📘 সিরাতে ইবন হিশাম > 📄 ওয়ারাকা ও ইব্‌ন জাহশের সিদ্ধান্ত

📄 ওয়ারাকা ও ইব্‌ন জাহশের সিদ্ধান্ত


ওয়ারাকা ও ইবন জাহশের সিদ্ধান্ত
এ অনুসন্ধানের ফলে অবস্থা এরূপ হয় যে , হযরত ঈসা ( আ ) -এর দীনের প্রতি ওয়ারাকার যে বিশ্বাস জন্মেছিল , তা আরো মযবৃত হয় । তিনি খ্রিস্টানদের কাছ থেকে ধর্মীয় পুস্তকাদি সংগ্রহ করে পড়াশুনা করতে থাকেন । আর উবায়দুল্লাহ্ ইবন জাহশ যে সংশয়ের মধ্যে ছিলেন , ইসলাম কবূল করার আগ পর্যন্ত তিনি তার ওপরই স্থির থাকেন । এরপর তিনি মুসলিম মুহাজিরদের সংগে আবিসিনিয়ায় হিজরত করেন । তার সাথে তার স্ত্রী উম্মে হাবীবা বিন্ত আবূ সুফানও ইসলাম গ্রহণ করেন এবং তার সংগে হিজরত করেন । কিন্তু উবায়দুল্লাহ আবিসিনিয়ায় গিয়ে খ্রিস্টধর্ম গ্রহণ করেন এবং ইসলাম ত্যাগ করেন । পরে খ্রিস্টান থাকা অবস্থায়ই সেখানে মারা যান ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবিসিনিয়ার মুসলমানদের প্রতি ইব্‌ন জাহশের দাওয়াত

📄 আবিসিনিয়ার মুসলমানদের প্রতি ইব্‌ন জাহশের দাওয়াত


আবিসিনিয়ার মুসলমানদের প্রতি ইব্‌ন জাহশের দাওয়াত
ইব্‌ন ইসহাক বলেন : উবায়দুল্লাহ্ ইব্‌ন জাহশ আবিসিনিয়ায় গিয়ে খ্রিস্টান হয়ে যাওয়ার পর সেখানে অবস্থানরত অন্যান্য মুহাজির সাহাবীদেরকেও ইসলাম ত্যাগ করে খ্রিস্টধর্ম গ্রহণ করার দাওয়াত দিতেন । তিনি বলতেন , আমার চোখ খুলেছে । তোমাদের চোখ এখনো খুলেনি । অর্থাৎ আমি তো সত্যের সন্ধান লাভ করেছি । আর তোমরা এখনো সত্যের সন্ধানে আছ ৷

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ইবন জাহশের স্ত্রীর সংগে রাসূলুল্লাহর বিয়ে

📄 ইবন জাহশের স্ত্রীর সংগে রাসূলুল্লাহর বিয়ে


ইবন জাহশের স্ত্রীর সংগে রাসূলুল্লাহ্র বিয়ে
ইবন ইসহাক বলেন : উবায়দুল্লাহ্ ইবনে জাহশের ইন্তিকালের পর রাসূলুল্লাহ্ (সা:) তার স্ত্রী উম্মে হাবীবা বিনত আবূ সুফিয়ান ইব্‌ন হারবকে বিয়ে করেন ।
ইবন ইসহাক বলেন : মুহাম্মদ ইব্‌ন আলী ইবন হুসায়ন আমাকে বলেছেন যে , রাসূলুল্লাহ্ (সা:) আমর ইবন উমায়্যা যামরী ( রা ) নামক সাহাবীকে এ ব্যাপারে নাজাশীর নিকট প্রেরণ করেন । আমরের নিকট রাসূলুল্লাহ (সা:) -এর বার্তা পেয়ে নাজাশী স্বয়ং উম্মে হাবীবার নিকট রাসূলুল্লাহ (সা:) -এর সংগে তাঁর বিয়ের প্রস্তাব দেন । এরপর তিনি তাঁকে রাসূলুল্লাহ্ (সা:) -এর সংগে বিয়ে দেন এবং তাঁর পক্ষ থেকে চারশ দীনার মোহরানা আদায় করেন । মুহাম্মদ ইব্‌ন আলী বলেন , আবদুল মালিক ইবন মারওয়ান যে পরবর্তীকালে মহিলাদের মোহরানা চারশ দীনার ধার্য করেন , তার দলীল হল এটা । রাসূলুল্লাহ (সা:) -এর পক্ষ থেকে যিনি উম্মে হাবীবাকে এই মোহরানা অর্পণ করেন , তিনি হলেন খালিদ ইবন সাঈদ ইব্‌ন আস ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ইবন হুয়ায়রিসের রোম সম্রাটের নিকট গমন এবং খ্রিস্টধর্ম গ্রহণ

📄 ইবন হুয়ায়রিসের রোম সম্রাটের নিকট গমন এবং খ্রিস্টধর্ম গ্রহণ


ইবন হুয়ায়রিসের রোম সম্রাটের নিকট গমন এবং খ্রিস্টধর্ম গ্রহণ
ইবন ইসহাক বলেন : তৃতীয় ব্যক্তি উসমান ইব্‌ন হুয়ায়রিস রোম সম্রাট সীজারের কাছে গিয়ে খ্রিস্টধর্মে দীক্ষিত হন এবং সেখানে প্রভাবশালী সভাসদে পরিণত হন ।
ইবন হিশাম বলেন : সীজারের নিকট উসমানের অবস্থানকে কেন্দ্র করে বহু ঘটনা বর্ণিত আছে । ' কিন্তু মূল আলোচ্য বিষয় রাসূলুল্লাহ্ (সা:) -এর জীবনী থেকে অনেক দূরে সরে যেতে হয় বলে তা পরিহার করলাম ।

**টিকাঃ**
১. কথিত আছে যে , সীজার উসমানকে মক্কার শাসনকর্তা নিয়োগ করে রাজকীয় মুকুট পরিয়ে পাঠান । মক্কায় এলে জনগণ তাকে তীব্র ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে । বিশিষ্ট কুরায়শ নেতা আসওয়াদ ইব্‌ন আসাদ ইব্‌ন আবদুল উয্যা ( হযরত খাদীজার চাচা ) জোরদার আওয়াজ তোলেন যে , মক্কা চির স্বাধীন ও চিরঞ্জীব । সে কখনো কোন সাম্রাজ্যের অধীনতা মানবে না । এভাবে উসমানের অভিলাষ ব্যর্থ হয়ে যায় । রোম সম্রাট উসমানকে বিরিক ( ১০,০০০ সৈন্যের সেনাপতি ) উপাধি দেন , যদিও সে একজন অনুসারীও পায়নি । পরে সে সিরিয়ায় পালিয়ে গেলে সেখানকার গাসসানী রাজা তাকে বিষ খাইয়ে হত্যা করে । এ রাজার নাম ছিল আমর ইবন জাফনা । ( দ্র . রওযুল উনুফ )

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00