📄 মি'রাজ সম্পর্কে আবু সাঈদ খুদরী (রা)-এর হাদীসের অবশিষ্টাংশ
আবূ সাঈদ খুদরী (রা) তাঁর বর্ণিত হাদীসে বলেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: প্রথম আসমানে প্রবেশ করার পর আমি এক ব্যক্তিকে বসা অবস্থায় দেখতে পেলাম। তাঁর সামনে বনী আদমের রূহ পেশ করা হচ্ছে। কোনটিকে পেশ করা হলে তিনি খুশি হয়ে বলেন: এ একটি পবিত্র আত্মা যা একটি পবিত্র দেহ হতে নির্গত। আবার কোনটিকে পেশ করা হলে তিনি মুখে বিরক্তি প্রকাশ করে বলেন উহু! এ একটি নিকৃষ্ট আত্মা যা একটি নিকৃষ্ট দেহ হতে নির্গত।
আমি বললাম: হে জিবরাঈল! ইনি কে? তিনি বললেন ইনি আপনার পিতা আদম (আ)! তাঁর সামনে তার সন্তানদের আত্মা পেশ করা হয়। কোন মু'মিনের আত্মা হাযির করা হলে তিনি খুশি হন এবং বলেন: একটি পবিত্র আত্মা, যা পবিত্র দেহ হতে নির্গত। পক্ষান্তরে তাঁর সামনে কাফিরের আত্মা হাযির করা হলে তিনি কষ্ট পান ও বিরক্ত হয়ে ওঠেন এবং বলেন: একটি নিকৃষ্ট আত্মা, যা নিকৃষ্ট দেহ হতে নির্গত।
📄 ইয়াতীমদের মাল আত্মসাৎকারীদের অবস্থা
তিনি বলেন, এরপর আমি কতগুলো লোক দেখলাম, যাদের ঠোঁট উটের ঠোঁটের মত। তাদের হাতে প্রস্তরখণ্ডের মত আগুনের টুকরা। তারা তা নিজেদের মুখের ভেতর নিক্ষেপ করছে, আর পরক্ষণেই তা পশ্চাদদ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম: হে জিবরাঈল। এরা কারা? জিবরাঈল বললেন এরা হলো অন্যায়ভাবে ইয়াতীমের মাল আত্মসাৎকারী।
📄 সুদখোরদের অবস্থা
তিনি বলেন: এরপর আমি আরও কিছু লোক দেখলাম, যাদের পেটের মত বীভৎস পেট আমি আর কখনও দেখিনি। তারা ফির'আউন সম্প্রদায়ের গমন পথে তৃষ্ণার্ত উটের মত পড়েছিল। ফির'আউন সম্প্রদায় জাহান্নামে গমনকালে তাদের পায়ের তলে পিষ্ট করে যাচ্ছিল। তাদের এতটুকু ক্ষমতা ছিল না যে, সে স্থান থেকে সরে গিয়ে নিজেদের সে দুর্গতি হতে রক্ষা করবে।
রাসূলুল্লাহ (সা) বলেন, আমি জিজ্ঞেস করলাম হে জিবরাঈল! এরা কারা? তিনি বললেন: এরা হচ্ছে সুদখোরের দল।
📄 ব্যভিচারীদের অবস্থা
নবী (সা) বলেন: এরপর আমি আরও একদল লোক দেখলাম। তাদের সামনে রয়েছে পরিপুষ্ট উপাদেয় গোশত এবং তার পাশে দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট গোশত। তারা সেই উৎকৃষ্ট গোশত রেখে নিকৃষ্ট পুঁতিগন্ধময় গোশত খাচ্ছে।