব্যাপার তো যা ছিল দেখেছই। এখন তো আল্লাহ্র কসম, যখন বাইরে থেকে তার সঙ্গী-সাথী ও ভক্তের দল জুটে গেছে, তখন তো আমরা তার আক্রমণ থেকে নিরাপদবোধ করতে পারি না। সুতরাং সকলে মিলে এর একটা বিহিত করতেই হয়।
রাবী বলেন, তারপর তারা সলা-পরামর্শে প্রবৃত্ত হল। তখন তাদের মধ্য থেকে একজন বলে উঠল: একে শিকলে আবদ্ধ করে তার পূর্বেকার কবি যুহায়র ও নাবেগার মত মৃত্যু পর্যন্ত দ্বাররুদ্ধ করে রেখে দিলেই ল্যাঠা চুকে যায়! এভাবে সে মরে গেলে আমরা এ আপদ থেকে বেঁচে যাই। নজদের শায়খ (রূপী শয়তান) তখন বলে উঠল, না না, আল্লাহ্র কসম! তোমাদের এ অভিমতটি যথার্থ নয়। তোমাদের বলামত সত্যিই যদি তোমরা তাকে শৃঙ্খলাবদ্ধ করে দ্বাররুদ্ধ করে রাখ, তবে ব্যাপারটি দরজার বাইরে তার বন্ধু-বান্ধবের জানাজানি হয়ে যেতে পারে। তারপর তারা জোটবদ্ধ হয়ে তোমাদের উপর আক্রমণ চালাতে পারে, তোমাদের হাত থেকে তাকে ছিনিয়ে নিতে পারে, তাদের সংখ্যা তোমাদের সংখ্যাকে অতিক্রম করতে পারে, এমনকি তারা তোমাদেরকে পরাস্তও করে দিতে পারে। এটা তোমাদের কোন সঠিক অভিমত হলনা। তোমরা অন্য কিছু ভেবে দেখ। তারা তখন আবার পরামর্শ করতে লাগল।
তাদের একজন প্রস্তাব দিল: আমরা একে আমাদের মধ্য থেকে বের করে দিয়ে দেশান্তর করব। তারপর সে যখন দেশান্তরিত হবে, তখন সে কোথায় গেল বা তার কী হল না হল, সে মাথা ব্যথা আর আমাদের রইলনা। সে যখন আমাদের মধ্যে থাকবে না, তার উপদ্রব থেকে আমরা মুক্ত হয়ে যাব, তখন আমরা আমাদের ব্যাপার-স্যাপার গুছিয়ে নিয়ে পূর্বের ন্যায় সৌহার্দ্য-সম্প্রীতির অবস্থায় ফিরে যাব।
নজদী বৃদ্ধটি বলে উঠল: না না, আল্লাহ্র কসম! এটাও কোন কাজের কথা হলনা। তার সুন্দর কথা, মিষ্ট বাক্য ও লোকের অন্তর জয় করার অপূর্ব শক্তি কি তোমরা প্রত্যক্ষ করনি? আল্লাহ্র কসম! তোমরা যদি এমনটি কর তবে সে কোন আরব জনপদে গিয়ে উঠবে, তারপর তার সুমিষ্ট বুলি ও কোমল আচরণ দিয়ে তাদের অন্তর জয় করে তাদেরকে তার ভক্ত-অনুরক্ত করে নেবে। তারপর তাদেরকে সাথে নিয়ে এসে তোমাদের দেশেই তোমাদের পদানত করবে এবং তোমাদের শাসন-ক্ষমতা সে তোমাদের হাত থেকে কেড়ে নেবে। তখন সে তোমাদের সাথে যাচ্ছে তাই আচরণ করতে পারবে। সুতরাং এভাবে তোমরা তার হাত থেকে নিরাপদ হতে পারবে না। এ ছাড়া তোমরা অন্য কোন বুদ্ধি খুঁজে বের কর।
রাবী বলেন, তখন আবু জাহল ইব্‌ন হিশাম বলল: আমার কাছে একটি বুদ্ধি আছে, জানি না, এযাবৎ তোমরা কেউ তা ভেবেছ কি না! সকলে ব্যগ্র হয়ে জিজ্ঞেস করল: হে জ্ঞানবৃদ্ধ! কী সে বুদ্ধিটি?
সে বলল: আমার অভিমত হচ্ছে, আমরা আমাদের প্রত্যেক গোত্র থেকে একটি করে সাহসী, তারুণ্যদীপ্ত, শক্তিশালী ও সম্ভ্রান্ত যুবককে বাছাই করে তাদের প্রত্যেকের হাতে একটি করে শাণিত তরবারি তুলে দেব। তারা সকলে একযোগে তার উপর এমনিভাবে আঘাত হানবে যেন এটা একই ব্যক্তির আঘাত। এভাবে তারা তাকে হত্যা করবে আর আমরা চিরতরে তার উপদ্রব থেকে নিষ্কৃতি লাভ করব। কেননা এভাবে তার খুনের দায়িত্ব সকল গোত্রের উপর বর্তাবে। বনূ আব্দ মানাফ তখন একা গোটা জাতির সকল গোত্রের সাথে লড়াই করতে সমর্থ হবে না। তখন তারা রক্তপণ গ্রহণেই সম্মত হবে। তখন আমরা সকলে অনায়াসেই সে রক্তপণ আদায় করে দেব।
রাবী বলেন, নজদী বৃদ্ধটি তখন বলে উঠল: এ লোকটি একটা কথার মত কথা বলেছে! আমি তো এ ছাড়া গত্যন্তর দেখি না। এ প্রস্তাব তাই সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং লোকজন নিজ নিজ ঘরে চলে গেল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00