📘 সিরাতে ইবন হিশাম > 📄 ইয়ামানের ইয়াহুদী জাতির প্রতিষ্ঠা

📄 ইয়ামানের ইয়াহুদী জাতির প্রতিষ্ঠা


“ আমার প্রভু তার রাজ্যের অধিবাসীদের তাঁর অনুগত করে দিয়েছিলেন । ফলে , তিনি তার মানত পূরণ করলেন । ”
“ তিনি খালি পায়ে কা'বায় আসলেন এবং এর খোলা প্রান্তরে দু'হাজার উট কুরবানী করলেন । ”
“ সেই সব হৃষ্টপুষ্ট উটের গোশ্ত তিনি মক্কাবাসীদের খাওয়ালেন । ”
“ আরো পান করালেন পরিচ্ছন্ন মধু এবং নির্মল যবের খাবার । ”
হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছে , আর লোকেরা দেখছিল যে , তাদের উপর ঐ জনপদে প্রস্তরখণ্ড বর্ষিত হচ্ছিল । ”
তাদের বাদশাহ ( আবরাহা ) -কে মক্কার দূরবর্তী স্থানে ধ্বংস করা হয়েছে । ”
“ অতএব , যখন তোমাকে কিছু বলা হবে , তখন তা মনোযোগ সহকারে শুনবে এবং বুঝতে চেষ্টা করবে যে , ঘটনাবলীর পরিণতি কি রকম হয়ে থাকে । ”
ইয়ামানে ইয়াহুদী জাতির প্রতিষ্ঠা
এরপর তুব্বান মক্কা থেকে ইয়ামান অভিমুখে যাত্রা করলেন । তার সাথে তার সৈন্য - সামন্ত এবং পণ্ডিতদ্বয়ও চললেন । অবশেষে ইয়ামানে পৌঁছে তিনি তার জাতিকে নিজের নতুন ধর্মে দীক্ষিত হওয়ার দাওয়াত দিলেন । কিন্তু তারা ইয়ামানে অবস্থিত আগুনের কাছ থেকে মতামত না নিয়ে নতুন ধর্ম গ্রহণ করবে না বলে তাকে জানিয়ে দিল ।
ইবন ইসহাক বলেন : আবূ মালিক ইব্‌ন সা'লাবা ইব্‌ন আবূ মালিক কুরাযী জানিয়েছেন যে , তিনি ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন তালহা ইবন উবায়দুল্লাহ্র কাছে শুনেছেন : তুব্বান যখন ইয়ামানে প্রবেশ করার উদ্দেশ্যে নিকটবর্তী হলেন , তখন হিময়ার গোত্র তাকে বাধা দিল । তারা বলল : তুমি আমাদের ধর্ম ত্যাগ করেছ । কাজেই তুমি এ দেশে প্রবেশ করতে পারবে না । তখন তুব্বান তাদেরকে স্বীয় ধর্মের দিকে দাওয়াত দিলেন এবং বললেন : তোমাদের ধর্মের চাইতে এটা ভাল । তারা বলল : তা হলে আগুনের কাছ থেকে সিদ্ধান্ত এনে দাও । তিনি বললেন : বেশ , তাই হবে । বর্ণনাকারী বলেন : ইয়ামানবাসীর চিরাচরিত বিশ্বাস মুতাবিক তাদের মাঝে বিতর্কিত বিষয়ে আগুন ফয়সালা দিত । এই আগুন যালিমকে খেয়ে ফেলত , অথচ মযলূমের কোন ক্ষতি করত না । তখন ইয়ামানবাসী পৌত্তলিকগণ তাদের মূর্তিগুলো নিয়ে এবং যে সব জিনিস দ্বারা আল্লাহ্র নৈকট্য লাভ করা যায় বলে তাদের ধর্মের রীতি ছিল , সে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ল । আর ইয়াহুদী পণ্ডিতদ্বয় তাদের আসমানী কিতাবকে ঘাড়ে ঝুলিয়ে নিয়ে চললেন । নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা আগুনের উৎসমুখে বসে পড়লেন । কিছুক্ষণ পর আগুন তাদের দিকে বেরিয়ে এল । আগুনকে এগিয়ে আসতে দেখে পৌত্তলিকরা ভয় পেয়ে সরে পড়ল । উপস্থিত লোকেরা তাদের সাহস দিল , উৎসাহিত করল এবং ধৈর্যের সাথে যথাস্থানে বসে থাকতে বলল । তারা ধৈর্য ধারণ করে বসতেই আগুন তাদেরকে ঘেরাও করে ফেলল এবং প্রতিমা ও অন্যান্য ধর্মীয় সাজ - সরঞ্জাম পুড়িয়ে ভস্ম করে দিল । হিময়ার গোত্রের যে কয়জন পুরোহিত ধর্মীয় সাজ - সরঞ্জাম বহন করছিল , তারাও ভস্মীভূত হয়ে গেল । এই সময় ইয়াহুদী পণ্ডিতদ্বয় তাদের কাঁধে ধর্মগ্রন্থ ঝুলিয়ে চক্কর দিতে লাগলেন । আগুনের তাপে তাদের কপাল সামান্য ঘেমেছিল , কিন্তু তাদের কোনই ক্ষতি হয়নি । এ দৃশ্য দেখে হিময়ার গোত্রের লোকেরা তুব্বানের ধর্ম গ্রহণ করল । সেই থেকে ইয়ামানে ইয়াহুদী ধর্মের পত্তন হলো ।
ইবন ইসহাক বলেন : কথিত আছে যে , ইয়াহুদী পণ্ডিতদ্বয় এবং হিময়ার গোত্রের পুরোহিতরা প্রথমে স্থির করেন যে , যে পক্ষ আগুনকে থামাতে পারবে , সে পক্ষই সঠিক বলে সাব্যস্ত হবে । তদনুসারে প্রথমে হিময়ারীরা মূর্তি সামনে নিয়ে আগুনের কাছে এগিয়ে গেল তা ঠেকানোর জন্য । কিন্তু তারা ঠেকানো তো দূরের কথা , দৌড়ে পালিয়েও আগুনের কবল থেকে রক্ষা পেল না । এরপর পণ্ডিতদ্বয় তাওরাত তিলাওয়াত করতে করতে আগুনের কাছে এগিয়ে যেতেই তা থেমে গেল । তখন হিময়ার গোত্র সকলে ঐ ইয়াহূদী পণ্ডিতদ্বয়ের ধর্মকে গ্রহণ করল ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 রিয়াম নামক ঘর ভাংগার ঘটনা

