📄 মুশরিকদের দাবি খ্রিস্টান জার রাসূলুল্লাহ্ (সা)-কে শিক্ষা দান করত: এ সম্পর্কে আল্লাহ্ নাযিল করেন
ইবন ইসহাক বলেন রাসূলুল্লাহ্ (সা) প্রায়ই মারওয়ার কাছে এক খ্রিস্টান গোলামের দোকানের পাশে বসতেন। সেই ছিল হাদরামী গোত্রের গোলাম, যাকে জাবর বলা হত। ফলে কাফিররা বলত: আল্লাহ্র কসম! মুহাম্মদ যা কিছু শোনায় তা ঐ খ্রিস্টান গোলাম জাবরেরই শেখানো। তাদের এ বক্তব্যের জবাবে আল্লাহ্ নাযিল করেন: وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عربی مبین - "আমি তো জানি, তারা বলে, তাকে শিক্ষা দেয় এক মানুষ। তারা যার প্রতি এটা আরোপ করে তার ভাষা তো আরবী নয়; কিন্তু কুরআনের ভাষা স্পষ্ট আরবী ভাষা।” (১৬: ১০৩)।
ইবন হিশাম বলেন, يلحدون اليه অর্থ 'যার দিকে তারা আকৃষ্ট হয় ' الإلحاد অর্থ সত্য হতে বিচ্যুত হওয়া। রু'বা ইবন 'আজ্জাজ তার এক কবিতায় বলে: اذا تبع الضحاك كل ملحد "যখন সকল সত্যত্যাগী দাহ্হাকের অনুসরণ করল।"
ইব্ন হিশাম বলেন: এ দ্বারা দাহ্হাক খারিজীকে বোঝানো হয়েছে। এটা তার কবিতার অংশ।