📄 রুকনে ইয়ামানীতে যে লিপি পাওয়া গেল
রুকনে ইয়ামানীতে যে লিপি পাওয়া গেল
ইবন ইসহাক বলেন : আমার কাছে বর্ণনা করা হয়েছে যে , ভাঙার কাজ করতে গিয়ে কুরায়শী জনতা রুকনে ইয়ামানীতে সুরিয়ানী ভাষায় লেখা একখানা প্রাচীন লিপি পায় । লিপিটি কি , তা তারা বুঝতে পারল না । জনৈক ইয়াহুদী তাদেরকে পড়ে শোনাল । তাতে লেখা ছিল : আমি আল্লাহ্ বাক্কার ( মক্কার ) অধিপতি । যেদিন আসমান ও যমীন সৃষ্টি করেছি , যেদিন সূর্য ও চন্দ্রকে রূপদান করেছি , সেদিন বাক্কাকে সৃষ্টি করেছি এবং তার চারপাশে সাতজন অনুগত ফেরেশতা দিয়ে ঘিরে রেখেছি । তার দু'পাশের দুই আখশাব ( পাহাড় ) যতদিন টিকে থাকবে , ততদিন বাক্কাও টিকে থাকবে । পানি ও দুধের ভেতরে তার অধিবাসীদের কল্যাণ নিহিত । '
ইবন হিশাম বলেন : ‘ আখশাব ' অর্থ হল পাহাড় । আখশাবান এর দ্বিবচন । অর্থাৎ মক্কার দুটো পাহাড় ।
**টিকাঃ**
১. মা'মার ইবন রাশিদ যুহরী থেকে বর্ণনা করেছেন যে , কা'বা পুনঃনির্মাণের সময় কুরায়শীরা তার ভেতর তিনটি পিঠবিশিষ্ট একটি পাথর পায় । তার একপিঠে লেখা ছিল : “ আমি বাক্কার অধিপতি আল্লাহ্ । যেদিন সূর্য ও চন্দ্র তৈরির পরিকল্পনা করি , সেইদিন বাক্কা তৈরিরও পরিকল্পনা করি । ” বাদ বাকী অংশ ইবন ইসহাক উধৃত বাণীর সমার্থক । দ্বিতীয় পিঠে লেখা ছিল : “ আমি বাক্কার অধিপতি আল্লাহ্ । আমিই রাহেম ( জরায়ু ) সৃষ্টি করেছি এবং এর সাথে মিলিয়ে নিজের একটি নাম রেখেছি ( অর্থাৎ রহীম ) । যে ব্যক্তি জরায়ুর সম্পর্ক ( অর্থাৎ আত্মীয়তার বন্ধন ) ছিন্ন করবে , তার সাথে আমিও সম্পর্ক ছিন্ন করব আর যে জরায়ুর সম্পর্ক রক্ষা করবে , আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করব । তৃতীয় পিঠে লেখা ছিল : “ আমি বাক্কার অধিপতি আল্লাহ্ । কল্যাণ ও অকল্যাণের স্রষ্টা আমি । যার দ্বারা মানুষের উপকার হয় , তার জন্য সুসংবাদ । আর যার দ্বারা ক্ষতি হয় , তার জন্য দুঃসংবাদ । ” ( জামে যুহরী - সীরাতে ইবন হিশামের টীকা দ্র . ) ।
📄 মাকামে ইবরাহীমে প্রাপ্ত লিপি
মাকামে ইবরাহীমে প্রাপ্ত লিপি
ইবন ইসহাক বলেন : আমার কাছে এ কথাও বর্ণনা করা হয়েছে যে , কুরায়শীগণ মাকামে ইবরাহীমে একখানা লিপি পেয়েছিল । তাতে লেখা ছিল : “ মক্কা আল্লাহ্র সুরক্ষিত পবিত্র ঘর । তিনটি উপায়ে তার অধিবাসীদের জীবিকা আসবে । তার অধিবাসীরা যেন প্রথমে এর পবিত্রতা ক্ষুন্ন না করে । ”
📄 উপদেশ খোদিত শীলালিপি
উপদেশ খোদিত শীলালিপি
ইবন ইসহাক বলেন লায়ন্স ইন সুলায়ম দাবি করেছেন যে , কুরায়শীরা কা'বা শরীফের অভ্যন্তরে নবুওতের চল্লিশ বছর আগে একটি শীলালিপি পেয়েছিল এবং তার বক্তব্য সঠিক হয়ে থাকলে তাতে খোদাই করা ছিল : “ যে ব্যক্তি ভালো কাজ করবে , সে সৌভাগ্যের ফসল ঘরে তুলবে । যে ব্যক্তি খারাপ কাজ করবে , সে ঘরে তুলবে অনুশোচনার ফসল । তোমরা খারাপ কাজ করবে আর ভালো প্রতিদান পাবে , তা হতে পারে না যেমন বাবলা গাছে আঙ্গুর ফলে না । ”
📄 পাথর স্থাপন নিয়ে কুরায়শদের মধ্যে বিরোধ
পাথর স্থাপন নিয়ে কুরায়শদের মধ্যে বিরোধ
ইবন ইসহাক বলেন : কা'বাঘর নির্মাণের জন্য কুরায়শ্বের শাখা গোত্রগুলো পাথর সংগ্রহ করল । প্রতিটি গোত্র পৃথক পৃথকভাবে পাথর সংগ্রহ করে তা নির্মাণ করতে লাগল । হাজরে আসওয়াদের স্থান পর্যন্ত দেয়াল নির্মাণ সম্পন্ন হলে হাজরে আসওয়াদকে যথাস্থানে স্থাপন নিয়ে বিবাদ বেধে গেল । হাজরে আসওয়াদকে তুলে নিয়ে যথাস্থানে স্থাপন করার দুর্লভ সম্মান ও গৌরব লাভের বাসনা প্রত্যেকের মধ্যেই প্রবল হয়ে উঠল । এ নিয়ে গোত্রগুলো সংঘবদ্ধ হতে লাগল । শেষ পর্যন্ত তার পরস্পরে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল । প্রত্যেক গোত্রেরই পণ , যে করেই হোক , হাজরে আসওয়াদকে তারাই যথাস্থানে স্থাপন করবে , অন্য কাউকে সে সুযোগ দেবে না ।