📄 রিয়াম নামক ঘর ভাংগার ঘটনা


রিয়াম নামক ঘর ভাংগার ঘটনা
ইবন ইসহাক বলেন : ইয়ামানবাসীর রিয়াম নামক একটা ঘর ছিল । এ ঘরটিকে তারা ভক্তি ও সম্মান করত , তার সামনে কুরবানী করত এবং তার সাথে কথা বলত । এ সব কিছুই তাদের পৌত্তলিকতার আমলের ব্যাপার । এ অবস্থা দেখে ইয়াহুদী পণ্ডিতদ্বয় তুব্বানকে বললেন : এ হচ্ছে শয়তানের একটা ফিতনা । এ দ্বারা সে মানুষকে বিভ্রান্ত করছে । এ বিভ্রান্তি ঘুচানোর জন্য আমাদের সুযোগ দিন । তুব্বান বললেন : ঠিক আছে । তোমাদের সুযোগ দেয়া হল । ইয়ামানবাসীর জনশ্রুতি থেকে জানা যায় যে , পণ্ডিতদ্বয় ঐ ঘরের ভিতর থেকে একটা কাল কুকুর বের করে তা হত্যা করে ফেলল । তারপর ঐ ঘরটিকে ভেংগে ফেলল । কথিত আছে যে , ঐ ঘরে যে রক্ত প্রবাহিত হত , তার চিহ্ন এখানো তাতে বিদ্যমান । ঐ ঘরে নানা রকমের বলি দেয়া হত বলেই সম্ভবত রক্তের এত দাগ সৃষ্টি হয়েছে ।

**টিকাঃ**
১. রিয়াম অর্থ দয়া । এই ঘরে বন্দনাকারীরা বিশ্বাস করত যে , এতে দেবদেবীর দয়া পাওয়া যাবে । এ জন্য এ ঘরের এরূপ নামকরণ করা হয়েছে ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00