📄 সীরাত বর্ণনায় ইব্ন হিশামের অনুসৃত নীতি
ইবন হিশাম বলেন : আমি ইনশাআল্লাহ্ এ গ্রন্থের শুরুতে ইবরাহীমের পুত্র ইসমাঈল ( আ ) এবং রাসূলুল্লাহ্ (সা:) -এর অন্যান্য ইসমাঈল বংশোদ্ভূত পূর্বপুরুষদের নাম ধারাবাহিকভাবে উল্লেখ করব । আর ইসমাঈল ( আ ) থেকে মুহাম্মদ (সা:) পর্যন্ত সরাসরি ঔরসজাত সন্তানদের নামও বর্ণনা করব । আর সেই সাথে তাদের জীবনের সমস্ত ঘটনাও তুলে ধরব । তবে সংক্ষেপ করার লক্ষ্যে ইসমাঈলের অন্যান্য সন্তান , যারা সরাসরি মুহাম্মদ (সা:) -এর পূর্বপুরুষ নন , তাদের উল্লেখ করব না এবং এমন কিছু বর্ণনাও বাদ দেব , যা ইব্ ইসহাক লিপিবদ্ধ করেছেন , কারণ এতে রাসূলুল্লাহ্ (সা:) -এর উল্লেখ নেই , এ সম্পর্কে কুরআনে কোন আয়াত অবতীর্ণ হয়নি , আর না এ গ্রন্থের অপর কোন তথ্যের সাথেও এর কোন মিল আছে । সেগুলো এ গ্রন্থে বর্ণিত কোন তথ্যের ব্যাখ্যা বা প্রমাণের পর্যায়ে পড়ে না । মুহাম্মদ ইবন ইসহাকের গ্রন্থে কাব্যানুরাগীদের অজানা কিছু কবিতা , কিছু অশ্রাব্য ও অশোভন বক্তব্য এবং বুক্কায়ীর অসমর্থিত কিছু তথ্যও ছিল , যা আমি বর্জন করেছি । এ ছাড়া যা কিছু প্রকৃত ঐতিহাসিক ও প্রামাণ্য তথ্য ঐ গ্রন্থে ছিল , আমি তা পুরোপুরিভাবেই সংরক্ষণ করেছি ।