📄 খুযা'আ গোত্রের বিদ্রূপকারী
হারিস ইব্ন তুলাতিলা। সে ছিল খুযা'আ গোত্রের লোক। বংশ তালিকা এরূপ: হারিস ইব্ন তুলাতিলা ইবন 'আমর ইবন হারিস ইব্ন আব্দ 'আমর ইব্ন লুআঈ ইন্ন মালকান। এদের অশুভ তৎপরতা যখন চরমে পৌঁছল এবং নবী (সা)-এর প্রতি তাদের ঠাট্টা-বিদ্রুপের মাত্রা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ্ তা'আলা এ আয়াত নাযিল করেন:
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ - إِنَّا كَفَّيْتُكَ الْمُسْتَهْزِنِينَ - الَّذِينَ يَجْعَلُونَ مَعَ اللَّهِ الهَا أُخَرَ فَسَوْفَ يَعْلَمُونَ -
"আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের উপেক্ষা করুন। আমিই আপনার জন্য যথেষ্ট বিদ্রূপকারীদের বিরুদ্ধে, যারা আল্লাহর সাথে অপর ইলাহ প্রতিষ্ঠা করেছে, শীঘ্রই তারা জানতে পারবে।” (১৫: ৯৪-৯৬)।
📄 বিদ্রূপকারীদের পরিণাম
ইবন ইসহাক বলেন: উরওয়া ইন্ন যুবায়র ও অন্যান্য আলিম হতে ইয়াযীদ ইব্ন রূমান আমার কাছে বর্ণনা করেন যে, একদা এসব কাফির যখন আল্লাহ্র ঘর তাওয়াফ করছিল, তখন জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসেন। তাঁরা পাশাপাশি দাঁড়ালেন। এ সময় আসওয়াদ ইব্ন মুত্তালিব তাঁদের পাশ দিয়ে যায়। জিবরাঈল একটি সবুজ পাতা তার চেহারায় ছুঁড়ে মারেন। ফলে সে অন্ধ হয়ে যায়। এরপর আসওয়াদ ইব্ন আব্দ ইয়াগূস তাঁদের পাশ দিয়ে অতিক্রম করে। তখন জিবরাঈল (আ) তার পেটের প্রতি ইশারা করেন। ফলে সে দুরারোগ্য উদরাময়ে ভুগে মারা যায়। ওয়ালীদ ইব্ন মুগীরাও সেখান দিয়ে অতিক্রম করে। জিবরাঈল (আ) তার পায়ের গোছার নীচে একটি ক্ষতের প্রতি ইশারা করেন। এ ক্ষতটি কয়েক বছর আগে একটি তীরের খোঁচায় সৃষ্টি হয়েছিল। ঘটনা ছিল এরূপ: সে একদিন পরিধেয় বস্ত্র মাটিতে হেঁচড়ে হেঁচড়ে পথ চলছিল। এভাবে সে বনূ খুযা'আর এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিল। সে তখন তীর বানাচ্ছিল। তার একটি তীরের ফলক ওয়ালীদের কাপড়ে বিঁধে যায় এবং তারই খোঁচা তার পায়ে লাগে। তবে সে খোঁচায় মামুলী ক্ষতই সৃষ্টি হয়েছিল কিন্তু জিবরাঈল (আ)-এর ইশারায় উক্ত ক্ষত আবার তাজা হয়ে উঠে এবং শেষ পর্যন্ত এটাই তার মৃত্যুর কারণ হয়।
এমনিভাবে আস ইব্ন ওয়ায়ল সেখান দিয়ে অতিক্রম করলে জিবরাঈল (আ) তার পায়ের তলার দিকে ইশারা করেন। এরপর সে একটি গাধার পিঠে চড়ে তায়ফ যাচ্ছিল। গাধাটি তাকেসহ একটি প্রকাণ্ড গাছ তলায় বসে পড়ে। এ সময় তার পায়ের নীচে একটি কাঁটা ফোটে এবং শেষ পর্যন্ত এতেই তার মৃত্যু ঘটে।
হারিস ইব্ন তুলাতিলাও সেখান দিয়ে গেলে জিবরাঈল (আ) তার মাথার দিকে ইশারা করেন। ফলে তার মাথায় পুঁজ জমে এবং এতেই সে মারা যায়।