📘 হৃদয়ের দিনলিপি > 📄 বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে

📄 বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে


মানুষের যখন ইলমে পূর্ণতা আসে, তখন সে বুঝতে পারে, বস্তুত তার আমল কোনো মূল্যই রাখে না। এটাকে বড় করে দেখার কিছু নেই। কারণ, মহান দয়াশীল প্রভুর তাওফিক প্রদানের কারণেই এই আমলগুলো সে করতে সক্ষম হয়েছে; নতুবা তার দ্বারা কখনো এটা সম্ভব হতো না। একজন বুদ্ধিমান ব্যক্তি যখন এই চিন্তা করে তখন আর সে নিজের কোনো আমল নিয়ে বড়াই করে না, অহংকার করার দুঃসাহস দেখায় না।
আমল নিয়ে বড়াই বা অহংকার না করার কয়েকটি কারণ রয়েছে—
১. যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেছেন,
﴿وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ . فَضْلًا مِنَ اللَّهِ وَنِعْمَةً وَاللَّهُ عَلِيمٌ حَكِيمُ﴾
কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের ভালোবাসা সঞ্চার করেছেন এবং তাকে তোমাদের অন্তরে করে দিয়েছেন আকর্ষণীয়। আর তোমাদের কাছে কুফর, গোনাহ ও অবাধ্যতাকে ঘৃণ্য বানিয়ে দিয়েছেন। এরূপ লোকেরাই সঠিক পথপ্রাপ্ত হয়েছে—আল্লাহর পক্ষ থেকে দান ও অনুগ্রহস্বরূপ। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। [সুরা হুজুরাত: ৭-৮]
২. ব্যক্তি যখন রবের সীমাহীন নিয়ামতের মাঝে নিজের এই এতটুকু ইবাদত ও আনুগত্যকে তুলনা করে দেখে, তখন সে নিজেই বুঝতে পারে— এগুলো তেমন কিছুই নয়। কোটি ভাগের এক ভাগও নয়। অহংকার করা তো দূরের কথা; এ তো উল্লেখ করার মতোও না।
৩. দয়াময় মহান প্রভুর বড়ত্ব ও মহত্বের বিষয় সম্পর্কে যখন চিন্তা করা হয়, তখন জীবনের সকল জ্ঞান ও ইবাদতই অতি ক্ষুদ্র ও তুচ্ছ মনে হয়। কত সামান্য আমাদের নিবেদন!
তবুও তো ধরা হচ্ছে এটা সেই ইবাদত- যার মধ্যে কোনো প্রকার ত্রুটি ও কদর্যতা নেই। শিরকের মিশ্রণ নেই। যা অন্য সকল কিছুর কামনা থেকে একেবারেই শুধু তার জন্যই নিবেদিত। আর যখন ইবাদতগুলোর মধ্যে বিভিন্ন অবহেলা, কৃত্রিমতা, লৌকিকতা ও অজ্ঞতা ভর করে সে ক্ষেত্রে সেই ইবাদত নিয়ে তাঁর সামনে কোন মুখে দাঁড়ানো সম্ভব!
এ কারণে সব সময় নিজের আমলের ব্যাপারে সতর্ক থাকা উচিত। কারণ, সেটা প্রত্যাখ্যাত হতে পারে। ত্রুটি ও বিচ্যুতির কারণে শাস্তিও আপতিত হতে পারে।
এভাবে যদি ভাবা যায়, তখন আর নিজের চোখ আমলের দিকে থাকবে না। সেটা নিয়ে অহংকার ও বড়াই করার মতো বড় ও বিশাল মনে হবে না।
আমলের ক্ষেত্রে বুদ্ধিমানদের অবস্থাগুলো একটু চিন্তা করে দেখো- ফেরেশতাগণ দিনরাত আল্লাহর তাসবিহ পড়ে। এ ক্ষেত্রে তারা সামান্য সময়ের জন্যও অলসতা বা কমতি করে না। তারপরও তারা বলেন, হে আমাদের প্রভু, আমরা আপনার যথার্থভাবে ইবাদত করতে পারিনি।
হজরত ইবরাহিম আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখো- আগুনে নিক্ষেপের সেই ভয়াবহ পরিস্থিতির ওপর তিনি ধৈর্যধারণ করেছেন, নিজের স্ত্রী-পুত্রকে নির্জন নিঃসহায় জায়গায় রেখে এসেছেন এবং প্রিয় পুত্রটিকে আবার প্রভুর নির্দেশে জবাই করতে গিয়েছেন... আরও কত পরীক্ষা। সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপরও তিনি বলছেন,
﴿وَالَّذِي أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ)
দয়াময় প্রভু সেই সত্তা, যার নিকট আশা করি কিয়ামতের দিন তিনি আমার ত্রুটি ক্ষমা করে দিবেন। [সুরা শুয়ারা: ৮২]
আর আমাদের নবী- সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী! তাঁর কষ্ট ও ইবাদতের কথা বলে কি শেষ করা যাবে! সেই নবীই একদিন সাহাবিদের বললেন,
ما منكم من ينجيه عمله قالوا ولا أنت قال: ولا أنا إلا أن يتغمدني الله برحمته.
