📄 বনূ সাঈদা ইব্ন কা'ব থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন
ইবন ইসহাক বলেন: বনু সাঈদা ইব্ন কা'ব ইব্ন খাযরাজ থেকে ছিলেন:
৭২. সা'দ ইবন উবাদা ইবন হারিসা ইব্ন আবু খুযায়মা ইবন সা'লাবা ইন্ন তারীফ ইব্ খাযরাজ ইবন সাঈদা। ইনি অন্যতম নকীব ছিলেন।
৭৩. মুনযির ইবন আমর ইব্ন খুনায়স ইব্ন হারিসা ইব্ন লওযান ইব্ন আব্দ উদ্দ ইব্ন যায়দ ইবন সা'লাবা ইব্ন জুশাম ইব্ন খাযরাজ ইবন সাঈদা। ইনি অন্যতম নকীব ছিলেন। বদর ও উহুদের যুদ্ধে ইনি অংশগ্রহণ করেন এবং বীরে মাউনার দিনে রাসূলুল্লাহ্ (সা)-এর পক্ষে আমীররূপে শাহাদত বরণ করেন। তিনিই ঐ ব্যক্তি, যাঁকে 'দ্রুত মৃত্যুকে আলিঙ্গনকারী' বলা হত।
এ গোত্রের মোট দু'জন 'আকাবায় ছিলেন।
ইবন হিশাম বলেন: মুনযিরকে মুনযির ইবন আমর ইব্ন খানাশও বলা হয়ে থাকে।
📄 বনু মাযিন ইব্ নাজ্জার থেকে যাঁরা এ বায়'আতে শরীক হন
ইবন ইসহাক বলেন: 'আকাবায় যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হচ্ছেন আওস ও খাযরাজ গোত্রদ্বয়ের ৭০ জন পুরুষ এবং দু'জন নারী-যাঁদের সম্পর্কে ধারণা করা হয়ে থাকে যে, তাঁরাও বায়'আতবদ্ধ হয়েছিলেন। রাসূলুল্লাহ্ (সা) মহিলাদের সাথে করমর্দন করতেন না। তিনি তাঁদের অঙ্গীকার গ্রহণ করতেন এবং যখন তাঁরা অঙ্গীকারাবদ্ধ হতেন, তখন বলতেন:
اذهبن فقد بايعتكن
-"যাও, আমি তোমাদের বায়'আত করলাম।"
৭৪. নুসায়বা বিন্ত কা'ব ইব্ন আমর ইব্ন আওফ। ইনি মাবযূল ইব্ন আমর ইব্ন গাম ইব্ন মাযিন গোত্রের কন্যা ছিলেন। তিনি উম্মু উমারা নামে পরিচিত ছিলেন। তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাঁর বোনও তাঁর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর সঙ্গে তাঁর স্বামী যায়দ ইব্ন আসিম ইব্ন কা'ব এবং তাঁর দুই পুত্র হাবীব ইব্ন যায়দ এবং আবদুল্লাহ্ ইব্ন যায়দও ছিলেন। আর হাবীব হচ্ছেন তাঁর সেই পুত্র যাঁকে মুসায়লামা কায্যাব আল-হাক্বী ধরে নিয়ে যায় এবং তাঁকে লক্ষ্য করে বলতে থাকে: তুমি কি এ কথার সাক্ষ্য প্রদান কর যে, মুহাম্মদ আল্লাহর রাসূল? তখন জবাবে তিনি বলতেন: হ্যাঁ। তখন সে আবার বলত, তুমি কি এ কথার সাক্ষ্য প্রদান কর যে, আমি আল্লাহর রাসূল? জবাবে তিনি বলতেন: আমি শুনছি না। তখন সে তাঁর এক-একটি করে অঙ্গ-প্রত্যঙ্গ কাটতে থাকে, এমনকি এ অবস্থায় তার হাতে তাঁর মৃত্যু হয়, কিন্তু তিনি এর বেশি কিছুই বলতে রাযী হন নি। যখন তাঁর সম্মুখে রাসূলুল্লাহ্ (সা)-এর কথা উল্লেখ করা হত, তখন তিনি তাঁর প্রতি ঈমানের কথা প্রকাশ করতেন এবং তাঁর প্রতি দরূদ পড়তেন। আর যখন মুসায়লামার কথা বলা হত, তখন বলতেন: আমি তা শুনতে চাই না।
হযরত নুসায়বা ওরফে উম্মু উমারা মুসলিম বাহিনীর সঙ্গে ইয়ামামার যুদ্ধের সময় যুদ্ধযাত্রা করেন এবং সশরীরে সেখানে যুদ্ধ করেন। যুদ্ধে আল্লাহর হুকুমে মুসায়লামাকে কতল করা হল। আর উম্মু উমারা তরবারি ও বর্শার বারটি আঘাত নিয়ে যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করেন। ইব্ন ইসহাক বলেন: স্বয়ং তাঁর (অর্থাৎ উম্মু উমারা) থেকে মুহাম্মদ ইব্ন ইয়াহইয়া ইন্ন হিব্বান—আবদুল্লাহ্ ইব্ন আবদুর রহমান ইব্ন আবু সা'সা'আর বরাতে এ ঘটনাটির কথা বর্ণনা করেছেন।
📄 বনূ সালামা থেকে যিনি এ বায়'আতে শরীক হন
৭৫. বনু সালামা থেকে এতে শরীক হন উম্মু মানী'- তাঁর আসল নাম আসমা বিন্ত আমর ইব্ন আদী ইব্ন নাবী ইব্ন আমর ইব্ন গাম ইব্ন কা'ব ইব্ন সালামা।