📄 যুহায়র ইব্ন আবু উমাইয়াকে দলে ভিড়ানোর জন্য হিশামের চেষ্টা
ইবন ইসহাক বলেন: একদিন তিনি যুহায়র ইব্ন আবূ উমাইয়া ইব্ন মুগীরা ইবন 'আবদুল্লাহ্ ইবন উমর ইব্ন মাখযূমের সাথে সাক্ষাৎ করলেন। যুহায়র ছিলেন আবদুল মুত্তালিবের কন্যা আতিকার পুত্র। হিশাম তাকে বললেন: হে যুহায়র! তোমার কি এটা ভাল লাগে যে, তুমি খাওয়া-দাওয়া করবে, ভাল কাপড়-চোপড় পরবে এবং স্ত্রী-পরিবারসহ মহাসুখে থাকবে, আর তোমার মাতুল গোষ্ঠী দুর্বিষহ বয়কটের মাঝে থাকেবে? তারা থাকবে ক্রয়-বিক্রয় বর্জিত ও বিয়ে-শাদী-বঞ্চিত? আমি আল্লাহর কসম করে বলতে পারি, তারা যদি আবূ জাহলের মাতুল-খান্দান হত, আর এরূপ বয়কটের জন্য তুমি তাকে আহ্বান করতে, তবে কস্মিনকালেও সে তোমার ডাকে সাড়া দিত না।
যুহায়র বললেন: আফসোস, হে হিশাম! আমি কি করতে পারি? জানোই তো আমি একা মানুষ। আমার সাথে যদি একটি লোকও থাকত, তা হলে আমি চেষ্টা চালাতাম এবং চুক্তি বাতিল করেই ছাড়তাম। হিশাম বললেন: একজন লোক তোমার পক্ষে আছে। যুহায়র বললেন: সে কে? তিনি বললেন: আমি। যুহায়র বললেন: দেখ তো তৃতীয় একজন পাওয়া যায় কি না?
📄 মুতঈম ইব্ন আদীকে দল ভিড়ানোর জন্য হিশামের প্রচেষ্টা
তখন হিশাম গিয়ে মুতঈম ইবন 'আদী ইব্ন নাওফাল ইবন 'আব্দ মানাফের সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন : হে মুতঈম! তোমার কি এটা পসন্দ যে, তোমার চোখের সামনে 'আব্দ মানাফ গোত্রের দু'টি শাখা ধ্বংস হয়ে যাবে, আর তুমি তাতে কুরায়শদের সমর্থনে থাকবে? শোন, আল্লাহ্র কসম করে বলছি, তোমরা যদি কুরায়শদের এভাবে সুযোগ দিতে থাক, তা হলে তারা একদিন তোমাদের দিকে আরও দ্রুত অগ্রসর হবে। মুতঈম বললেন: আফসোস! আমি তো একা—কাজেই আমি কি করতে পারি? হিশام বললেন: তুমি একা নও, তোমার দাস আছে। তিনি জিজ্ঞেস করলেন: কে সে? হিশাম বললেন: আমি! মুতঈম বললেন: আমাদের জন্য তৃতীয় একজন খোঁজ কর। হিশাম বললেন: তাও পেয়েছি। মুতঈম জিজ্ঞেস করলেন: কে সে? তিনি বললেন: যুহায়র ইব্ন আবূ উমাইয়া। মুতঈম বললেন: আমাদের জন্য চতুর্থ আরেকজনের অনুসন্ধান কর।
📄 আবুল বাখতারীকে দলে ভিড়ানোর জন্য হিশামের চেষ্টা
এরপর হিশাম বাখতারী ইব্ন হিশামের কাছে গেলেন। তাকেও মুতঈম্ ইব্ন 'আদীর অনুরূপ বললেন। তিনি বললেন: আমাদের সমর্থন করবে এমন কেউ কি আছে? হিশাম বললেন : আছে। তিনি জিজ্ঞেস করলেন কে আছে? হিশাম বললেন: যুহায়র ইব্ন আবূ উমাইয়া, মুতঈম ইব্ন আদী ও আমি। তখন বাখতারী বললেন: দেখ পঞ্চম একজন পাওয়া যায় কিনা।
📄 যাম'আকে দলে ভিড়ানোর জন্য হিশামের প্রচেষ্টা
হিশাম যাম'আ ইব্ন আসওয়াদ ইবন মুত্তালিব ইব্ন আসাদের সাথে সাক্ষাৎ করলেন এবং এ বিষয়ে তার সাথে আলাপ-আলোচনা করলেন। তিনি তাকে তাদের আত্মীয়তা এবং তাদের প্রতি দায়িত্ব-কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দিলেন। তখন যাম'আ তাকে বললেন: এ কাজে আর কেউ আমাদের সহযোগিতা করবে কি? তিনি বললেন: হ্যাঁ। এরপর উপরিউক্ত চার ব্যক্তির নাম উল্লেখ করলেন।