📄 যাঁরা অন্যের আশ্রয়ে প্রবেশ করেন তাঁদের পরিচয়
এঁদের মধ্যে যারা অন্যের আশ্রয়ে মক্কায় প্রবেশ করেছিলেন আমরা তাদের নাম পেয়েছি নিম্নরূপ: 'উসমান ইব্ন মায'উন ইব্ন হাবীব জুমাহী (রা)। যিনি ওয়ালীদ ইব্ন মুগীরার আশ্রয় লাভ করেছিলেন।
আবূ সালামা ইব্ন 'আবদুল আসাদ ইব্ন হিলাল ইব্ন 'আবদুল্লাহ্ ইব্ন 'উমর ইব্ন মাখযূম (রা)। তিনি তাঁর মামা আবু তালিব ইব্ন আবদুল মুত্তালিবের আশ্রয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। তাঁর মা ছিলেন বারা বিন্ত আবদুল মুত্তালিব।
📄 উসমান ইবন মায'উন (রা) কর্তৃক ওয়ালীদের আশ্রয় প্রত্যাখ্যান
ইবন ইসহাক বলেন: সালিহ ইব্ন ইবরাহীম ইব্ন 'আবদুর রহমান ইব্ন 'আওফ (র) আমার কাছে বর্ণনা করেছেন এমন এক ব্যক্তির সূত্রে, যিনি তার কাছে বর্ণনা করেছেন উসমান ইবন মায'উন (রা)-এর থেকে, 'উসমান (রা) বলেন: তিনি যখন দেখলেন যে, রাসূলে করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের অন্য সাহাবীগণ কাফিরদের হাতে অবর্ণনীয় দুঃখ-কষ্ট ভোগ করছেন, আর তিনি নিজে ওয়ালীদ ইবন মুগীরার আশ্রয়ে নিরাপদে চলাফেরা করছেন, তখন তিনি বললেন: আমার সঙ্গী-সাথী ও দীনী ভাইয়েরা আল্লাহর রাহে এরূপ উৎপীড়িত হবে, আর আমি একজন মুশরিকের আশ্রয়ে সে উৎপীড়ন থেকে বেঁচে থাকব এবং নিরাপদে তাদের সামনে ঘুরে বেড়াব-আল্লাহ্ কসম! এটা আমার জন্য এক বিরাট ত্রুটি। এই বলে তিনি ওয়ালীদের কাছে চলে গেলেন এবং তাকে বললেন: হে আবূ 'আব্দ শাম্স! তুমি তোমার যিম্মাদারী পূর্ণ করেছ। আমি তোমার আশ্রয় তোমাকে ফিরিয়ে দিলাম। ওয়ালীদ বলল: কেন ভাতিজা! আমার কওমের কেউ তোমাকে কোন কষ্ট দিয়েছে কি? তিনি বললেন: না, বরং আমি আল্লাহর আশ্রয়ই বেছে নিচ্ছি। তাঁর আশ্রয় ভিন্ন অন্যের আশ্রয়ে আমি থাকতে চাই না।
তখন ওয়ালীদ বলল: তা হলে তুমি মসজিদুল হারামে চল। সেখানে তুমি প্রকাশ্যে আমার আশ্রয় প্রত্যাখ্যান কর, যেমন আমি প্রকাশ্যে তোমাকে আশ্রয় দিয়েছিলাম। সেমতে তারা উভয়ে মসজিদে চলে গেলেন। ওয়ালীদ সকলকে লক্ষ্য করে বলল: এই যে 'উসমান ইব্ন মায'উন—সে আমার আশ্রয় ফিরিয়ে দিতে এসেছে। তখন 'উসমান (রা) বললেন: হ্যাঁ, সে সত্য বলেছে। আমি তাকে ওয়াদা পালনকারী এবং একজন উত্তম আশ্রয়দাতা পেয়েছি। তবে আমি আল্লাহ্ ভিন্ন আর কারও আশ্রয়ে থাকতে চাই না। তাই তার আশ্রয় প্রত্যাখ্যান করছি। এই বলে তিনি সেখান থেকে প্রস্থান করলেন।
📄 দীনী ভাইদের দুঃখকষ্টে তাঁর মর্ম যাতনা ও লাবীদের মজলিসে উদ্ভূত ঘটনা
তখন কবি লাবীদ ইব্ন রবী'আ ইব্ন মালিক ইব্ন জা'ফর ইন কিলাব কুরায়শদের একটি মজলিসে তাদের কবিতা শোনাচ্ছিলেন। 'উসমান (রা) সেখানে গিয়ে তাদের সাথে বসে পড়লেন। লাবীদ আবৃত্তি করলেন:
الا كل شيئ ما خلا الله باطل
"শোন, আল্লাহ্ ছাড়া আর সবই মিথ্যা।" 'উসমান (রা) বললেন: তুমি ঠিক বলেছ।
লাবীদ তার পরবর্তী চরণ উচ্চারণ করলেন:
وكل نعيم لا محالة زائل
"যা কিছু ঐশ্বর্য, সবই অনিবার্য ধ্বংসশীল।"
'উসমান (রা) বললেন: তোমার কথা মিথ্যা। জান্নাতের নি'আমত কখনই ধ্বংস হবে না। এ কথা শুনে লাবীদ ইব্ন রবী'আ বললেন: হে কুরায়শ সম্প্রদায়! আল্লাহ্র কসম, তোমাদের মজলিসে বসে কেউ কখনও কষ্ট পেত না। তা এই অনাসৃষ্টি তোমাদের মাঝে কবে থেকে শুরু হল? এক ব্যক্তি উত্তর দিল, ও একটা আহমক, তার দলে এরূপ আরও কিছু বেওকুফ আছে, তারা আমাদের ধর্ম ত্যাগ করেছে। কাজেই আপনি ওর কথায় মনে কিছু নেবেন না। উসমান (রা) তার কথার প্রতিবাদ করলেন। ফলে উভয়ের মাঝে বাদানুবাদ বাড়তে থাকল। এক পর্যায়ে সে লোকটি উঠে 'উসমান (রা)-এর চোখে এমন জোরে চড় মারল যে, তাঁর চোখটি নষ্ট হয়ে গেল। ওয়ালীদ ইব্ন মুগীরা কাছে বসে তাঁর এ অবস্থা লক্ষ্য করছিল। সে বলল: হে ভাতিজা! আল্লাহ্র কসম, তোমার চোখের এ অবস্থা নাও হতে পারত। তুমি তো এক সুরক্ষিত আশ্রয়ে ছিলে। উসমান (রা) বললেন: তুমি উল্টো বলেছ, বরং আমার ভাল চোখটির জন্যও প্রয়োজন আল্লাহর পথে অপর চোখটির যা হয়েছে, অনুরূপ হওয়া। আমি যার আশ্রয়ে আছি, তিনি হে আব্দ শামস্! তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক ক্ষমতাবান।
ওয়ালীদ বলল: ভাতিজা, ইচ্ছা হলে এসো, পুনরায় আমার আশ্রয় গ্রহণ কর। তিনি বললেন: আমার প্রয়োজন নেই।
📄 আবু সালামা (রা)-এর আশ্রয় নেওয়া প্রসঙ্গে
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।