📄 ওহী সম্পর্কে খাদীজার নিশ্চয়তা দান
ওহী সম্পর্কে খাদীজার নিশ্চয়তা দান
ইবন ইসহাক বলেন : যুবায়র পরিবারের ভৃত্য ও আযাদকৃত গোলাম ইসমাঈল ইব্ন আবূ হাকীম আমাকে জানিয়েছেন যে , তিনি শুনেছেন , খাদীজা রাসূলুল্লাহ্ (সা:) -কে বলেছিলেন , হে আমার চাচাতো ভাই ! আপনার যে সহচরটি আপনার কাছে মাঝে মাঝে আসে , সে যখন আসবে , তখন কি আপনি আমাকে তার আগমনের খবর জানাতে পারবেন ? রাসূলুল্লাহ্ (সা:) বললেন , হ্যাঁ , পারব । খাদীজা বললেন , তাহলে যখন আসবেন তখন আমাকে জানাবেন । এরপর যথারীতি জিবরীল ( আ ) তাঁর কাছে এলেন । রাসূলুল্লাহ্ (সা:) খাদীজাকে বললেন , হে খাদীজা ! এই তো জিবরীল আমার কাছে এসেছেন । তখন খাদীজা বললেন , হে আমার চাচাতো ভাই , আপনি উঠে আমার বাম ঊরুর ওপর বসুন তো । তখন রাসূলুল্লাহ্ (সা:) উঠলেন এবং তার বাম উরুর ওপর বসলেন । তখন খাদীজা বললেন , এখন কি আপনি তাকে দেখতে পাচ্ছেন ? রাসূলুল্লাহ্ (সা:) বললেন , হ্যাঁ । খাদীজা বললেন , এখন একটু সরে আমার ডান উরুর ওপর বসুন তো ! রাসূলুল্লাহ্ (সা:) একটু সরে খাদীজার ডান উরুর ওপর বসলেন । তারপর খাদীজা তাঁকে জিজ্ঞেস করলেন , এখনো কি তাকে দেখতে পাচ্ছেন ? রাসূলুল্লাহ্ (সা:) বললেন , হ্যাঁ । রাবী বলেন : তখন খাদীজা একটু ঘুরে বসলেন এবং নিজের কাঁধের ওপর থেকে অবগুণ্ঠন খুলে রাখলেন । অথচ তখনও তাঁর কোলে রাসূলুল্লাহ্ (সা:) বসা ছিলেন । এরপর তিনি রাসূলুল্লাহ্ (সা:) -কে জিজ্ঞেস করলেন , এখনো কি তাকে দেখতে পাচ্ছেন ? রাসূলুল্লাহ্ (সা:) বললেন , না । খাদীজা বললেন , হে আমার চাচাতো ভাই , আপনি অবিচল ও উৎফুল্ল থাকুন । আল্লাহ্ শপথ ! এ আগন্তুক নিশ্চয়ই ফেরেশতা , শয়তান নয় ।
ইব্ন ইসহাক বলেন : আমি বিষয়টি আবদুল্লাহ ইব্ন হাসান ইব্ন হাসান ইব্ন আলী ইব্ন আবূ তালিবের সামনে উপস্থাপন করেছিলাম । আবদুল্লাহ্ বললেন : আমি আমার মাতা ফাতিমা বিনতে হুসায়ন ( যার বোন আমিনা বা সুকায়না ) ইব্ন আলীর কাছেও এ ব্যাপারটি খাদীজার বরাতে শুনেছি । পার্থক্য শুধু এই যে , তাঁর বর্ণনায় ছিল যে , খাদীজা যখন রাসূলুল্লাহ্ (সা:) -কে তাঁর ও তার বহিরাবরণের মাঝখানে ঢুকিয়ে নিলেন , তখনই জিবরীল প্রস্থান করেন । এ সময় খাদীজা বলেন , নিশ্চয়ই এ আগন্তুক ফেরেশতা , শয়তান নয় ।