📘 ইবাদাতের মর্মকথা > 📄 রাসূলের ভালোবাসার মূলকথা

📄 রাসূলের ভালোবাসার মূলকথা


কেউ যখন ঈমানের এ সোপানে পৌঁছে যাবে তখনই সে নিজের পছন্দ ও অপসন্দকে আল্লাহ তা'আলার সন্তুষ্টি ও অসন্তুষ্টির ভিত্তিতে গড়ে তুলতে পারবে। এ সময় দুনিয়ার সব জিনিস হতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট প্রিয় হবে। আর আল্লাহর সৃষ্টি জগতের কাউকে সে ভালোবাসলে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে। অন্য কোনো উদ্দেশ্যে তা করবে না। এভাবে আল্লাহর সৃষ্টিজগতের কাউকে ভালোবাসা প্রকৃতই আল্লাহকে ভালোবাসারই শামিল। বরং তার পরিপূর্ণতার একটি দিক। ভালোবাসার এটাই নিয়ম।
এর থেকে আল্লাহর নবী এবং অলীদের ভালোবাসার কথা বুঝা যায়। এসব বুযুর্গদের তাঁরা শুধু এ জন্য ভালোবাসে যে, তাঁরা আল্লাহ তা'আলার পসন্দনীয় পথের দিকে আহবান জানায়। তাই তাঁদেরকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার অন্তর্ভুক্ত। কারণ তাদেরকে তো আল্লাহর জন্যেই ভালোবাসা হয়, ব্যক্তিগত কারণে নয়। কুরআন মজীদে এরশাদ হচ্ছে:
فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَفِرِينَ ۚ الْمَائِدَةَ : ٥٤
"অচিরেই আল্লাহ এমন অনেক লোকের আবির্ভাব ঘটাবেন যারা হবে আল্লাহর প্রিয়, আল্লাহ হবেন তাদের প্রিয়। তারা মুমিনের প্রতি নম্র-বিনয়ী হবে এবং কাফিরদের প্রতি হবে অত্যন্ত কঠোর।" -সূরা আল মায়েদা : ৫৪
বুঝা গেলো, মু'মিন ও আল্লাহ ওয়ালাদের সাথে নম্রতা-ভদ্রতা, ভালো ব্যবহার করা আল্লাহকে ভালোবাসারই অন্তর্ভুক্ত এবং তারই এক প্রাকৃতিক দাবী। এ বাস্তব অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা এরশাদ করেছেন:
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ - ال عمران : ٣١
“(হে রাসূল!) বলো, তোমরা যদি প্রকৃতই আল্লাহকে ভালোবাস তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে তাঁর প্রিয় বান্দাহ হিসেবে কবুল করে নেবেন।"-সূরা আলে ইমরান: ৩১
এর কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেইসব কাজ করারই হুকুম দেন আর নিজেও তা করেন, যেসব কাজ আল্লাহ পসন্দ করেন। তিনি ওই সব কাজ থেকে বিরত রাখেন ও নিজেও বিরত থাকেন যেসব কাজ আল্লাহর অপসন্দ। তাই যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসার দাবী করবে তার জন্যে রাসূলকে অনুসরণ করা আবশ্যক। 'গায়েব' ও 'হাজির' সম্পর্কে তিনি যেসব খবর দিয়েছেন তা হৃদয় দিয়ে সত্য বলে মানতে হবে। তার এক একটি হুকুমের সামনে সানন্দে মাথা নত করতে হবে। বাস্তব জীবনে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে রাসূলের অনুসৃত নীতি দেখে নিতে হবে। যে ব্যক্তি এভাবে কাজ করেছে সে-ই আল্লাহকে ভালোবাসে এ দাবীতে সঠিক ও পরীক্ষায় সফল হলো। পরিণতিতে এ ব্যক্তি আল্লাহর ভালোবাসা প্রাপ্তিতে ধন্য হবে।

📘 ইবাদাতের মর্মকথা > 📄 আল্লাহকে ভালোবাসার প্রকৃত নিদর্শন

📄 আল্লাহকে ভালোবাসার প্রকৃত নিদর্শন


দুটি জিনিসকে আল্লাহ তা'আলা তাঁর ভালোবাসার নির্দশন হিসেবে চিহ্নিত করেছেন।
১. রাসূলের ইত্তেবা ও
২. জিহাদ ফি সাবীলিল্লাহ
জিহাদ ফি সাবীলিল্লাহর অর্থ ঈমান ও আমলে সালেহ হাসিল করার ব্যাপারে এবং আল্লাহর অপসন্দ্ন্দনীয় কাজ কুফর ও ফিস্ক এবং আল্লাহদ্রোহিতা ও নাফরমানিকে মিটিয়ে দেবার জন্য নিজের সমগ্র শক্তি ও চেষ্টা প্রচেষ্টাকে নিয়োজিত করা। আল্লাহ তা'আলা এরশাদ করেছেন:
قُلْ إِنْ كَانَ آبَاءُ كُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَأَمْوَالُ نِ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةُ تَخْشَوْنَ كَسَاءَهَا وَمَسكِنُ تَرْضَوْنَهَا أَحَبُّ إِلَيْكُمْ مِنَ اللهِ وَرَسُولِهِ وَجَهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ .
“(হে নবী!) ওদেরকে বলোঃ তোমাদের মাতা-পিতা, তোমাদের সন্তান-সন্ততি, তোমাদের ভাই, তোমাদের স্বামী-স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের ওই ধন-সম্পদ যা কামাই করে রেখেছো, তোমাদের ওই ব্যবসা-বাণিজ্য যা মন্দা হয়ে যাবার ভয় করো, তোমাদের সেই ঘরবাড়ী যা তোমাদেরকে সম্মোহিত করে রেখেছে, এসব যদি তোমাদের নিকট আল্লাহ ও তাঁর রাসূল এবং আল্লাহর রাহে জিহাদ করা থেকে বেশী প্রিয় হয়ে থাকে তাহলে (এ ব্যাপারে) আল্লাহর চূড়ান্ত ফায়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো।" -সূরা আত তাওবা: ২৪
লক্ষ্য করুন, যারা আল্লাহ, আল্লাহর রাসূল ও জিহাদ ফী সাবীলিল্লাহ হতে নিজেদের পরিবার পরিজন ও ধন-সম্পদকে বেশী ভালোবাসে তাদেরকে আল্লাহ তা'আলা কত ভয়াবহ শাস্তির ধমক শুনিয়েছেন।
এভাবে রাসূলের ভালোবাসা প্রসঙ্গে রাসূলে করীম (স) নিজে পরিষ্কার ভাষায় এরশাদ করেছেনঃ
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ - رواه الشيخان
“সেই সত্তার শপথ যাঁর হাতে আমার জীবন। তোমাদের কেউ মু'মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার সন্তান, তার পিতা-মাতাসহ অন্যান্য মানুষের চেয়ে বেশী প্রিয় না হবো।"
আর একটি হাদীসে উল্লেখ করা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ (স)-কে সম্বোধন করে বললেন:
يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْ إِلَّا مِن نَفْسِي -
“হে রাসূল! আমি আমার জীবন ছাড়া আর সকল জিনিস থেকে আপনাকে বেশী ভালোবাসি।"
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন:
لَا يَا عُمَرُ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ -
"না, হে ওমর! তুমি পাক্কা মু'মিন হতে পারবে না যতোক্ষণ না আমি তোমার নিকট তোমার জীবন থেকেও বেশী প্রিয় হবো।"
একথা শুনেই হযরত ওমর উচ্চস্বরে বলে উঠলেন:
فَوَاللَّهِ لَانْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي -
"আল্লাহ সাক্ষী হে রাসূল! আপনি আমার জীবনের চেয়েও আমার নিকট বেশী প্রিয়।"
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন :
الآنَ يَا عُمَرُ -
"এখন ঠিক হয়েছে, হে ওমর।”
বুঝা গেলো, পরিপূর্ণ ভালোবাসা সৃষ্টি করার জন্য প্রেমাস্পদের সাথে পরিপূর্ণ ভালোবাসার সঠিক জম্বা সৃষ্টি করতে হবে। পরিপূর্ণ ভালোবাসার অর্থ ও তার মানদণ্ড হলো নিজের পসন্দ ও অপসন্দ এবং নিজের ভালোবাসা ও শত্রুতা, প্রিয়তমের পসন্দ ও অপসন্দ এবং ভালোবাসা ও শত্রুতার জন্যই হয়ে থাকে। এটা তো জানা কথাই যে, প্রকৃত প্রিয়তম আল্লাহ তা'আলার পসন্দনীয় বিষয় হলো, ঈমান ও 'তাকওয়া' আর অপসন্দনীয় বিষয় হলো 'নাফরমানী' ও 'ফাসেকী'। এভাবে একথাও খুবই সুবিদিত সত্য যে, ভালোবাসা চর্চার দ্বারা মানুষের হৃদয়ে একটা বড় শক্তি সঞ্চিত হয়। মানুষের হৃদয়ে যখন তা বাসা বাঁধে তখন আকাঙ্ক্ষিত জিনিস প্রাপ্তির ব্যাপারে তাকে বারবার অনুপ্রেরণা যোগাতে থাকে। ভালোবাসা যদি চরম সীমায় পৌছে যায় তাহলে কাঙ্ক্ষিত জিনিস অর্জন করার ব্যাপারেও মনোবাঞ্ছা চরম সীমায় পৌঁছে যায়। এখন বান্দাহ যদি বাহ্যিক অনেক উপায় উপকরণের অধিকারীও হয়, তবু তা অর্জন করা ছাড়া ক্ষান্ত হয় না। কিন্তু যদি প্রকাশ্য উপায় উপকরণের অনুপস্থিতির কারণে নানা ধরনের অসুবিধা তার পথ আগলে ধরে এবং প্রাণপণ চেষ্টার পরও যদি তা হাসিল করতে না পারে তারপরও তাকে ব্যর্থকাম বলা যাবে না। এ অবস্থায়ও আল্লাহ তা'আলার দরবারে তার জন্য ঐ পরিমাণ পুরস্কার বিদ্যমান আছে নিজের চেষ্টা প্রচেষ্টার দ্বারা বাস্তবে সে যে পরিমাণ সফলকাম হয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন:
مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ اَجَرٍ مِثْلَ أُجُودِ مَنْ اتَّبَعَهُ مِنْ غَيْرِ أَنْ يَنقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا ضَلَالَةٌ كَانَ عَلَيْهِ مِنَ الْعِزْدِ مِثْلَ أَوْزَارِ مَنْ اتَّبَعَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقَصَ مِنْ اوزارِهِمْ شَيئًا .
"যে ব্যক্তি মানুষকে কোনো হেদায়াতের দিকে আহবান জানাবে সে ব্যক্তি হেদায়াত গ্রহণ করা ব্যক্তির মতই সমান সওয়াব পাবে। এ সওয়াবে একটুও কম করা হবে না। ঠিক একইভাবে যে ব্যক্তি কাউকে গোমরাহীর দিকে আহ্বান জানাবে সে ব্যক্তি গোমরাহীর পথ অবলম্বন করা ব্যক্তির সমান শাস্তি ভোগ করবে। এতে একটুও কম বেশী হবে না।"
পূর্ণ ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু লোক কোনো কারণে একটি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তাদের ব্যাপারে আল্লাহর নবী (স) বলেছেন:
إِنَّ بِالْمَدِينَةِ لَرِجَالًا مَا سَرْتُمْ مُسِيرًا وَلَا قَطَعْتُمْ وَادِيًا إِلَّا كَانُوا مَعَكُمْ - قَالُوا وَهُمْ بِالْمَدِينَةِ - قَالَ وَهُمْ بِالْمَدِينَةِ جَلَسَهُمُ الْعَدْرُ -
"মদীনায় থেকে যাওয়া কিছু লোক যুদ্ধের প্রতিটি ময়দানে তোমাদের জিহাদী কাজের সাথে তোমাদের সাথে ছিলো। সাহাবাগণ জিজ্ঞেস করলেন— মদীনায় বসে থেকেও কি তারা আমাদের সাথে ছিলো? জবাবে তিনি বললেন, মদীনায় বসে থেকেও। কারণ তারা নিজ ইচ্ছায় বসে থাকেনি বরং সঙ্গত ওযরই তাদের বিরত রেখেছে।"
জিহাদের অর্থ যেমন উপরে বর্ণিত হয়েছে যে, আল্লাহর পসন্দনীয় জিনিস হাসিল এবং তা প্রতিফলিত করার এবং অপসন্দনীয় ও নিন্দনীয় জিনিসগুলোকে সমূলে উৎপাটিত করার কাজে নিজের সর্বশক্তি ও প্রচেষ্টা নিয়োগ করা। অতএব জিহাদই হলো প্রকৃতপক্ষে ওই কষ্টিপাথর যার দ্বারা আল্লাহর বান্দার আল্লাহর ভালোবাসা দাবী করার ব্যাপারটি যাচাই করা যেতে পারে। শক্তি-সামর্থ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সে অনুযায়ী জিহাদের মত ফরয কাজ পালন না করে তাহলে প্রমাণিত হবে যে, আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসা তার মধ্যে কোনো বিশেষ প্রেরণা সৃষ্টি করতে পারেনি। এ ফরয কাজটি আদায়ের ব্যাপারে সে নিজের সামর্থ অনুসারে যত অবহেলা অমনোযোগিতা দেখাবে ততোটাই তা ভালোবাসার দাবীর মুখোশ উন্মোচিত হয়ে পড়বে। এতে কোনো সন্দেহ নেই, এ ফরয পালন করে চলার পথে কাটা বিছানো থাকে। কিন্তু ভালোবাসার এ সুন্নাত কার অজানা আছে যে, প্রেমিকের সান্নিধ্য লাভ বিপদাপদ ও ঝুঁকি পোহাবার পরই ভাগ্যে জুটে। খাঁটি ও মেকি উভয় ভালোবাসার একই পদ্ধতি। ক্ষমতা লাভের লোভী রাজসিংহাসনকে ধন- সম্পদ প্রাপ্তির পূজারী ধন-ভাণ্ডারকে রূপ-যৌবনের পাগল প্রেয়সীর সাথে মিলনের ব্যাপারটিকে ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারে না। যতক্ষণ না পরকালীন জীবনের কঠিন আযাবের কথা বাদ দিলেও এ দুনিয়ার ভয়াবহ বিপদাপদ দ্বারা সে জর্জরিত হবে। কাজেই আল্লাহ ও তাঁর রাসূলের প্রেমিক তাদের লাভের পথে এতটুকুন জীবন বাজীও যদি না দেখায় যতটুকু গায়রুল্লাহ প্রেমিকরা দৃঢ় সংকল্প চিত্তে নিজেদের প্রিয়তমার জন্য দেখাতে পারে, তাহলে তো অবশ্যই সে নিজের ভালোবাসার ক্ষেত্রে দুর্বলতা ও সংকীর্ণতার অকাট্য একটি প্রমাণ পেশ করলো। অথচ মু'মিনের বৈশিষ্ট্য হলো সে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ ও তাঁর রাসূলকে বেশী ভালোবাসবে। কুরআন বলছে :
وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ - - البقرة : ١٦٥
"ঈমানদারগণ আল্লাহকেই সবচেয়ে বেশী ভালোবাসে।"
সাথে সাথে একথাও মনে রাখতে হবে, ভালোবাসার ক্ষেত্রে শুধু আবেগ ও সরলতাই মঞ্জিলে মাকসুদে পৌছার গ্যারান্টি হতে পারে না। এর সাথে সাথে বরং বুদ্ধিমত্তা ও সচেতনতাও থাকা প্রয়োজন। নতুবা কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে, খাঁটি প্রেমিক খাঁটি প্রেম পোষণ করার পরও নিজের নির্বুদ্ধিতা ও দূরদৃষ্টির অভাবে এবং ধারণার অস্বচ্ছতার কারণে এমন পথ অবলম্বন করে বসবে, যে পথে কখনো নিজের গন্তব্যে পৌঁছতে পারবে না। খাঁটি ভালোবাসার ব্যাপারেও এ ধরনের ভুল পথ নিন্দনীয়। আর যদি মেকী ও ভ্রান্ত ভালোবাসায় এ ধরনের কোনো পথ অবলম্বন করা হয় তাহলে তো ওই ব্যক্তির বঞ্চনার ব্যাপারে আর কোনো কথাই নেই। যেমন রাষ্ট্র, ধন-সম্পদ, ধন-দৌলত ও রূপ-সৌন্দর্যের কিছু অন্ধ পাগল করে থাকে। একদিকে তো তার ভালোবাসার গতিই ভ্রান্ত অপরদিকে সে নিজের ইঙ্গীত লক্ষ্য হাসিলের ব্যাপারে জ্ঞান-বুদ্ধির পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। ফলে সে সবকিছু হতেই বঞ্চিত। অবশ্য এ পথে নানা ধরনের বিপদাপদ তাকে ঘিরে ফেলে। অতএব ভালোবাসার পথে বুদ্ধিমতা দিয়ে পরিচালিত হতে হবে। অন্যথায় পরাজয় নিশ্চিত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00