📄 যমযম খনন প্রসংগে
যমযম খনন প্রসঙ্গে
( যমযম সম্পর্কে কিছু কথা ) মুহাম্মাদ ইবন ইসহাক মুত্তালিবী বলেন : আবদুল মুত্তালিব ইব্ন হাশিম একবার কা'বা সংলগ্ন হাতীমে ঘুমিয়েছিলেন । তখন স্বপ্নে তিনি যমযম খননের নির্দেশ পেলেন । যমযম কুরায়শদের দু'টি মূর্তি ইসাফ ও নায়েলার মধ্যবর্তী স্থানে , তাদের পশুবলির জায়গায় মাটিচাপা অবস্থায় ছিল । জুরহুম গোত্র মক্কা থেকে বিদায়কালে এটা মাটির নিচে চাপা দিয়ে যায় । এ কুয়াটি ছিল মূলত ইসমাঈল ইবন ইবরাহীম ( আ ) -এর । ছোটবেলায় যখন তিনি তৃষ্ণার্ত হন , তখন আল্লাহ্ তাঁকে এই কুয়ার পানি পান করান । ঘটনার বিবরণ এই :
তিনি যখন তৃষ্ণার্ত হলেন , তখন তার মা হাজেরা বহু খোঁজাখুজি করে পানি না পেয়ে প্রথমে ' সাফা ' পাহাড়ে তারপর ‘ মারওয়া ’ পাহাড়ে চড়ে আল্লাহ্ তা'আলার কাছে ইসমাঈলের জন্য বৃষ্টির ফরিয়াদ করলেন । তখন আল্লাহ্ তা'আলা জিবরাঈল ( আ ) -কে পাঠালেন । তিনি যমীনে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলে সেখান থেকে পানি বের হতে লাগল । এমন সময় হযরত ইসমাঈল ( আ ) -এর মা হিংস্র জন্তুর আওয়াজ শুনে পুত্রের জীবনাশংকায় তার দিকে দৌড়ে আসলেন । দেখতে পেলেন তার গন্ডদেশের নীচ থেকে পানি প্রবাহিত হচ্ছে , আর তিনি হাতে পানি পান করছেন । হযরত ইসমাঈল ( আ ) -এর মা সেখানে একটি ছোট গর্ত তৈরি করে নিলেন ।
**টিকাঃ**
১. হাতীম হল কা'বাঘরের দক্ষিণদিকের দেয়াল ঘেরা অতিরিক্ত অংশ , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের নবূয়াতপ্রাপ্তির পাঁচ বছর পূর্বে কুরায়শরা যখন কা'বাঘর পুনঃনির্মাণ করেছিল , তখন তারা অর্থ সংকটের কারণে এ অংশটুকু ছেড়ে দিয়েছিল । চিহ্নিত করার জন্য এ অংশটুকু বর্তমানে দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে ।