📄 আবূ উযায়হির হত্যা ও তজ্জন্য আব্দ মানাফ গোত্রের উত্তেজনা
ইবন ইসহাক বলেন: এরপর ওয়ালীদের পুত্র হিশাম আবূ উযায়হিরের উপর হামলা করল। সে তখন যুলমাজায বাজারে ছিল। আবূ উযায়হিরের কন্যা আতিকা ছিল আবূ সুফইয়ান ইব্ন হারবের পত্নী। আবূ উযায়হির ছিল তার গোত্রের একজন সম্ভ্রান্ত ব্যক্তি। হিশাম উক্ত বাজারে তাকে হত্যা করে তার পিতার স্ত্রীকে আটকে রাখার প্রতিশোধ নেয়। এ সম্পর্কে তার পিতা তাকে ওসিয়ত করে গিয়েছিল। এ ঘটনা নবী (সা)-এর মদীনায় হিজরত করে যাওয়ার পর সংঘটিত হয়েছিল। ইতিমধ্যে বদর যুদ্ধও শেষ হয়েছিল। নেতৃবর্গের মধ্যে অনেকে মারা যায় এবং বন্দী হয়।
আবূ উযায়হির নিহত হওয়ার পর আবূ সুফইয়ানের পুত্র ইয়াযীদ বনু আব্দ মানাফকে সংঘবদ্ধ করে। আবূ সুফইয়ান তখন যুলমাজায বাজারে ছিল। লোকেরা বলতে লাগল: আবূ সুফইয়ানের শ্বশুরকে হত্যা করে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সে প্রতিশোধ নিয়ে ছাড়বে। আবূ সুফইয়ান তার পুত্র ইয়াযীদের এ কাণ্ডের কথা শুনে দ্রুত মক্কায় চলে আসল। স্বভাব-চরিত্রে সে ছিল অত্যন্ত ধৈর্যশীল ও বিচক্ষণ লোক। নিজ গোত্রের প্রতি তার ভালবাসার অন্ত ছিল না। তার আশংকা হল আবূ উযায়হিরকে নিয়ে কুরায়শদের মাঝে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে। সে তাড়াতাড়ি পুত্রের কাছ চলে গেল। সে তখন বনু আব্দ মানাফ ও মুতায়িবীনের মাঝে অস্ত্রসজ্জিত অবস্থায় ছিল। সে তার হাত থেকে বর্শা ছিনিয়ে নিয়ে তার মাথায় এমন জোরে আঘাত করল, যার ফলে তার মাথা ফেটে গেল। এরপর সে তাকে বলল: আল্লাহ্ তোর ধ্বংস করুক! তুই দাওস গোত্রীয় এক ব্যক্তিকে নিয়ে কুরায়শদের মাঝে আত্মকলহের সৃষ্টি করতে চাস? তারা যদি রক্তপণ দাবি করে, তবে আমি শীঘ্রই তা আদায় করে দেব। এভাবে সে বিষ্ফোরন্মুখ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
কিন্তু এর পরই হাসান ইবন সাবিত তৎপরতা চালালেন। তিনি আবূ উযায়হিরের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য মানুষকে উত্তেজিত করতে লাগলেন। আবূ সুফইয়ানের প্রতি বিশ্বাস হনন ও কাপুরুষতার অভিযোগ এনে তিনি বললেন:
غدا اهل ضوجي ذي المجاز كليهما x وجار ابن حرب بالمغممس ما يغدو ولم يمنع الغير الضروط ذماره × وما منعت مخزاة والدها هند كساك هشام بن الوليد ثيابه × قابل واخلف مثلها جددا بعد قضى وطرا منه فاصبح ما جدا × واصبحت رخوانا ما تخب تعدو فلو ان اشياخا بيدر تشاهدوا × لبل نعال القوم معتبط ورد
"যুলমাজাযের উভয় পক্ষের লোক ভোরে বের হয়ে পড়ে অথচ ইব্ন হারবের প্রতিবেশী মুগাম্মাসই থেকে যায়, বের হয় না। গাধা যা সংরক্ষণ করতে পারত, তা সে সংরক্ষণ করল না, যাকে রক্ষা করা তার কর্তব্য ছিল। আর হিন্দা ও তার বাপকে অপমান হতে বাঁচাতে পারল না। হিশাম ইব্ন ওয়ালীদ নিহত ব্যক্তির কাপড়-চোপড় তোমাকে পরিয়েছে। তুমি এটা জীর্ণ করে ফেল, আর এর পরেও যেন অনুরূপ নতুন কাপড় তুমি পরতে পার। সে তো তার কাজ শেষ করে ফেলেছে, ফলে সে সম্মানের অধিকারী হয়েছে। আর তুমি হয়ে গেছ অলস-ঢিলে, তুমি না পার দ্রুত চলতে, আর না পার দৌড়াতে। যদি বদরের বুড়োরা তাকে দেখত, তবে তাজা রক্তে সকলের জুতো সিক্ত হত।"
