📘 সিরাতে ইবন হিশাম > 📄 আমিনার ইন্তিকাল দাদা আবদুল মুত্তালিবের কাছে রাসূলুল্লাহ্ (সা)-এর অবস্থান

📄 আমিনার ইন্তিকাল দাদা আবদুল মুত্তালিবের কাছে রাসূলুল্লাহ্ (সা)-এর অবস্থান


মা আমিনার ইন্তিকাল ও দাদা আবদুল মুত্তালিবের কাছে রাসূলুল্লাহ (সা:) -এর অবস্থান
ইবন ইসহাক বলেন : এরপর রাসূলুল্লাহ (সা:) স্বীয় মাতা এবং দাদা আবদুল মুত্তালিব ইব্‌ন হাশিম - এর সাথে শান্তিতে বাস করতে থাকেন । আল্লাহ্ তাঁকে নিজের তত্ত্বাবধানে নিরাপদে রাখেন এবং তিনি ভালোভাবে বড় হতে থাকেন । রাসূলুল্লাহ (সা:) -এর ছয় বছর বয়সে তাঁর মাতা আমিনা বিন্ত ওয়াহব ইন্তিকাল করেন ।
ইবন ইসহাক বলেন : আবদুল্লাহ্ ইব্‌ন আবূ বাকর ইব্‌ন মুহাম্মদ ইবন আমর ইবন হাযম আমাকে জানিয়েছেন যে , রাসূলুল্লাহ (সা:) -এর বয়স যখন ছয় বছর , তখন তাঁর মাতা আমিনা তাঁকে তাঁর মামাবাড়ি মদীনার বনু আদি গোত্রের কাছে দেখাতে নিয়ে যান । তারপর মক্কায় ফিরে আসার সময় পথিমধ্যে আবওয়া নামক স্থানে বিবি আমিনা ইন্তিকাল করেন ।

**টিকাঃ**
১. কুরতুবীর ‘ তাযকিরা ' নামক গ্রন্থে হযরত আয়েশা ( রা ) থেকে বর্ণিত , রাসূলুল্লাহ্ (সা:) আমাদেরকে সাথে নিয়ে যখন বিদায় হজ্জে গমন করেন , তখন তাঁর মায়ের কবরের কাছ দিয়ে যাওয়ার সময় কাঁদতে থাকেন । তাঁর কান্নায় আমিও যোগ দিই । তারপর তিনি উটের পিঠে থেকে নেমে বললেন : হে হুমায়রা ( আয়েশা ) ! একটু থামো । আমি উটের পিঠে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম । রাসূলুল্লাহ্ (সা:) দীর্ঘ সময় আমার কাছ থেকে দূরে চিন্তিতভাবে কাটালেন । তারপর হাসিমুখে আমার কাছে ফিরে এলেন । আমি এই হাসির কারণ জানতে চাইলে তিনি বললেন : আমি আমার মা বিবি আমিনার কবরের কাছে যেয়ে আল্লাহ পাকের নিকট মুনাজাত করলাম , তাঁকে জীবিত করুন । তারপর আল্লাহ পাক তাঁকে জীবিত করলেন , জীবিত হয়ে তিনি আমার ওপর ঈমান আনলেন , তারপর আল্লাহ তাঁকে পুনরায় অদৃশ্য করে দিলেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ আদ ইব্‌ন নাজ্জারকে রাসূল (সা)-এর মাতুল গোত্র বলার কারণ

📄 বনূ আদ ইব্‌ন নাজ্জারকে রাসূল (সা)-এর মাতুল গোত্র বলার কারণ


বনূ আদি ইব্‌ন নাজ্জারকে রাসূল (সা:) -এর মাতুল গোত্র বলার কারণ
ইবন হিশাম বলেন : আবদুল মুত্তালিব ইব্‌ন হাশিম - এর মা সালমা বিনতে আমরও ছিলেন বন্ আদী ইবন নাজ্জার গোত্রের মেয়ে । এ কারণেই ইবন ইসহাক ( রা ) বনূ নাজ্জারকে রাসূলুল্লাহ (সা:) -এর মাতুল গোত্র বলে অভিহিত করেছেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 রাসূলুল্লাহ (সা)-এর শৈশবকালেই তাঁর প্রতি আবদুল মুত্তালিবের সম্মান প্রদর্শন

📄 রাসূলুল্লাহ (সা)-এর শৈশবকালেই তাঁর প্রতি আবদুল মুত্তালিবের সম্মান প্রদর্শন


রাসূলুল্লাহ (সা:) -এর শৈশবকালেই তাঁর প্রতি আবদুল মুত্তালিবের সম্মান প্ৰদৰ্শন
ইবন ইসহাক ( র ) বলেন : বিবি আমিনার ইন্তিকালের পর রাসূলুল্লাহ (সা:) তাঁর দাদা আবদুল মুত্তালিব ইব্‌ন হাশিমের সাথেই অবস্থান করতে থাকেন । কা'বা শরীফের পাশেই আবদুল মুত্তালিবের জন্য বিছানা পেতে রাখা হত এবং তাঁর পুত্ররা সকলে তাঁর সেই বিছানার চারপাশে বসত । তিনি যতক্ষণ বের না হতেন , ততক্ষণ তারা স্থির হয়ে বসে থাকত এবং তাঁর মর্যাদার খাতিরে কেউ তাঁর বিছানার ওপর বসত না । এই সময় রাসূলুল্লাহ (সা:) সেখানে আসতেন । তখন তিনি সুদর্শন কিশোর । তিনি সে বিছানার ওপর বসে পড়তেন । তাঁর চাচাগণ তাঁকে ধরে সরিয়ে দিতে গেলেই আবদুল মুত্তালিব তাদেরকে বলতেন : আমার সন্তানকে ছেড়ে দাও । আল্লাহ্র কসম , সে নিশ্চয়ই সম্মানিত । তারপর তাঁকে নিজের বিছানায় নিজেই বসাতেন , পিঠে হাত বুলাতেন এবং তিনি যা কিছুই করতেন তাতেই তিনি আনন্দিত হতেন ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00