📄 আসআদ ইব্ন যুরারা ও মুস'আব ইবন উমায়র (রা)-এর প্রচেষ্টায় সা'দ ইব্ন মু'আয ও উসায়দ ইব্ন হুযায়রের ইসলাম গ্রহণ
ইবন ইসহাক বলেন: আবদুল্লাহ্ ইব্ন আবূ বকর ইবন মুহাম্মদ ইব্ন আমর ইবন হাযম ও উবায়দুল্লাহ্ ইব্ন মুগীরা ইবন মু'আয়কিব (র) আমার কাছে বর্ণনা করেছেন যে, আস'আد ইব্ন যুরারা (রা) মুস'আব ইবন উমায়র (রা)-কে সঙ্গে নিয়ে বনু আবদুল আশহাল ও বনূ জা'ফরের মহল্লার উদ্দেশ্যে বের হলেন। আবদুল আস্হাল গোত্রের সরদার সা'দ ইব্ন মু'আয ইবন নু'মান ইব্ন ইমরাউল কায়স ইব্ন যায়দ ইব্ন আবদুল আশহাল (রা) আস'আদ ইব্ন যুরারা (রা)-এর খালাত ভাই ছিলেন। আস'আদ (রা) মুস'আব (রা)-কে নিয়ে বনু জাফরের একটি বাগানে প্রবেশ করলেন।
ইব্ন হিশাম বলেন: জা'ফর হলেন কা'ব ইবন হারিস ইব্ন খাযরাজ ইব্ন 'আম্র ইব্ মালিক ইব্ন আওস। উক্ত বাগানটি মারাক নামক কুয়ার পাশে অবস্থিত ছিল। তাঁরা বাগানের ভেতর বসলেন। কতিপয় নও-মুসলিমও তাদের নিকট সমবেত হল। সা'দ ইবন মু'আয ও উসায়দ ইবন হুযায়র তখন আবদুল আশহাল গোত্রের নেতা এবং তারা গোত্রীয় ধর্মমত অনুসারে তখনও পৌত্তলিক।
আস'আদ (রা) ও মুস'আব (রা)-এর উক্ত মজলিসের কথা তাদের কর্ণগোচর হলে সা'দ উসায়দকে বললেন: তুমি পিতৃহারা হও, শীঘ্র ঐ লোক দু'টির কাছে যাও। ওরা আমাদের এই পাড়ায় এসে আমাদের দুর্বল লোকদের বোকা বানাচ্ছে। ওদের ভাল করে শাসিয়ে দাও এবং বল, আর যেন আমাদের এ পাড়ায় না আসে। তোমাকে না পাঠিয়ে আমি নিজেই যেতাম, কিন্তু তুমি তো জান, আস'আদ ইব্ন যুরারা আমার খালাত ভাই। তাই আমি তার সামনে কিছু বলতে পারব না।
তখন উসায়দ ইবন হুযায়র বর্শা হাতে রওয়ানা হলেন। আস'আদ ইব্ন যুরারা (রা) তাকে আসতে দেখে মুস'আব (রা)-কে বললেন: ঐ দেখুন উসায়দ ইবন হুযায়র আসছেন। তিনি নিজ গোত্রের নেতা। কাজেই তার কাছে আল্লাহর নির্দেশ বর্ণনার ব্যাপারে দুর্বলতা প্রকাশ করবেন না।
মুস'আব (রা) বললেন: তিনি বসলে আমি কথা বলব। দেখতে দেখতে উসায়দ এসে হাযির হলেন। তিনি এসে তাদের সামনে দাঁড়িয়ে গালমন্দ করতে লাগলেন। আর বললেন: আমাদের এই দুর্বল লোকগুলোকে বোকা বানাতে কে তোমাদের ডেকেছে? যদি তোমাদের প্রাণের মায়া থাকে তাহলে আমাদের কাছ থেকে চলে যাও।
মুস'আব (রা) তাকে বললেন: আপনি কি একটু বসে আমাদের কথা শুনবেন? যদি ভাল লাগে গ্রহণ করবেন আর যদি ভাল না লাগে, তবে বাদ দেবেন।
উসায়দ বললেন: তুমি ঠিক কথা বলেছ। তখন তিনি বর্শাটি মাটিতে পুঁতে বসে পড়লেন। মুস'আব (রা) তার কাছে ইসলামের ব্যাখ্যা দিলেন এবং তাকে কুরআন পড়ে শোনালেন।
