📄 চুক্তিপত্র ছিঁড়ে ফেলার সংকল্প করলে হিশামের দল ও আবু জাহলের মাঝে যা ঘটে
তারা মক্কার উঁচু দিকে হাজুন নামক স্থানের সূচনাভাগে একটি জায়গা ঠিক করে নিলেন যে, সেখানে তারা রাত্রিকালে গোপনে মিলিত হয়ে এ ব্যাপারে সলা-পরামর্শ করবেন। কথামত তাঁরা সেখানে একত্রিত হলেন এবং অঙ্গীকারাবদ্ধ হলেন যে, উক্ত অন্যায় চুক্তিপত্র রদ করার জন্য তারা জোর তৎপরতা চালাবেন। যতক্ষণ না তাঁরা সফলকাম হবেন, ততক্ষণ পর্যন্ত তাঁরা তাঁদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তখন যুহায়র ইব্ন আবূ উমাইয়া বললেন: আমিই তোমাদের আগে ভাগে থাকব এবং এ ব্যাপারে আমিই প্রথম কথা বলব।
পরদিন সকালে তারা নিজ-নিজ সভাস্থলগুলোর দিকে রওয়ানা হলেন। যুহায়র ইব্ন আবূ উমাইয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করে, প্রথমে সাতবার কা'বা শরীফের তাওয়াফ করলেন। এরপর লোকদের কাছে এসে এ মর্মে ভাষণ দিলেন যে, হে মক্কাবাসী! আমরা খেয়ে-পরে সুখে থাকব, আর বনু হাশিম সমাজ-বর্জিত অবস্থায় ধ্বংস হবে, তাদের সাথে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে, এটা কি করে হতে পারে? আল্লাহর কসম! এই সম্পর্ক নষ্টকারী অন্যায় চুক্তিপত্র ছিঁড়ে টুকরো টুকরো না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না।
তখন আবু জাহল মসজিদে হারামের এক কিনারায় বসা ছিল। সে বলল: তুমি মিথ্যা বলেছ। আল্লাহ্র কসম, ওটা ছেঁড়া যাবে না। যাম'আ ইব্ন আসওয়াদ বললেন: বরং আল্লাহর কসম! তুমিই বড় মিথ্যাবাদী। আমরা শুরুতেই এ চুক্তিতে সম্মত ছিলাম না। আবুল বাখতারী বললেন: যাম'আ ঠিকই বলেছে, এতে যা লেখা হয়েছে, তাতে আমরা রাযী নই এবং আমরা তা স্বীকারও করি না। মুতঈম ইবন 'আদী বললেন তোমরা দু'জনে সত্যই বলেছ। এর বিপরীত যে বলে, সে-ই মিথ্যুক। আমরা আল্লাহ্ তা'আলার কাছে এই চুক্তির সাথে নিজেদের সম্পর্কহীনতা ঘোষণা করছি। হিশাম ইবন 'আমরও তাদের সমর্থন করলেন। আবূ জাহল এসব শুনে বলল: নিশ্চয়ই এটা রাতের অন্ধকারে স্থির করা হয়েছে এবং অন্য কোথাও বসে সলা-পরামর্শ করে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তখন আবূ তালিব মসজিদের এক কোণে উপবিষ্ট ছিলেন। মুতঈম উঠে গিয়ে চুক্তিপত্রটি ছেঁড়ার জন্য নামিয়ে আনলেন। দেখা গেল তার باسمك اللهم (হে আল্লাহ! আপনার নামে আরম্ভ করছি) অংশটুকু ছাড়া, বাকি টুকু উইপোকা খেয়ে ফেলেছে।
📄 চুক্তিপত্র লেখকের হাত অবশ হওয়া প্রসঙ্গে
এ চুক্তিনামাটি মানসুর ইবন ইকরিমা লিখেছিল। কথিত আছে যে, পরবর্তীকালে তার হাত অবশ হয়ে যায়।
📄 চুক্তিপত্র কীটে খাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা)-এর সংবাদ দান ও পরবর্তী বৃত্তান্ত
ইন হিশাম বলেন: এক বর্ণনায় জানা যায় যে, রাসূলুল্লাহ্ (সা) আবূ তালিবকে বলেছিলেন: হে চাচা! আমার রব কুরায়শদের চুক্তিনামা খেয়ে ফেলার জন্য উইপোকাকে ক্ষমতা দিয়েছেন। তার যত জায়গায় আল্লাহ্ নাম লেখা ছিল, তা বাদ দিয়ে তাদের যুলুম, আত্মীয়তা বিচ্ছেদ ও অপবাদমূলক যত কথা ছিল, তা উইপোকায় খেয়ে ফেলেছে। আবু তালিব বললেন: তোমার রব কি তোমাকে এ সংবাদ জানিয়েছেন? তিনি বললেন: হ্যাঁ। আবূ তালিব বললেন: তা হলে আল্লাহ্র কসম! কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এই বলে তিনি কুরায়শদের কাছে চলে গেলেন।
তিনি বললেন: হে কুরায়শ সম্প্রদায়! আমার ভাতিজা আমাকে এই এই সংবাদ দিয়েছে। কাজেই তোমরা এসে দেখ, তোমাদের চুক্তিপত্রের কি অবস্থা। তার সংবাদ যদি সঠিক হয়, তা হলে তোমরা আমাদের সাথে এই সম্পর্কচ্ছেদ পরিহার কর। আর তোমরা তোমাদের অবস্থান হতে সরে আস। পক্ষান্তরে তাঁর সংবাদ যদি সত্য না হয়, তবে আমি তাঁকে তোমাদের হাতে তুলে দেব।
কুরায়শগণ বলল: আমরা এতে রাযী। তারা সকলে এ প্রস্তাবে একমত হল। অবশেষে চুক্তিপত্র নামিয়ে আনা হল। দেখা গেল, রাসূলুল্লাহ্ (সা)-এর দেওয়া খবর সম্পূর্ণ সত্য। কিন্তু এতে তাদের হঠকারিতা আরও বেড়ে গেল। এ সময় কুরায়শের উপরিউক্ত দলটি চুক্তিনামাটি টুকরো টুকরো করে ফেলল।
📄 চুক্তিপত্র ছিন্নকারীদের প্রশংসায় আবু তালিবের কবিতা
ইবন ইসহাক বলেন: চুক্তিপত্রটি ছিন্ন করা হলে এবং তাতে যা লেখা ছিল তা বাতিল হয়ে গেলে, যারা এ চুক্তিনামা ছিন্ন করেন, আবু তালিব তাঁদের প্রশংসায় এ কবিতা রচনা করেন:
الاهل اتي بحرينا صنع ربنا * على نايهم والله بالناس ارود
কে আছে এমন যে সুদূর সাগরের ওপারে অবস্থিত আমাদের ভাইদের কাছে পৌঁছে দেবে আমাদের রবের আচরণের কথা। আল্লাহ্ তো মানুষের প্রতি অতি মেহেরবান।
فيخبرهم ان الصحيفة مزقت × وان كل مالم يرضه الله مفسد
তাদের কাছে পৌঁছে দেবে এ বার্তা যে, চুক্তিপত্রটি ছিন্নভিন্ন করে ফেলা হয়েছে। বস্তুত আল্লাহ্ মনঃপূত নয় এমন সবই ধ্বংস হতে বাধ্য।
تراوحها افك وسحر مجمع × ولم يلف سحر اخر الدهر يصعد
চুক্তিটি ছিল অপবাদ ও ইচ্ছাকৃতভাবে মিথ্যায় পরিপূর্ণ, কিন্তু মিথ্যা কখনও স্থায়ী হয় না।
এ চুক্তিপত্র সম্পাদনে এমন সব লোক একত্রিত হয়েছিল, যারা এতে পুরোপুরিভাবে একমত ছিল না। ফলে এ চুক্তির অশুভ পাখি তাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছিল।
বস্তুত চুক্তিপত্রের এ ব্যাপারটি ছিল এমন এক জঘন্য অপরাধ, যার বদলে সংশ্লিষ্ট সকলের হাত ও গর্দান কেটে ফেললেই উচিত বিচার হত।
মক্কার উভয় পাশের লোকদের যখন পথিকেরা অতিক্রম করে, তখন তারা তাদের অনিষ্টের আশংকায় সেখান থেকে ভীত-প্রকম্পিত অবস্থায় দ্রুত পালিয়ে যায়।
আর উপার্জনকারীকে ভেবে-চিন্তে সিদ্ধান্ত গ্রহণের জন্য অবকাশ দেওয়া হয় যে, সে তিহামার পথ ধরবে, না কি নজদের।
আখশাবায়ন পর্বতদ্বয়ের মাঝখানে উঠে আসে এমন এক বাহিনী, যার রয়েছে ঢের তিক্ত ফল-তীর, ধনুক আর তরবারি।
যদি এমন কেউ থাকে, যে মান-সম্মানের সাথে মক্কায় লালিত-পালিত হয়েছে; তবে তার জেনে রাখা উচিত যে, আমরা মক্কা উপত্যকায় পুরুষানুক্রমে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
আমরা এখানে প্রতিপালিত হয়েছি, যখন এখানকার জনসংখ্যা ছিল সামান্য। এরপর আমরা দিন দিন কল্যাণপ্রাপ্ত হতে থাকি; আর আমাদের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়তে থাকে।
আমরা মানুষকে অন্নদান করতে থাকি, ফলে এক পর্যায়ে অন্য লোকদের মর্যাদা ম্লান হয়ে যায়। আমরা তখনও অন্নদান করি, যখন জুয়ার তীর তুলতে গিয়ে কেঁপে ওঠে প্রতিযোগীর হাত।
আল্লাহ্ তা'আলা সেই দলটিকে উত্তম বদলা দান করুন, যারা হাজুন থেকে একের পর এক জনসমক্ষে এসে হাযির হয় এবং তাদেরকে জ্ঞান-বুদ্ধির কথা শোনায় এবং সৎপথের সন্ধান দেয়।
তারা খাতমুল-হাজুন নামক স্থানে এমনভাবে বসে ছিলেন, যেন তারা রাজণ্যবর্গ। বস্তুত তারা ছিলেন সম্মানিত নেতাদের মধ্যে অতি মর্যাদাবান।
اعان عليها كل صقر كانه × اذا مامشى في رفرف الدرع احد ....
