📘 সিরাতে ইবন হিশাম > 📄 আখনাস ইব্‌ন শারীক ও তার সম্পর্কে আল্লাহ্ যা নাযিল করেন

📄 আখনাস ইব্‌ন শারীক ও তার সম্পর্কে আল্লাহ্ যা নাযিল করেন


ইবন ইসহাক বলেন: অপর একজন নির্যাতনকারী হচ্ছে আখনাস ইব্‌ন শারীক ইব্‌ন 'আম্র ইব্‌ন ওয়াহব সাকাফী। সে ছিল যুহরা গোত্রের মিত্র এবং স্বগোত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। গোত্রের সকলে তার কথা শুনত। সে রাসূলুল্লাহ্ (সা)-এর নিন্দা করে বেড়াত এবং তাঁর প্রচার খণ্ডন করত। আল্লাহ্ তা'আলা তার সম্পর্কে وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ - هَمَّازٍ مَّشَّاء بِنَمِيمٍ হতে زنيم পর্যন্ত সূরা কালামের এ আয়াতগুলো নাযিল করেন। অর্থ: "তুমি অনুসরণ কর না তার - যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়, যে কল্যাণকার্যে বাধা দান করে, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ, রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত।" (৬৮: ১০-১৩)।
এখানে زنيم শব্দটি জারজ অর্থে ব্যবহৃত হয় নি। কেননা আল্লাহ্ তা'আলা কারও পিতৃ-পরিচয় নিয়ে নিন্দা করেন না। বস্তুত এ বিশেষণ উল্লেখপূর্বক আল্লাহ্ তা'আলা তার পরিচয় তুলে ধরতে চেয়েছেন। الزنيم অর্থ যে নিজ বংশে অপরিচিত, তবে অন্য গোত্রের পরিচয়ে পরিচিত। জাহিলী যুগের কবি খাতীম তামীমীর কবিতায় আছে: زنیم تداعاه الرجال زيادة × كما زيد في عرض الأديم الاكارع "সে অন্য গোত্রের লোক, কিন্তু এ গোত্রের পরিচয়ে পরিচিতি। লোকে তাকে ফালতু বলেই জানে। সে যেন পায়ের তলার চামড়া, যাকে বাড়তি ধরে অন্য চামড়ার সাথে মিলিয়ে দেওয়া হয়।"

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ওয়ালীদ ইবন মুগীরা এবং তার সম্পর্কে আল্লাহ্ যা নাযিল করেন

📄 ওয়ালীদ ইবন মুগীরা এবং তার সম্পর্কে আল্লাহ্ যা নাযিল করেন


অন্য একজন নির্যাতনকারী হচ্ছে ওয়ালীদ ইব্‌ন মুগীরা। সে বলত, মুহাম্মদের প্রতি ওহী নাযিল হবে, আর আমি বাদ যাব; যেখানে আমি কুরায়শ গোত্রের একজন সরদার ও সর্বজনমান্য নেতা? কিংবা অপসন্দ করা হবে সাকীফ গোত্রের অধিপতি আবু মাসউদ 'আমর ইব্‌ন 'উমায়কে? আমরা দু'জন হচ্ছি মক্কা ও তায়ফের প্রতিপত্তিশালী ব্যক্তি। এ প্রসঙ্গে আল্লাহ্ وَقَالُوا لَوْلَا نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيمٍ (43 যুখরূফের এ আয়াত দু'টি নাযিল করেন। অর্থ: "এবং এরা বলে, 'এই কুরআন কেন অবতীর্ণ হল না দুই জনপদের কোন প্রতিপত্তিশালী ব্যক্তির উপর? এরা কি তোমার প্রতিপালকের করুণা বণ্টন করে? আমিই তাদের মধ্যে জীবিকা বন্টন করি তদের পার্থিব জীবনে এবং একজনকে অপরের উপর মর্যাদায় উন্নত করি, যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে; এবং তারা যা জমা করে তা হতে তোমার প্রতিপালকের অনুগ্রহ উৎকৃষ্টতম।" (৪৩: ৩১-৩২)

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উবায় ইব্‌ন খাল্‌ল্ফ ও উব্বা ইব্‌ন আবূ মু'আয়ত এবং তাদের সম্পর্কে আল্লাহ্ যা নাযিল করেন

📄 উবায় ইব্‌ন খাল্‌ল্ফ ও উব্বা ইব্‌ন আবূ মু'আয়ত এবং তাদের সম্পর্কে আল্লাহ্ যা নাযিল করেন