মুস'আব ও আস'আদ (রা) বলেন: আল্লাহ্র কসম! এরপর উসায়দ কোন মন্তব্য করার আগেই আমরা তার চেহারায় আনন্দছটা ও বিনম্রভাব দেখে বুঝে ফেললাম, তার ইসলাম গ্রহণের আর দেরী নেই। এরই মধ্যে তিনি বলে উঠলেন: এ যে কত সুন্দর কথা, কত মধুর! এ দীন গ্রহণ করতে হলে কি করতে হয়? তাঁরা বললেন : গোসল করে পাক-পবিত্র হন এবং পরিধানের কাপড়ও পাক করুন। তারপর শাহাদতের বাণী উচ্চারণ করে দুরাক'আত সালাত আদায় করুন। তৎক্ষণাৎ তিনি উঠে গোসল করলেন, কাপড়-চোপড় ধুলেন এবং কালেমায়ে শাহাদত পাঠ করে দু'রাক'আত সালাত আদায় করলেন। তারপর তিনি তাদের লক্ষ্য করে বললেন: আমার পেছনে এমন এক ব্যক্তি আছেন, যিনি আপনাদের অনুসরণ করলে তার গোত্রের একজনও আর পিছিয়ে থাকবে না। এক্ষণিই আমি তাকে আপনাদের কাছে পাঠাচ্ছি। তার নাম সা'দ ইব্ন মু'আয।
উসায়দ ইবন হুযায়র (রা) বর্শা তুলে রওয়ানা হলেন। সা'د ইব্ন মু'আয তখন গোত্রীয় সভাস্থলে ছিলেন। উসায়দ সোজা সেখানে গিয়ে হাযির হলেন। সা'দ ইব্ন মু'আয তাকে আসতে দেখে উপস্থিত লোকদের বললেন: আল্লাহ্র কসম করে বলছি, তোমাদের কাছে এ অন্য উসায়দ ফিরে আসছে।
উসায়দ সভাস্থলে হাযির হলে সা'দ তাকে জিজ্ঞেস করলেন: কি করে আসলে? তিনি বললেন: আমি তাদের দু'জনের সাথে আলাপ করেছি। আল্লাহ্র কসম! আমি তাদের মধ্যে মন্দ কিছু দেখিনি। তবে আমি তাদের বারণ করে এসেছি। তারা উত্তরে বলেছে: আপনার যা পসন্দ আমরা তাই করব। আমি খবর পেলাম হারিসা গোত্রের লোকজন আস'আদ ইব্ন যুরারাকে হত্যা করার জন্য বের হয়ে পড়েছে এবং তা কেবল এইজন্য যে, সে আপনার খালাত ভাই। এভাবে তারা আপনার আত্মীয়তার মর্যাদা খর্ব করতে চায়।
বনূ হারিসা সম্পর্কিত এ সংবাদ শুনে সা'দ ক্রুদ্ধ হয়ে দ্রুত উঠে পড়লেন। তিনি উসায়দের হাত থেকে বর্শা নিয়ে বললেন: আল্লাহ্র কসম! তুমি দেখছি কিছুই করতে পারলে না। এরপর তিনি তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সেখানে গিয়ে দেখলেন, তাঁরা নিশ্চিন্তে বসে আছেন। এতে তিনি বুঝে ফেললেন তাকে তাদের কথা শোনানই উসায়দের উদ্দেশ্যে। তিনি গালমন্দ করতে করতে তাদের সামনে গিয়ে দাঁড়ালেন। আর আস'আদ (রা)-কে বললেন: হে আবূ উমামা! আল্লাহর কসম! তোমার আমার মাঝে যদি আত্মীয়তা না থাকত, তবে আমি এ পদক্ষেপ নিতাম না। তোমরা কি আমাদের মহল্লায় এমন কাজ করে বেড়াবে যা আমাদের পসন্দ নয়?
