📄 হিশাম ইব্ন আস-এর প্রতি হযরত উমর (রা)-এর পত্র
ইবন ইসহাক বলেন: আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) সূত্রে নাফি' আমার কাছে বর্ণনা করেছেন, তিনি (উমর) বলেন, আমরা বলাবলি করতাম, যারা (কাফিরদের) নির্যাতনের মুখে নতি-স্বীকার করে ফেলে, তাদের ফরয-নফল কোন ইবাদত ও তওবা আল্লাহ্ পাক কবুল করবেন না। তারা হচ্ছে ঐ সম্প্রদায়-যারা আল্লাহকে চিনেছে তারপর তাদের উপর আপতিত কঠিন পরীক্ষা ও বিপদ-আপদের জন্যে তারা কুফরীর দিকে ফিরে গেছে। তিনি (উমর) বলেন: তারা (সাহাবীরা) নিজেদের মধ্যে এরূপ আলাপ-আলোচনা করতেন। তারপর যখন রাসূলুল্লাহ্ (সা) মদীনায় আগমন করলেন, তখন আল্লাহ্ তা'আলা তাদের ব্যাপারে এবং আমাদের উক্তি ও তাদের নিজেদের উক্তির ব্যাপারে এ আয়াত নাযিল করেন:
قُلْ يُعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَّحْمَةِ اللهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا * إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ، وَانيبُوا إِلى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ . وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَ انْتُمْ لَا تَشْعُرُونَ
"হে রাসূল! আপনি বলুন, 'হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ-আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হবে না; আল্লাহ্ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।
তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাঁর নিকট আত্মসমর্পণ কর তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে; তারপর তোমাদের সাহায্য করা হবে না।
অনুসরণ কর তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের কাছ থেকে উত্তম যা নাযিল করা হয়েছে তার, তোমাদের উপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতসারে শাস্তি আসার পূর্বে।" (৩৯ : ৫৩-৫৫)
উমর ইবন খাত্তাব (রা) বলেন: আমি স্বহস্তে তা পত্রস্থ করি এবং হিশাম ইব্ন আসের কাছে প্রেরণ করি।
রাবী বলেন, হিশাম ইব্ন আস (রা) বলেন: যখন আমার কাছে এ আয়াতগুলো এসে পৌঁছল, তখন আমি যূ-তাওয়ার উচ্চভূমি ও নিম্নভূমিতে তা তিলাওয়াত করতে করতে আরোহণ অবরোহণ করতে লাগলাম, কিন্তু তা কিছুই হৃদয়ংগম করতে পারছিলাম না। এমনকি আমি আল্লাহ্র দরবারে দু'আ করতে লাগলাম: হে আল্লাহ্! আমাকে এগুলোর মর্ম উপলব্ধি করার জ্ঞান দান কর!
তিনি বলেন, তারপর আল্লাহ্ তা'আলা আমার অন্তরে এ উপলব্ধি দান করলেন যে, এ আয়াতগুলো আসলে আমাদেরই উপলক্ষে নাযিল করা হয়েছে, সে ব্যাপারে যা আমরা নিজেদের সম্পর্কে বলাবলি করতাম আর লোকেও আমাদের সম্পর্কে এরূপ বলাবলি করত। তিনি বলেন, তখন আমি আমার উটের দিকে অগ্রসর হলাম, তার পিঠে আরোহণ করলাম এবং রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে হাযির হলাম। আর তিনি তখন মদীনা শরীফে অবস্থান করছিলেন।
📄 ওয়ালীদ ইব্ন ওয়ালীদের মক্কা শরীফ গমন
ইব্ন হিশাম বলেন: এমন এক ব্যক্তি আমার কাছে হাদীসটি বর্ণনা করেছেন, যাঁকে আমি বিশ্বাস করি। রাসূলুল্লাহ্ (সা) মদীনায় থাকা অবস্থায় বললেন: من لي بعياش ابن أبي ربيعة وهشام بن العاصي "আইয়াশ ইব্ন আবূ রবী'আ এবং হিশাম ইব্ন আসকে আমার কাছে নিয়ে আসার জন্যে কে প্রস্তুত আছ?"
ওয়ালীদ ইব্ন ওয়ালীদ ইব্ন মুগীরা দাঁড়িয়ে বললেন: হে আল্লাহর রাসূল! আমি তাদের দু'জনকে আপনার কাছে নিয়ে আসার জন্যে প্রস্তুত।
তখন তিনি মক্কার পথে রওয়ানা হয়ে গেলেন। তিনি আত্মপরিচয় গোপন করে সেখানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে তিনি খাদ্য বহনকারিণী এক মহিলার সাক্ষাৎ পেলেন। তিনি মহিলাটিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দী, তুমি যাচ্ছ কোথায়? সে বলল-ঐ দু'টি বন্দীর উদ্দেশ্যে। বলে সে ঐ দু'জনের দিকেই ইঙ্গিত করল। তিনি তার পিছু পিছু গেলেন এবং জায়গাটি চিনে নিলেন। তাঁরা দু'জন তখন এমন একটি ঘরে বন্দী ছিলেন, যার ছাদ ছিল না। তারপর সন্ধ্যা হলে তিনি প্রাচীর ডিঙিয়ে তাঁদের কাছে গিয়ে উপনীত হলেন। তারপর একটি পাথর তুলে নিয়ে তাঁদের দু'জনের শৃঙ্খলের নিচে তা রাখলেন। তারপর তরবারির আঘাতে তাদের শিকল ছিন্ন করলেন। এ জন্যই তার তারবারিকে যুল-মারওয়া বলা হত। তারপর ঐ দু'জনকে তাঁর উটের পিঠে চড়িয়ে তাঁদেরকে নিয়ে চললেন। ঐ সময় তাঁর পায়ের অঙ্গুলি হোঁচট খেয়ে রক্তাক্ত হয়ে যায়। তিনি বলে উঠলেন: هل انت الا اصبع دميت * وفي سبيل الله ما لقيت "হে অঙ্গুলি, তুমি তো অঙ্গুলি বৈ-নও, তুমি রক্তাক্ত হয়েছ, তোমার এ কষ্টটুকু তুমি আল্লাহ্ পথেই লাভ করেছ।"
তারপর তিনি উভয়কে নিয়ে মদীনা শরীফে রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে হাযির হলেন।
📄 মদীনায় মুহাজিরদের আবাসস্থল
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।
📄 হযরত 'উমর (রা), তাঁর ভাই ও অন্যদের বাসগৃহ
ইবন ইসহাক বলেন: উমর ইবন খাত্তাব (রা) এবং তাঁর সাথে তাঁর পরিবার-পরিজন ও সম্প্রদায়ের যে লোকজন মদীনায় পদার্পণ করেন, তাঁরা হলেন: ০ তাঁর ভাই যায়দ ইবন খাত্তাব। ০ সুরাকা ইব্ন মু'তামারের পুত্রদ্বয়-আমর ও আবদুল্লাহ্। ০ খুনায়স ইব্ন হুযাফা সাহমী-যিনি তাঁর (উমরের) জামাতা এবং তাঁর কন্যা হাফসার প্রথম স্বামী ছিলেন। পরবর্তীকালে হাফসা (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে বিবাহাবদ্ধ হয়েছিলেন। ০ সাঈদ ইব্ন যায়দ ইবন আমর ইবন নুফায়ল। ০ ওয়াকিদ ইব্ন আবদুল্লাহ্ তামীমী। ইনি তাদের চুক্তিবদ্ধ মিত্র ছিলেন। ০ খাওলা ইব্ন আবূ খাওলা- ০ মালিক ইব্ন আবূ খাওলা-এ দু'জনও উমর পরিবারের চুক্তিবদ্ধ মিত্র ছিলেন। ইব্ন হিশাম বলেন: আবু খাওলা ছিলেন ইব্ন আজল ইব্ন লুজায়ম ইবন সা'ব ইব্ন আলী ইব্ন বকর ইব্ন ওয়ায়ল গোত্রের লোক।
ইবন ইসহাক বলেন: ০ এবং বুকায়রের পুত্র চতুষ্টয়ঃ ইয়াস ইব্ন বুকায়র, আকীল ইব্ন বুকায়র, আমির ইব্ন বুকায়র ও খালিদ ইব্ন বুকায়র। ০ এবং সা'দ ইব্ন লায়স গোত্রভূত তাদের মিত্রবর্গ। এঁরা সকলে রিফা'আ ইব্ন আবদুল মুনযির ইব্ন যানবরের ওখানে কুবার বনূ Amr ইব্ন আওফের পল্লীতে উঠেন। আইয়াশ ইব্ন আবূ রবী'আ যখন মদীনায় পদার্পণ করলেন, তখন তিনিও তাঁর নিকট এসে উঠলেন।