📄 রাসূলুল্লাহ্ (সা) মদ হারাম বলেন শুনে প্রত্যাবর্তন ও মৃত্যু
আ'শা মক্কায় বা তার কাছাকাছি পৌঁছলে জনৈক কুরায়শ মুশরিকের সাথে তার সাক্ষাৎ হয়। সে তাকে তার আগমনের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলল: সে রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। তখন কুরায়শ লোকটি বলল: হে আবু বাসীর! তিনি যে ব্যভিচার নিষিদ্ধ করেন। আ'শা বলল: আল্লাহ্র কসম! কাজটি গুরুতর, এতে আমার কোন আগ্রহ নেই। তখন সে আবার তাকে বলল: তিনি তো মদপানকেও হারাম বলেন। আ'শা বলল: হ্যাঁ, আল্লাহর কসম! এতে অবশ্য আমার কিছুটা আসক্তি আছে। বরং এ বছর আমি মক্কা থেকে ফিরে যাচ্ছি। এ বছর আমি স্বাদ মিটিয়ে মদপান করব। এরপর ফিরে এসে ইসলাম গ্রহণ করব। এই বলে আ'শা ফিরে যায়। কিন্তু সে বছরই সে মারা যায়। সে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে আর ফিরে আসেনি।
📄 রাসূলুল্লাহ্ (সা)-এর সামনে আবূ জাহলের লাঞ্ছনা
ইবন ইসহাক বলেন: আল্লাহর দুশমন আবু জাহল ইব্ন হিশাম যদিও রাসূলুল্লাহ্ (সা)-এর ঘোর দুশমন ছিল, তার মনে ছিল তাঁর প্রতি প্রচণ্ড বিদ্বেষ এবং তাঁকে উৎপীড়নও করত সেই মাত্রায়, কিন্তু রাসূলুল্লাহ্ (সা)-এর সামনাসামনি হলে আল্লাহ্ তা'আলা তাকে অপমানিত করতেন।
📄 আবূ জাহলের কাছে জনৈক ইরাশীর উট বিক্রয়
ইবন ইসহাক বলেন: জ্ঞানী আবদুল মালিক ইব্ন আবদুল্লাহ্ ইব্ন আবূ সুফইয়ান সাকাফী আমার কাছে বর্ণনা করেন যে, ইব্ন হিশাম বলেন: ইরাশা গোত্রের এক ব্যক্তি তার কয়েকটি উট নিয়ে মক্কায় আসে। আবু জাহল তার থেকে সে উট খরিদ করে নেয়। কিন্তু দাম নিয়ে টালবাহানা শুরু করে দেয়। নিরুপায় হয়ে সে ইরাশী কুরায়শদের একটি সভাস্থলে এসে উপস্থিত হয়। তখন রাসূলুল্লাহ্ (সা) মসজিদের এক পাশে বসেছিলেন। ইরাশী লোকটি বলল: হে কুরায়শরা। কেউ আছে কি, যে আবুল হাকাম ইব্ন হিশামের কাছ থেকে আমার উটের দাম আদায় করে দেবে? আমি একজন বিদেশী মুসাফির। সে আমার হক আদায়ে গড়িমসি করছে। রাবী বলেন: তখন সে মজলিসের লোকেরা তাকে বলল: তুমি কি ঐ বসা লোকটি [রাসূলুল্লাহ্ (সা)]-কে দেখতে পাচ্ছ না, তুমি তাঁর কাছে যাও সে তোমার পাওনা তার থেকে আদায় করে দেবে। রাসূলুল্লাহ্ (সা) ও আবূ জাহলের মধ্যকার দুশমনির কথা জানত বলেই তারা এরূপ করেছিল।
📄 আবূ জাহল থেকে লোকটির জন্য রাসূলুল্লাহ্ (সা)-এর ন্যায়বিচার আদায়
ইরাশী লোকটি রাসূলুল্লাহ্ (সা)-এর সামনে এসে বলল, হে আল্লাহর বান্দা! আবুল হাকাম ইবন হিশামের কাছে আমার কিছু পাওনা আছে, কিন্তু আমাকে দুর্বল পেয়ে সে তা আদায়ে গড়িমসি করছে। আমি একজন বিদেশী মুসাফির। আমি ঐ মজলিসের লোকদের কাছে তার থেকে আমার হক আদায়ের ব্যাপারে সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু তারা আপনাকে দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনি তার কাছ থেকে আমার পাওনা আদায় করে দিন, আল্লাহ্ আপনার প্রতি রহম করবেন। তিনি (সা) বললেন: তার কাছে চল, রাসূলুল্লাহ্ (সা) নিজেও তার সঙ্গে উঠলেন। তা দেখে মজলিসের লোকেরা তাদের একজনকে বলল : তুমি তাঁর অনুসরণ কর আর তিনি কি করেন তা দেখ।