উল্লেখ্য, সা'দকে আসতে দেখে আস'আদ ইব্ন যুরারা (রা) মুস'আব (রা)-কে বলে রেখেছিলেন: হে মুস'আব! ঐ যে এক গোত্র প্রধান আসছেন। তিনি আপনার অনুসরণ করলে দু'জন লোকও আপনার থেকে পিছিয়ে থাকবে না।
মুস'আব (রা) সা'দকে বললেন: আপনি কি একটু বসে আমাদের কথা শুনবেন? ভাল লাগলে আপনি আমাদের কথা রাখবেন, আর ভাল না লাগলে রাখবেন না। সা'দ বললেন: তুমি ঠিকই বলেছ। এই বলে তিনি বর্শাটি মাটিতে পুঁতে রাখলেন এবং নিজে তাদের সামনে বসে পড়লেন।
মুস'আব (রা) তাঁর সামনে ইসলামের ব্যাখ্যা দিলেন এবং তাকে কুরআন পাঠ করে শোনালেন।
মুস'আব ও আস'আদ (রা) বলেন: সা'দ কোন মন্তব্য করার আগেই আমরা তার চেহারায় ইসলাম গ্রহণের চিহ্ন লক্ষ্য করলাম।
সা'দ তাদের বললেন: ইসলাম গ্রহণকালে আপনারা কি নিয়ম পালন করেন? তারা বললেন: গোসল করে পাক-পবিত্র হতে হয়, পরিধেয় বস্ত্রও পবিত্র করে নিতে হয়। এরপর শাহাদতের বাণী উচ্চারণ করে দু'রাক'আত সালাত আদায় করতে হয়।
সা'দ সেই মুহূর্তে উঠে গোসল করলেন। পরিধানের কাপড়ও ধুয়ে পাক করলেন। তারপর কালেমায়ে শাহাদত পাঠ করলেন এবং দু'রাক'আত সালাত আদায় করলেন। এরপর বর্শা হাতে নিয়ে গোত্রীয় সভাস্থলে গিয়ে হাযির হলেন। উসায়দ ইব্ন হ্যায়র (রা)-ও সঙ্গে ছিলেন।
সা'দকে আসতে দেখে গোত্রের লোক বলতে লাগল: আল্লাহ্র কসম! যে সা'দ গিয়েছিলেন, তিনি আর ফিরে আসেন নি, এ যে ভিন্ন সা'দ। তিনি তাদের সামনে এসে বললেন: হে আবদুল আশহাল গোত্র! তোমরা আমাকে কি মনে কর?
তারা বলল: আপনি আমাদের নেতা, আমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি, বিবেক-বুদ্ধিতেও আপনি সবার সেরা এবং আপনি একজন উৎকৃষ্টতম প্রতিনিধি বটে।
সা'দ (রা) বললেন: যদি তাই হয়, তবে আজ থেকে তোমাদের কোন নারী-পুরুষের সাথে আমার কোন কথা নেই-যতক্ষণ না তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আন।
মুস'আব ও আসাআদ (রা) বলেন: আল্লাহ্র কসম! সেই দিনই আবদুল আশহাল গোত্রের সকল নর-নারী ইসলাম গ্রহণ করে ফেলল। একজনও বাকী থাকল না।
এরপর আস'আদ ও মুস'আব (রা) সেখানে থেকে আস'আদ ইব্ন যুরারা (রা)-এর বাড়িতে ফিরে গেলেন। মুস'আর (রা) সেখানে অবস্থান করে মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকলেন।