📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু আমির ইব্‌ন লুআঈ এবং তাদের মিত্রদের মধ্যে

📄 বনু আমির ইব্‌ন লুআঈ এবং তাদের মিত্রদের মধ্যে


(২৯) 'আবদুল্লাহ্ ইব্‌ন মাখরামা ইন 'আবদুল উয্যা ইব্‌ন আবু কায়স (রা); (৩০) 'আব্দুল্লাহ্ ইব্‌ন সুহায়ল ইবন 'আমর (রা); তিনি কাফিরদের হাতে আটকা পড়ে যান, যে কারণে রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে মদীনায় হিজরত করতে পারেন নি। এরপর বদর যুদ্ধে তিনি কুরায়শদের সাথে রণক্ষেত্রে উপস্থিত হন এবং এক সুযোগে তাদের থেকে কেটে পড়েন ও রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে মিলিত হয়ে যুদ্ধে শরীক হন।
(৩১) আবু সাব্রা ইন্ন আবূ রুহম ইবন 'আবদুল উয্যা (রা); (৩২) তাঁর স্ত্রী উম্মু কুলসুম বিন্ত সুহায়ল ইব্‌ন আমর (রা); (৩৩) সাকরান ইবন 'আমর ইবন 'আব্দ শাম্স (রা); (৩৪) তাঁর স্ত্রী সাওদা বিন্ত যাম'আ ইন্ন কায়স (রা)। সাকরান (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর মদীনায় হিজরতের পূর্বে মক্কাতেই ইন্তিকাল করেন। রাসূলুল্লাহ্ (সা) তাঁর বিধবা পত্নী সাওদা (রা)-কে উম্মুল মু'মিনীনরূপে গ্রহণ করেন। (৩৫) উক্ত গোত্রের মিত্রদের মধ্যে ছিলেন সা'দ ইব্‌ন খাওলা (রা)।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনু হারিস

📄 বনু হারিস


(৩৬) আবূ 'উবায়দা ইব্‌ন জাররাহ (রা); তাঁর আসল নাম 'আমির ইব্‌ন 'আবদুল্লাহ্ ইব্‌ন জাররাহ; (৩৭) 'আমর ইবন হারিস ইব্‌ন যুহায়র ইব্‌ন আবূ শাদ্দাদ (রা); (৩৮) সুহায়ল ইব্‌ন বায়যা (রা); অর্থাৎ সুহায়ল ইব্‌ন ওয়াহব ইব্‌ন রবী'আ ইব্‌ন হিলাল; (৩৯) 'আমর ইব্‌ন আবূ সার্হ ইব্‌ন রবী'আ ইব্‌ন হিলাল।
এই মোট তেত্রিশজন পুরুষ ও ছয়জন মহিলা সর্বমোট ৩৯ জন সাহাবী আবিসিনিয়া হতে মক্কায় প্রত্যাবর্তন করেন।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 যাঁরা অন্যের আশ্রয়ে প্রবেশ করেন তাঁদের পরিচয়

📄 যাঁরা অন্যের আশ্রয়ে প্রবেশ করেন তাঁদের পরিচয়


এঁদের মধ্যে যারা অন্যের আশ্রয়ে মক্কায় প্রবেশ করেছিলেন আমরা তাদের নাম পেয়েছি নিম্নরূপ: 'উসমান ইব্‌ন মায'উন ইব্‌ন হাবীব জুমাহী (রা)। যিনি ওয়ালীদ ইব্‌ন মুগীরার আশ্রয় লাভ করেছিলেন।
আবূ সালামা ইব্‌ন 'আবদুল আসাদ ইব্‌ন হিলাল ইব্‌ন 'আবদুল্লাহ্ ইব্‌ন 'উমর ইব্‌ন মাখযূম (রা)। তিনি তাঁর মামা আবু তালিব ইব্‌ন আবদুল মুত্তালিবের আশ্রয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। তাঁর মা ছিলেন বারা বিন্ত আবদুল মুত্তালিব।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উসমান ইবন মায'উন (রা) কর্তৃক ওয়ালীদের আশ্রয় প্রত্যাখ্যান

📄 উসমান ইবন মায'উন (রা) কর্তৃক ওয়ালীদের আশ্রয় প্রত্যাখ্যান


ইবন ইসহাক বলেন: সালিহ ইব্‌ন ইবরাহীম ইব্‌ন 'আবদুর রহমান ইব্‌ন 'আওফ (র) আমার কাছে বর্ণনা করেছেন এমন এক ব্যক্তির সূত্রে, যিনি তার কাছে বর্ণনা করেছেন উসমান ইবন মায'উন (রা)-এর থেকে, 'উসমান (রা) বলেন: তিনি যখন দেখলেন যে, রাসূলে করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের অন্য সাহাবীগণ কাফিরদের হাতে অবর্ণনীয় দুঃখ-কষ্ট ভোগ করছেন, আর তিনি নিজে ওয়ালীদ ইবন মুগীরার আশ্রয়ে নিরাপদে চলাফেরা করছেন, তখন তিনি বললেন: আমার সঙ্গী-সাথী ও দীনী ভাইয়েরা আল্লাহর রাহে এরূপ উৎপীড়িত হবে, আর আমি একজন মুশরিকের আশ্রয়ে সে উৎপীড়ন থেকে বেঁচে থাকব এবং নিরাপদে তাদের সামনে ঘুরে বেড়াব-আল্লাহ্ কসম! এটা আমার জন্য এক বিরাট ত্রুটি। এই বলে তিনি ওয়ালীদের কাছে চলে গেলেন এবং তাকে বললেন: হে আবূ 'আব্দ শাম্স! তুমি তোমার যিম্মাদারী পূর্ণ করেছ। আমি তোমার আশ্রয় তোমাকে ফিরিয়ে দিলাম। ওয়ালীদ বলল: কেন ভাতিজা! আমার কওমের কেউ তোমাকে কোন কষ্ট দিয়েছে কি? তিনি বললেন: না, বরং আমি আল্লাহর আশ্রয়ই বেছে নিচ্ছি। তাঁর আশ্রয় ভিন্ন অন্যের আশ্রয়ে আমি থাকতে চাই না।
তখন ওয়ালীদ বলল: তা হলে তুমি মসজিদুল হারামে চল। সেখানে তুমি প্রকাশ্যে আমার আশ্রয় প্রত্যাখ্যান কর, যেমন আমি প্রকাশ্যে তোমাকে আশ্রয় দিয়েছিলাম। সেমতে তারা উভয়ে মসজিদে চলে গেলেন। ওয়ালীদ সকলকে লক্ষ্য করে বলল: এই যে 'উসমান ইব্‌ন মায'উন—সে আমার আশ্রয় ফিরিয়ে দিতে এসেছে। তখন 'উসমান (রা) বললেন: হ্যাঁ, সে সত্য বলেছে। আমি তাকে ওয়াদা পালনকারী এবং একজন উত্তম আশ্রয়দাতা পেয়েছি। তবে আমি আল্লাহ্ ভিন্ন আর কারও আশ্রয়ে থাকতে চাই না। তাই তার আশ্রয় প্রত্যাখ্যান করছি। এই বলে তিনি সেখান থেকে প্রস্থান করলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00