এতে যাঁরা সহযোগিতা করেছিলেন, তারা প্রত্যেকে ছিলেন বাজপাখির মত। যখন তারা দীর্ঘ বর্ম পরিহিত অবস্থায় এগিয়ে চলতেন, তখন তারা ধীর পদক্ষেপে চলতেন।
جرى على جلى الخطوب كانه × شهاب بكفى قابس يتوقد
অনেক বড় বিপজ্জনক কাজেও তারা সাহসিকতার পরিচয় দেন, তারা যেন এক-একটা অগ্নিশিখা, যা অগ্নি গ্রহণকারীর হাতে দাউ-দাউ করে জ্বলতে থাকে।
من الاكرمين من لؤى بن غالب × اذا سيم خسفا وجهه يتربد
তারা লুআঈ ইব্ন গালিবের বংশধরদের মধ্যে অন্যতম মর্যাদাবান, যখন তদের সাথে কোন অবমাননাকর আচরণ করা হয়, তখন তাদের চেহারা পরিবর্তিত হয়ে যায়।
طويل النجاد خارج نصف ساقه x على وجهه يسقى الغمام وسعد
তারা দীর্ঘ দেহের অধিকারী, তাদের পায়ের অর্ধেক পরিধেয় বস্ত্রের বাইরে থেকে যায়। তাদের চেহারার বদৌলতে মেঘ বৃষ্টি বর্ষণ করে এবং নিজেকে ধন্য মনে করে।
عظيم الرماد سيد و ابن سيد × يحض على مقعرى الضيوف ويحشد
তারা দানবীর, জননেতা এবং নেতার সন্তান, তারা অন্যকেও অতিথি আপ্যায়নে উৎসাহিত করে এবং নিজেরাও এ উদ্দেশ্যে অর্থ সঞ্চয় করে।
بيني لابناء العشيرة صالحا × اذا نحن طفنا في البلاد ويمهد
আমরা যখন দেশ-বিদেশে সফরে থাকি, তখন তারা তাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য ঘর-বাড়ি তৈরি করে এবং অন্যান্য আসবাবপত্রের ব্যবস্থা করে।
الظ بهذا الصلح كل مبرأ × عظيم اللواء أمره ثم يحمد
ঐ সন্ধিপত্রে হস্তক্ষেপ করে এমন সব লোক, যাঁরা নির্মল চরিত্রের অধিকারী, বৃহৎ ঝাণ্ডাধারী জননেতা, তদুপরি তারা সর্বজননন্দিত।
قضوا ما قضوا في ليلهم ثم اصبحوا * على مهل وسائر الناس رقد
তারা রাত্রিকালে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিল এবং তারা সকালে তাদের উদ্দিষ্ট স্থানে ধীর-স্থিরভাবে পৌঁছে গেল; আর এ সময় অন্য লোকেরা নিদ্রায় বিভোর ছিল।
هم رجعوا سهل بن بيضاء راضيا × وسر ابو بكر بها ومحمد
তারা সাহল ইব্ন বায়যাকে রাযী করে ফিরিয়ে দিল, আর তাদের এ কাজে মুহাম্মদ (সা) ও আবূ বকর (রা) খুশি হলেন।
متى شرك الاقوام في جل امرنا * وكنا قديما قبلها نتودد
এরা আমাদের বড় বড় কাজে অংশগ্রহণ করেছে? আমরা তো এ চুক্তিপত্রের আগে, বহু আগ থেকেই পরস্পর বন্ধুভাবাপন্ন ছিলাম।
وكنا قديما لا نقر ظلامة × وندرك ما شئنا ولا نتشدد
সুদূর অতীত থেকে আমরা কখনও যুলুমকে প্রশ্রয় দেইনি। আমরা যা চাইতাম তা করতাম, কিন্তু কখনও কঠোর হতাম না।
فيا القصى هل لكم في نفوسكم x وهل لكم فيما يجئ به غد
সুতরাং হে বনূ কূসাই! তোমাদের জন্য আশ্চর্য! তোমরা কি কখনো তোমাদের ভাল-মন্দের কথা চিন্তা করেছ, আগামীকাল কি ঘটতে পারে, সে ব্যাপারে তোমরা কি একবারও চিন্তা করে দেখেছ?
فاني واياكم كما قال قائل × لديك البيان لو تكلمت اسود
আমার ও তোমাদের অবস্থা তো ঠিক সেইরূপ, যেমন কেউ বলেছিল: হে আসওয়াদ পাহাড়! কথা বলার শক্তি তোমারই আছে, যদি তুমি বলতে।