হাসান (রা)-এর এ কবিতা আবূ সুফইয়ানের কানে পৌঁছলে সে বলল: সে তো দাওস গোত্রীয় এক ব্যক্তির জন্য আমাদের পরস্পরের মাঝে কলহের সৃষ্টি করতে চাচ্ছে। আল্লাহ্ কসম! তার চিন্তা অত্যন্ত মন্দ।
📄 খালিদ (রা) কর্তৃক তার পাওনা সুদ দাবি ও এ সম্পর্কিত আয়াত
তায়ফবাসী ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ্ (সা) খালিদ ইব্ন ওয়ালীদ (রা)-এর সাথে তার পিতা ওয়ালীদের সুদ সম্পর্কে আলোচনা করেন। বনূ সাকীফের নিকট ওয়ালীদের সুদ পাওনা ছিল, যা আদায় করার জন্য সে তার পুত্রকে ওসিয়ত করে গিয়েছিল।
ইবন ইসহাক বলেন: বিজ্ঞজনদের অনেকে আমার কাছে বর্ণনা করেছেন যে, খালিদ ইব্ন ওয়ালীদ যখন তার পিতার পাওনা সুদ দাবি করল, যা লোকদের কাছে পাওনা ছিল, তখন এ আয়াত নাযিল হয়: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ - "হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মু'মিন হও।” (২: ২৭৮)।
📄 আবূ উযায়হির হত্যা প্রতিশোধ উম্মু গায়লান প্রসঙ্গে
আমাদের জানামতে, আবূ উযায়হির হত্যার কোন প্রতিশোধ গ্রহণ করা হয়নি। অবশেষে ইসলাম মানুষের জানমাল হিফাযতের নিশ্চয়তা বিধান করে। অবশ্য যিরার ইবন খাত্তাব ইব্ন মিরদাস ফিহরী সম্পর্কে বর্ণিত আছে যে, সে একদল কুরায়শসহ দাওস গোত্রের এলাকায় গিয়েছিল। সেখানে উম্মু গায়লান নাম্মী এক মহিলার বাড়িতে তারা যায়। সে মহিলা ছিল দাওস গোত্রের আযাদকৃত দাসী। তার পেশা ছিল মহিলাদের চুল বিন্যাস করা এবং নববধূকে সাজানো। দাওস গোত্রের লোকেরা আবূ উযায়হির হত্যার প্রতিশোধে তাদের হত্যা করতে চেয়েছিল। কিন্তু উম্মু গায়লান ও তার সাথীরা রুখে দাঁড়ায় এবং তাদের বাধা দিতে সক্ষম হয়। যিরার ইব্ন খাত্তাব এ সম্পর্কে বলেন:
جزى الله عنا ام غيلان صالحا * ونسوتها اذهن شعث عواطل فهن دفعن الموت بعد اقترابه × وقد برزت للثائرين المقاتل دعت دعوة دوسا فسالت شعابها × بعز وادتها الشراج القوابل وعمرا جزاه الله خيرا فماً ونى x وما بردت منه لدى المفاصل فجردت سيفى ثم قمت ينصله × وعن اى نفس بعد نفسی اقاتل "আল্লাহ্ তা'আলা আমাদের পক্ষ হতে উম্মু গায়লান ও তার সাথীদের উত্তম বিনিময় দান করুন। তারা ছিল অপরিপাটি ও নিরাভরণ।
তারা সমাগত মৃত্যুকে পিছু হটিয়ে দিয়েছিল, অথচ প্রতিশোধ গ্রহণেচ্ছুদের জন্য হত্যার স্থান প্রকাশ পেয়েছিল। উম্মু গায়লান দাওস গোত্রকে সন্ধির জন্য আহবান জানায়, ফলে তাদের সকল শাখা মান-সম্মানের প্রতি ধাবিত হয় এবং সামনের শাখাগুলো সে প্রবাহকে আরও বেগবান করে, (অর্থাৎ তারা সবাই সন্ধির ব্যাপারে একমত হয়)।
আল্লাহ্ তা'আলা আমরকেও উত্তম বদলা দিন, সে আদৌ অলসতা করেনি। আমার ব্যাপারে তার অস্থিগ্রন্থিগুলো শিথিল হয়নি, অর্থাৎ সে চেষ্টার কোন ত্রুটি করেনি। অতএব আমি তরবারি টেনে নিই এবং তার ফলা নিয়ে দাঁড়িয়ে যাই। নিজকে রক্ষার জন্যই যদি না লড়াই করি, তবে আর কার জন্য লড়ব?"
📄 উম্মু জামীল ও খলীফা 'উমর ইবন খাত্তাব (রা)
'উমর ইব্ন খাত্তাব (রা) খলীফা হওয়ার পর উম্মু জামীল তাঁর সাথে সাক্ষাৎ করতে আসে। তার ধারণা ছিল যিরার খলীফার ভাই। সে যখন যিরারের বংশ পরিচয় উল্লেখ করে, তখন যিরারের ঘটনা খলীফার মনে পড়ল। তিনি বললেন: ইসলামী ভ্রাতৃত্ব ছাড়া আর কোনরূপ ভ্রাতৃত্ব তার সাথে আমার নেই। সে তো এখন গাযী। তার প্রতি তোমার অনুগ্রহের কথা আমি জানি। এরপর তিনি তাকে একজন মুসাফির হিসাবে কিছু অর্থ প্রদান করেন।