📄 আবু বকর (রা) কর্তৃক ইন্ন দুগুন্নার আশ্রয় প্রত্যাখ্যানের কারণ
আয়েশা (রা) বলেন: বনু জুমাহ গোত্রে নিজ বাড়ির সামনে আবু বকর (রা)-এর একটি মসজিদ ছিল। তিনি সেখানে সালাত আদায় করতেন। তিনি ছিলেন কোমল হৃদয়বিশিষ্ট ব্যক্তি। তিনি কুরআন তিলাওয়াতকালে কাঁদতেন। শিশু, গোলাম ও নারীরা আশ্চর্য হয়ে তাঁর সে অবস্থা দেখত। এটা কুরায়শদের চিন্তার কারণ হয়ে দাঁড়াল। তারা ইব্ন দুগুন্নার কাছে গিয়ে বলল: হে ইব্ন দুগুন্না! আপনি তো এই লোকটিকে এজন্য নিরাপত্তা দেননি যে, সে আমাদের জ্বালাতন করবে। সে সালাতে দাঁড়িয়ে মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ হয় বলে কথিত, তা পাঠ করে; আর বিগলিত হয়ে কাঁদে। তার সে অবস্থা মানুষের মনকে আকৃষ্ট করে। আমাদের আশংকা হয়, পাছে সে আমাদের নারী, শিশু ও দুর্বল চিত্তের লোকগুলোকে নিজ দলে ভিড়িয়ে ফেলে। আপনি তার কাছে গিয়ে বলুন, সে যেন নিজ গৃহে চলে যায় এবং সেখানে বসে যা ইচ্ছা তাই করে।
ইব্ন দুগুন্না আবূ বকর (রা)-এর নিকট উপস্থিত হল। সে তাকে বলল: হে আবূ বকর! আপনি নিজ সম্প্রদায়কে অতিষ্ঠ করবেন বলে তো আপনাকে আশ্রয় দেইনি। আপনার বর্তমান অবস্থায় তারা উদ্বিগ্ন, এতে তারা পীড়াবোধ করছে। কাজেই আপনি বাড়ির ভেতর চলে যান এবং সেখানে বসে যা ইচ্ছা তাই করুন।
আবু বকর (রা) উত্তর দিলেন: তার চেয়ে আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি এবং আল্লাহ্র নিরাপত্তা গ্রহণ করা পসন্দ করছি। সে বলল: তবে আপনি তাই করুন! আবূ বকর (রা) বললেন: আমি তোমার দেওয়া নিরাপত্তা ফিরিয়ে দিলাম।
'আয়েশা (রা) বলেন: তখন ইব্ন দুগুন্না দাঁড়িয়ে বলল: হে কুরায়শ সম্প্রদায়। আবু কুহাফার পুত্র আমার আশ্রয় প্রত্যাখ্যান করেছে। কাজেই তোমাদের লোক নিয়ে এখন তোমরা বোঝ।
ইবন ইসহাক বলেন: আমার কাছে 'আবদুর রহমান ইব্ন কাসিম তাঁর পিতা কাসিম ইব্ন মুহাম্মদ (র)-এর সূত্রে বর্ণনা করেন যে, একদা আবূ বকর (রা) কা'বা শরীফের উদ্দেশ্যে অগ্রসর হলেন। পথিমধ্যে জনৈক নির্বোধ কুরায়শ তাঁর পথ রোধ করল এবং তাঁর মাথায় ধুলো নিক্ষেপ করল। এ সময় ওয়ালীদ ইব্ন মুগীরা কিংবা 'আস ইব্ন ওয়ায়ল সেখান দিয়ে যাচ্ছিল। আবূ বকর (রা) তাকে বললেন: এই আহাম্মক আমার সাথে কি আচরণ করল, দেখলে? তখন সে বলল: এটা তো তুমি নিজেই তোমার সাথে করেছ। রাবী বলেন, তখন আবূ বকর (রা) বলছিলেন: হে আমার রব! তুমিই কতই না সহনশীল। হে রব! তুমি কতই না সহনশীল! হে রব! তুমি কতই না সহনশীল।