রাসূলুল্লাহ্ (সা)-এর উপর অপর দুজন নির্যাতনকারী ব্যক্তি হচ্ছে-উবায় ইব্‌ন খাল্‌ল্ফ ইব্‌ন ওয়াহব ইবন হুযাফা ইব্‌ন জুমাহ ও 'উব্বা ইব্‌ন আবূ মু'আয়ত। তারা ছিল একে অপরের অন্তরঙ্গ বন্ধু। একবার 'উব্বা রাসূলুল্লাহ্ (সা)-এর মজলিসে বসে তাঁর কথা শুনেছিল। একথা উবায়-এর কানে পৌঁছায়। সে তখন 'উব্বার কাছে এসে বলল: আমি কি শুনিনি, তুমি মুহাম্মদের সাথ ওঠাবসা কর এবং তার কথা শোন? আমি যদি তোমার সাথে কথা বলি, তবে আমার জন্য তোমার চেহারা দেখা হারাম। সে একটা কঠিন শপথ করে বলল: যদি তুমি তাঁর কাছে বস, বা তাঁর কথা শোন, তবে তাঁর মুখে থুথু মেরে আসতে হবে। আল্লাহর দুশমন 'উব্বা এ ঘৃণ্য কাজটি সম্পন্ন করে। আল্লাহ্ তাকে লা'নত করুন। এ প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা নাযিল করেন:
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ لِيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلاً . يُوَيْلَتي لَيْتَنِي لَمْ أَتَّخِذُ فلانًا خَلِيلاً - لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَنُ لِلْإِنْسَانِ خَذُولاً .
"যালিম ব্যক্তি সেদিন নিজের দু'হাত দংশন করতে করতে বলবে, 'হায়, আমি যদি রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম! হায়, 'দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম! আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার নিকট উপদেশ পৌঁছাবার পর। শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক।” (২৫: ২৭-২৯)
একদিন উবায় ইব্‌ন খাল্‌ল্ফ একখণ্ড জরাজীর্ণ হাড় নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট উপস্থিত হল। সে বলল: হে মুহাম্মদ! তোমার বিশ্বাস আল্লাহ্ তা'আলা এই ক্ষয়প্রাপ্ত অস্থিকেও পূনরুজ্জীবিত করবেন? এই বলে সে অস্থিটিকে হাতের মাঝে গুড়োগুড়ো করে ফেলল এবং তা ফুঁ দিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর দিকে উড়িয়ে দিল। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন: হ্যাঁ, আমি তাই বলি। আল্লাহ তা'আলা এর পুনরুত্থান ঘটাবেন এবং তোমারও এরূপ অবস্থা হওয়ার পর আল্লাহ তোমাকেও পুনরায় জীবিত করে তোমাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এ সময় আল্লাহ্ তা'আলা নাযিল করেন:
وَضَرَبَ لَنَا مَثَلاً وَنَسِيَ خَلَقَهُ قَالَ مَنْ يُحْى العِظامَ وَهِيَ رَمِيمٌ - قُلْ يُحْيِيهَا الَّذِي أَنْشَاهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ - الَّذِي جَعَلَ لَكُمْ مِّنَ الشَّجَرِ الْأَخْضَرِ نَارًا فَإِذَا أَنْتُمْ مِّنْهُ تُوقِدُونَ -
"এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়; বলে, 'অস্থিতে প্রাণ সঞ্চার করবে কে, যখন তা পঁচে গলে যাবে?' বল, 'তার মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনিই, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত।' তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা তা দ্বারা অগ্নি প্রজ্বলিত কর।" (৩৬: ৭৮-৮০)

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সূরা কাফিরূনের শানে নুযুল

📄 সূরা কাফিরূনের শানে নুযুল


একদিন রাসূলুল্লাহ্ (সা) কা'বার তাওয়াফ করছিলেন। এমন সময় আসওয়াদ ইব্‌ন মুত্তালিব ইব্‌ন আসাদ ইব্‌ন 'আবদুল উয্যা, ওয়ালীদ ইব্‌ন মুগীরা, উমাইয়া ইব্‌ন খাল্‌ল্ফ ও আস ইব্‌ন ওয়ায়ল সাহমী তাঁকে ঘিরে ধরল। তারা ছিল নিজ নিজ গোত্রের প্রবীণ ব্যক্তি। তারা বলল, হে মুহাম্মদ! আচ্ছা এসো, আমরা তাঁর ইবাদত করি, যাঁর ইবাদত তুমি কর এবং তুমিও তাদের ইবাদত কর, যাদের ইবাদত আমরা করি। এভাবে তুমি এবং আমরা একে অন্যের দীনে শরীক হয়ে যাই। যদি আমাদের উপাস্যদের চেয়ে তোমার উপাস্য উত্তম হন, তবে আমরা তার ইবাদত করে ধন্য হব, আর যদি তোমার উপাস্য অপেক্ষা আমাদের উপাস্যগণ শ্রেষ্ঠ হয়, তবে তাদের পূজা করে তুমিও ধন্য হবে। এ প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা নাযিল করেন: قُلْ يَأَيُّهَا الْكَفَرُونَ - لا أَعْبُدُ مَا تَعْبُدُونَ - وَلَا أَنتُمْ عَبِدُونَ مَا أَعْبُدُ - وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدتُمْ - وَلَا أَنتُمْ عَبدُونَ مَا أَعْبُدُ - لَكُمْ دِينَكُمْ وَلِيَ دِيْنِ -
"বলুন, 'হে কাফিররা! আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা কর এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও, যাঁর ইবাদত আমি করি আর আমিও ইবাদতকারী নই তার, যার ইবাদত তোমরা করে আসছ এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও, যাঁর ইবাদত আমি করি। তোমাদের দীন তোমাদের, আমার দীন আমার।” (১০৯ : ১-৬)। অর্থাৎ আমি তোমাদের উপাস্য দেব-দেবীদের পূজা না করলে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে না এটাই যদি তোমাদের অভিপ্রায় হয়ে থাকে, তাহলে আমার তোমাদের এ ধরনের পূজার কোন প্রয়োজন নেই। তোমাদের দীন তোমাদেরই জন্য এবং আমার জন্য আমার দীন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00