📄 দ্বিতীয় 'আকাবার বায়'আতে রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে যিনি সর্বপ্রথম হাত রাখেন
ইবন ইসহাক বলেন: নাজ্জার গোত্রের দাবি হচ্ছে যে, আবূ উমামা আস'আদ ইব্ন যুরারা (রা)-ই বায়'আতের জন্য সবার আগে রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে হাত রেখেছিলেন। অন্যদিকে আবদুল আশহাল গোত্রের বক্তব্য, তাদের নেতা আবুল হায়সাম ইব্ন তায়্যিহানই এ ব্যাপারে ছিলেন সবার অগ্রগামী।
ইবন ইসহাক বলেন: কা'ব ইবন মালিক (রা)-এর সূত্রে তাঁর পুত্র আবদুল্লাহ্ আমার কাছে বর্ণনা করেন যে, বারা' ইব্ন মা'রূর (রা)-ই সর্বপ্রথম রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে হাত রাখেন। এরপর বাকী সকলে তাঁর অনুসরণ করে বায়'আতে শরীক হন।
📄 দ্বিতীয় আকাবার বায়'আতে অংশগ্রহণকারীদের অন্তরে শয়তান কর্তৃক ফিতনা সৃষ্টির চেষ্টা
কা'ব ইবন মালিক (রা) বলেন: রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে আমাদের বায়'আত সম্পন্ন হতেই 'আকাবার শৈল-শিখর থেকে শয়তান এমন জোরে চিৎকার করে উঠল যে, অমন বিকট চিৎকার আমি আর শুনিনি। সে বলল: হে জাবাজিববাসী (জাবাজিব বলতে মিনার বিস্তৃত অঞ্চলকে বোঝায়)! তোমাদের কি খবর আছে, নিন্দিত ব্যক্তি ও বেদীনরা মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের পাঁয়তারা করছে? তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন: এ হচ্ছে 'আকাবার শয়তান আযব, সে আযীবের পুত্র।
ইব্ন হিশাম বলেন: অন্য বর্ণনায় উযায়বের পুত্র। রাসূলুল্লাহ্ (সা) তাকে সম্বোধন করে বললেন: তুই কি শুনছিস, হে আল্লাহর দুশমন! আল্লাহর কসম! আমি তোরই জন্য প্রস্তুত হচ্ছি।
📄 যুদ্ধের অনুমতি লাভের জন্য বায়'আতকারীদের ব্যস্ততা
কা'ব বলেন, বায়'আত শেষে রাসূলুল্লাহ্ (সা) বললেন: তোমরা তোমাদের তাঁবুতে চলে যাও।
রাবী বলেন: আব্বাস ইব্ন উবাদা ইব্ন নাফ্লা তাঁকে বললেন যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তাঁর শপথ, আপনি চাইলে আমরা আগামীকালই মিনাবাসীর উপর তরবারি দিয়ে আক্রমণ চালাব।
রাসূলুল্লাহ্ (সা) বললেন: না, আমাকে এরূপ নির্দেশ দেওয়া হয়নি; বরং তোমরা নিজ নিজ তাঁবুতে চলে যাও। কা'ব (রা) বলেন: সুতরাং আমরা আমাদের বিশ্রামস্থলে ফিরে গেলাম এবং সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকলাম।
📄 বায়'আতের ব্যাপারে আনসারদের বিরুদ্ধে কুরায়শদের অভিযোগ
সকাল হতেই দেখি একদল কুরায়শ আমাদের তাঁবুতে এসে হাযির। তারা বলল: হে খাযরাজ গোত্রের লোকেরা! আমাদের কাছে সংবাদ পৌঁছেছে যে, তোমরা আমাদের এ লোকটিকে তোমাদের দেশে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে এসেছ এবং তার ফলশ্রুতিতে তোমরা তাঁর হাতে আমাদের সাথে যুদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ। আল্লাহ্র কসম! আরবে যত গোত্র আছে, তার মধ্যে তোমাদের সাথেই যুদ্ধ-সংঘাতে জড়িয়ে পড়তে আমাদের বেশি অনীহা।