তোমাদের মধ্যে কাউকে তার আমল মুক্তি দিতে পারবে না। সাহাবিগণ আকুল বিস্ময়ে জানতে চাইলেন, হে আল্লাহর নবী, আপনাকেও না! রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এমনকি আমাকেও না- তবে আল্লাহ তাআলা আমাকে তার রহমত দিয়ে বেষ্টন করে রাখবেন। ১০১
আর হজরত আবু বকর রা. বলতেন,
وهل أنا ومالي إلا لك يا رسول الله
হে আল্লাহর রাসুল, আমি এবং আমার যাবতীয় সম্পদ- সবই তো আপনার জন্য উৎসর্গিত। আমার বলতে আর কীই-বা আছে!
হজরত উমর রা. বলতেন,
لو أن لي طلاع الأرض لافتديت بها من هول ما أمامي قبل أن أعلم ما الخبر.
আমার যদি অনেকগুলো উঁচু ও দামি জমি থাকত, আর সর্বশেষ আমার ভাগ্যে কী কল্যাণ রয়েছে তা জানার আগে আমার সামনে যে ভয়াবহতা রয়েছে, তার বিনিময়ে আমি আমার সেই জমিগুলো বিনিময় করে নিতাম।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলতেন,
ليتني إذا مت لا أبعث.
হায়, আমি মারা যাবার পর আমাকে যদি আর পুনর্জীবিত না করা হতো!
হজরত আয়েশা রা. বলতেন,
ليتني كنت نسياً منسياً.
হায়, আমি যদি মৃত্যুর পর একেবারে বিস্মৃত অবলুপ্ত হয়ে যেতে পারতাম!
আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এ বিষয়ে বনি ইসরাইলদের মধ্যে এমন কিছু সৎ ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে, যা দ্বারা তাদের বুঝ ও বুদ্ধিমত্তার স্বল্পতাই প্রকাশ পেয়েছে। কারণ, তারা তাদের আমলের ওপর নির্ভর করেছিল। এ কারণে তারা তাদের আমলের দিকে ইঙ্গিত করেছে। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি, যে একটি নির্জন দ্বীপে ৫০০ বছর ধরে ইবাদত করেছে। তাকে প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে একটি আনার প্রদান করা হতো। এবং সে আল্লাহর তাআলার নিকট প্রার্থনা করেছিল- নামাজের সেজদার মধ্যে যেন তার মৃত্যু হয়।
তার প্রার্থনা কবুল করা হয়েছিল। তার মৃত্যু হয়েছিল নামাজে সেজদারত অবস্থায়।
এরপর হাশরের দিন যখন তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তুমি আমার রহমত-অনুগ্রহের কারণে জান্নাতে প্রবেশ করো।
তখন সে বলবে, আমি বরং আমার আমলের কারণে জান্নাতে প্রবেশ করছি।
এ সময় তার সারাজীবনের সকল আমল আল্লাহ তাআলার মাত্র একটি নিয়ামতের সাথে পরিমাণ করা হবে, তখন তার এই সকল আমলও সেই একটি নিয়ামতের সমতুল্য হবে না।
এবার সেই লোকটি আকুল পেরেশানির সাথে বলে উঠবে, হে আমার প্রভু, হ্যাঁ, তোমার রহমত ও অনুগ্রহেই শুধু জান্নাতে প্রবেশ করতে পারি; আমার কোনো আমলের কারণে নয়।
এভাবে সেই গুহাবাসীদের অবস্থাও তা-ই, যাদের গুহার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে তো একজন তার এমন আমলের কথাও উল্লেখ করেছিল, যার কথা উল্লেখ করাও ছিল লজ্জাজনক। অর্থাৎ সে একবার এক নারীর সাথে জিনার ইচ্ছা করেছিল। অনেক দূর অগ্রসরও হয়েছিল। কিন্তু এরপর আল্লাহ তাআলার শাস্তির ভয়ে তা থেকে ফিরে এসেছিল।
এর দ্বারা আমি তো এটাই বুঝি, যে ব্যক্তি কোনো বিষয়ে শাস্তির ভয়ে তা থেকে ফিরে এসেছে, এটার উল্লেখ তো শাস্তিরই আশঙ্কা সৃষ্টি করে। যদি এমন হতো যে, সে কোনো বৈধ কাজ করতে গিয়ে ফিরে এসেছে, তাহলেও না একটি কথা ছিল। কিন্তু এখানে সে কী করতে গিয়েছিল? গোনাহের কাজ।
যা করতে তাকে তো নিষেধই করা হয়েছে। যা থেকে তার ফিরে থাকাই তো উচিত? সেটা করতে অগ্রসর হওয়াই তো বরং একটি অপরাধ। সে যদি বিষয়টা বুঝত, তাহলে আল্লাহর সহানুভূতি পাওয়ার ক্ষেত্রে এটা উল্লেখ করতে সে লজ্জাবোধ করত।
হজরত ইউসুফ আলাইহিস সালাম যেমন বলেছেন, (وَمَا أُبَرِىءُ نَفْسِي)
আমি আমার নফসকে নির্দোষ বলছি না। [সুরা ইউসুফ: ৫৩]
আর অন্যদের অবস্থা এমন যে, বাচ্চাদের ফজরের নামাজে দ্রুত ওঠার প্রতিযোগিতায় লাগিয়ে দেওয়া হলো। আর বলা হলো, যারা যারা দ্রুত উঠে ফজরের নামাজ আদায় করবে, পিতা-মাতা তাদের দুধ পান করাবেন। এখানে যেমন বাচ্চাদের কিছুটা কষ্ট করতে হয়, কিন্তু এর মাঝে প্রতিদানের আশা লুকিয়ে আছে।
একই রকম মানুষদের অবস্থা। তাদের ধারণায় তারা যখন ভালো কাজ করে, অবস্থাই বলে দেয়, তারা যা চায়, তা তাদেরকে প্রদান করা হবে। কারণ, তারা যা করেছে, এখন তারা তার প্রতিদান চায়। প্রাপ্যটা যেন তারা নিজের শক্তিতে অধিকার করে নিয়েছে।
আমলের মধ্যে এই কৃতিত্বের ধারণা থাকার কারণে একজন আমলকারী অন্যদের ওপর অহংকার প্রকাশ করে। নতুবা প্রতিটি সক্ষম আমলকারী ব্যক্তি তার আমলের তুচ্ছতা নিয়ে ভয়ে ভয়ে থাকত। কারণ, তার ওপর প্রভুর পক্ষ থেকে যে অঢেল নিয়ামত প্রদান করা হয়েছে, সেই তুলনায় এই আমল ও শুকরিয়া তো বিশাল ময়দানের মধ্যে সামান্য শস্যদানাতুল্যও নয়। এ যে খুবই অল্প। খুবই সামান্য। আরও বড় বিষয় হলো, এই আমলের সক্ষমতাটুকুও তো প্রভুর পক্ষ থেকেই প্রদত্ত!
এই বিষয়টির বুঝ আমল নিয়ে অহংকারকারী যেকোনো ব্যক্তির মাথাকে নুইয়ে দেবে। তার তুচ্ছতা ও ক্ষুদ্রতাকে তুলে ধরবে। প্রতিটি মানুষের জন্য এই বোধ ও বুঝটি খুবই জরুরি।

টিকাঃ
১০১. মুসনাদে আহমদ: ১৯/৯৪৫৫, পৃষ্ঠা: ৪৯৮- মা. শামেলা।

📘 হৃদয়ের দিনলিপি > 📄 তোমার কথাই এখানে সব নয়

📄 তোমার কথাই এখানে সব নয়


আল্লাহর পক্ষ থেকে যে হুকুম ও বিধান এসেছে- মানুষ তার উদ্দেশ্য সম্পর্কে একেবারেই অজ্ঞ থেকেছে। মানুষের কর্তব্য কী? এটার উত্তর লুকিয়ে আছে মানুষের ইচ্ছার বিপরীত কোনো বিষয় সংঘটনের মধ্যে। কারণ, ইচ্ছাধীন কর্ম সবাই করে। এটাই তার স্বভাব। কিন্তু নিজের ইচ্ছার বিপরীত কর্মে আল্লাহর ওপর বিশ্বাস রাখা এবং তার হুকুম মান্য করাই হলো মানুষের আসল কর্তব্য।
এ কারণে একজন বুদ্ধিমান ব্যক্তির জন্য উচিত হবে- তার অনাকাঙ্ক্ষিত বিষয় ও ঘটনাবলির ক্ষেত্রেও নিজের ধৈর্য ও সন্তুষ্টির প্রকাশ করা। সে যদি দুআ করে এবং নিজের কোনো কাঙ্ক্ষিত বিষয়ের জন্য প্রার্থনা করে, তাহলে সে এই দুআ ও প্রার্থনার মাধ্যমেও আল্লাহর ইবাদত করল। এরপর যদি তার প্রার্থিত বিষয় প্রদান করা হয়, তাহলে সে শুকরিয়া আদায় করবে। আর যদি সে তার প্রার্থিত বিষয় প্রাপ্ত না হয়, তাহলে তার উচিত হবে- প্রার্থনার মধ্যে বেশি বাড়াবাড়ি না করা। কারণ, দুনিয়া তো সকল আকাঙ্ক্ষা পূরণের জায়গা নয়। বরং এ সময় মনকে এটা বলে বোঝাতে হবে-
﴿وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ﴾
এটা তো খুবই সম্ভব যে, তোমরা একটা জিনিসকে মন্দ মনে করো, অথচ তোমাদের পক্ষে তা মঙ্গলজনক। [সুরা বাকারা : ২১৬]
আরেকটি বড় মূর্খতা হলো, নিজের উদ্দেশ্য পূরণ না হওয়ার কারণে মনে মনে অসন্তুষ্ট হওয়া। কখনো আবার মনে মনে অভিযোগ ও আপত্তি উত্থাপন করা। মনে মনে বলে, আমার উদ্দেশ্য পূরণ হলে কী ক্ষতি ছিল? আমার প্রার্থনায় সাড়া দেওয়া হলো না কেন? আমার ক্ষেত্রে এমনটি কেন হলো?...
এ কথাগুলো নিজের মূর্খতা, ঈমানের স্বল্পতা এবং স্রষ্টার হিকমতকে মেনে না নেওয়ার ওপর ইঙ্গিত করে।
মানুষ কেন বুঝতে চায় না- দুনিয়ার কোনো উদ্দেশ্য পূরণ হবে আর তাতে কোনো কদর্যতা মিশ্রণ হবে না- এমন কি কখনো হয়? তাই বারবার প্রার্থনার মাধ্যমে উদ্দেশ্য পূরণে বাড়াবাড়ি করার কী প্রয়োজন? দুনিয়া বরং কষ্ট স্বীকারেরই জায়গা, পরীক্ষার জায়গা।
নবী ও রাসুলগণ ছিলেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। দুনিয়ার নিয়মে তাদেরকেও কষ্টে আপতিত হতে হয়েছে। এখানে তাদেরও সকল উদ্দেশ্য পূরণ হয়নি। হজরত নুহ আলাইহিস সালাম তার সন্তানের ক্ষেত্রে প্রার্থনা করেছিলেন; কিন্তু তা গ্রহণ করা হয়নি। আল্লাহর খলিল হজরত ইবরাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। হজরত ইসমাইল আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে জবাইয়ের ক্ষেত্রে। হজরত ইয়াকুব আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে তার সন্তান হারানোর মাধ্যমে। হজরত ইউসুফ আলাইহিস সালামও অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন— প্রবৃত্তির সাথে তাকে লড়াই করতে হয়েছে। হজরত আইয়ুব আলাইহিস সালামকে অনেক রকম কষ্ট দ্বারা পরীক্ষা করা হয়েছে। হজরত দাউদ ও সোলাইমান আলাইহিমাস সালামকে ‘ফিতনা’ দ্বারা পরীক্ষা করা হয়েছে। তাদের উদ্দেশ্যও পূরণ হয়নি। এভাবে সকল নবীকেই কষ্ট স্বীকার করতে হয়েছে।
এরপর আমাদের নবীকেও জীবনভর যে কষ্ট, ক্ষুধা-দারিদ্র্য সহ্য করতে হয়েছে— তা তো সবারই জানা। কারণ, দুনিয়াকে বানানোই হয়েছে পরীক্ষা করার জন্য। এ কারণে একজন বুদ্ধিমান ব্যক্তির জন্য উচিত হবে, নিজেকে ধৈর্যের সাথে সইয়ে নেওয়া। এবং এ কথা জেনে রাখা যে, চাওয়া ছাড়াই যতটুকু উদ্দেশ্য পূরণ হয়েছে, এর ওপরই সন্তুষ্ট থাকা উত্তম। আর যেগুলো অর্জিত হয়নি— এটাই তো দুনিয়ার মানুষের স্বাভাবিক প্রাপ্তি এবং এটাই হলো দুনিয়ার নিয়ম ও স্বভাব।
জনৈক কবি বলেন, طبعت على كدر وأنت تريدها ... صفوا من الأقذاء والأكدار ومكلف الأيام ضد طباعها ... متطلب في الماء جذوة نار
যার স্বভাব ও সৃষ্টিই হলো পঙ্কিলতা দিয়ে, তুমি তাকে পেতে চাও সকল কদর্যতা ও পঙ্কিলতা থেকে মুক্তভাবে।
যুগের স্বভাবের বাইরে গিয়ে দাঁড়াতে যে চায়, সে যেন পানির সরোবরের মাঝে আগুনের ফুলকি খোঁজে।
কষ্ট ও কামনার এই বিপরীত জায়গাটিতে এসেই প্রকাশ পায় মানুষের ঈমানের শক্তি কিংবা তার দুর্বলতা। এ রোগের নিরাময়ে মুমিন ব্যক্তির জন্য উচিত হলো, প্রভুর নিকট নিজের নফসকে সঁপে দেওয়া। তার হিকমতকে মেনে নেওয়া। এবং নিজের নফসকে সেই কথা বলা- যা বলা হয়েছিল নবীকেও-
(لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ) তোমার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। [সুরা আলে ইমরান: ১২৮]
এরপর অন্তরকে সান্ত্বনা দাও- এই না পাওয়া কোনো বঞ্চনা নয়। বরং নিশ্চয় এটা এমন কোনো কল্যাণের কারণেই করা হয়েছে, যা তুমি জান না। আর যে ব্যক্তি তার উদ্দেশ্যগুলো অপূরণের ওপর ধৈর্যধারণ করে, তাকে অবশ্যই প্রতিদান দেওয়া হয়। যারা আল্লাহ তাআলার এই নির্বাচনকে মেনে নেয় এবং তাঁর সিদ্ধান্তের ওপরই সন্তুষ্ট থাকে- আল্লাহ তাদেরকে জানেন এবং দেখেন।
জেনে রেখো, এই কষ্ট ও পরীক্ষা খুবই সীমিত সময়ের জন্য। তোমার সকল আকাঙ্ক্ষা জমা করে রাখা হচ্ছে, অচিরেই এগুলো তোমাকে প্রদান করা হবে। দুনিয়ার এই কষ্ট যেন একটি অন্ধকার- অচিরেই তা কেটে যাবে। এটা যেন একটি রাত- অচিরেই উদ্ভাসিত হবে সকাল।
এভাবে যখন নিজের বুঝ ও চিন্তাকে উন্নত করবে, তখন বুঝে আসবে- নিজের জন্য যা হচ্ছে এটা আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। তখন ঈমানের দাবি হলো, তাঁর চাওয়ার সাথেই নিজের চাওয়াকে মিলিয়ে নেওয়া এবং তিনি যা নির্ধারণ করেছেন, তার প্রতি সন্তুষ্ট থাকা। কারণ, এমনটি যদি না করা হয়, তবে এটা প্রকৃত অর্থে তার দাসত্ব স্বীকার করা হয় না। তার ইবাদতও করা হয় না।
এই বুঝ ও বোধটি এমনই একটি মৌলিক বিষয়, যার সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা- ভাবনা করা দরকার এবং প্রতিটি বিপদ বা পরীক্ষার মুহূর্তে সে অনুযায়ী আমল করা দরকার।

📘 হৃদয়ের দিনলিপি > 📄 জালেমদের সহযোগী হয়ো না

📄 জালেমদের সহযোগী হয়ো না


তুমি অনেক আলেম ও বক্তাকে দেখতে পাবে- তারা তাদের পার্থিব অসচ্ছলতার কারণে সুলতানদের তোষামোদ করে বেড়ায়; যাতে করে তারা তাদের থেকে সম্পদ প্রাপ্ত হতে পারে। অথচ তারা জানে, সুলতানরা সাধারণত বৈধভাবে সম্পদ অর্জন করে না। এবং অর্জিত সম্পদও যথাযথ জায়গায় খরচ করে না। তাদের অধিকাংশেরই অভ্যাস এমন—রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে খারাজ (ভূমিকর) ও সম্পদ আহৃত হয়, যেগুলো সঠিক ও কল্যাণকর কাজে ব্যয় করা উচিত ছিল—তারা হয়তো একেবারেই নিজের খেয়ালের বশে কোনো কবিকে দিয়ে দিলো। কোনো চাটুকারকে দিয়ে দিলো। নিজের বিলাসিতায় খরচ করল। কিংবা তার সাথে যে সৈনিকবাহিনী থাকে, তাদের মাসিক বেতন হয়তো দশ দিনার। কিন্তু হঠাৎ কারও প্রতি খুশিতে দশ হাজার দিনার দিয়ে দিলো। কখনো কখনো লড়াইয়েও তারা অবতীর্ণ হয়—সেখান থেকে যে সম্পদ অর্জন হয়, তা সৈনিকদের মাঝে বণ্টন না করে হয়তো নিজের জন্যই রেখে দিলো।
আর বাস্তব কার্যাবলির ক্ষেত্রে যে সকল জুলুম ও অনিয়ম সংঘটিত হয়—তার ফিরিস্তি তো অনেক ব্যাপক ও বিস্তৃত।
এ কারণে একজন আলেম যখন এ ধরনের সুলতানদের সান্নিধ্যে আসে—তখন সে তার ইলমকে বিসর্জন দিয়েই আসে। তার জ্ঞাত ইলমের ওপর তখন সে আর আমল করতে সক্ষম হয় না। যেমন, একবার এক সৎ ব্যক্তি একজন আলেমকে ইয়াহইয়া ইবনে খালেদ বারমাকির এর প্রাসাদ থেকে বের হতে দেখে বললেন, হায়, আল্লাহর নিকট এমন ইলম থেকে আশ্রয় চাই—যে ইলম কার্যক্ষেত্রে কোনো উপকার করে না।
এমন আলেমের জন্য সেখানে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন, সে অনেক অপছন্দনীয় জিনিস ও অবৈধ বিষয় দেখে, কিন্তু নিষেধ করতে পারে না। আর তাদের সাধারণ হারাম খাবারের মাধ্যমে অন্তরে অন্ধকারের সৃষ্টি হয়। আলো চলে যায়। তখন আর আল্লাহ তাআলার সাথে একান্তে ইবাদতের মজা ও স্বাদ থাকে না। তার দ্বারা কারও হেদায়েত নসিব হয় না।
বরং উল্টো তার এই আচরণ মানুষের বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। লোকজন তাদের অনুসরণ করা থেকে বিরত থাকে। এভাবে সে নিজের ক্ষতি করে। সুলতানকেও সুযোগ করে দেয়। সুলতান তখন বলতে সুযোগ পায়- আমি যদি সঠিকতার ওপর না থাকতাম, তবে অমুক আলেম আমার সান্নিধ্যে আসত না। আমার কোনো কাজে তো সে অপছন্দনীয়তা প্রকাশ করে না।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.-এর আর্থিক অসচ্ছলতা ছিল। কুড়ানো দ্রব্য দিয়েও তিনি অনেক সময় আহার সমাধা করেছেন। কিন্তু কখনো কোনো সুলতানের প্রদান করা টাকা তিনি গ্রহণ করেননি। হজরত ইবরাহিম আল হারবি রহ. সামান্য লতাপাতা-শাক সবজি খেয়ে জীবনধারণ করেছেন। তবুও তিনি খলিফা মুতাসিমের হাজার দিনার ফিরিয়ে দিয়েছেন। হজরত বিশর হাফি রহ. একবার প্রচণ্ড ক্ষুধায় আক্রান্ত হলেন। কেউ একজন তাকে বলল, আপনার জন্য কি হালকা কোনো ঝোল তরকারি এনে দেবো? তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, আমি ভয় পাই- আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করেন, এই সুস্বাদু পাতলা ঝোল তোমার কোথা থেকে এলো, যাচাই করেছ কি?
এভাবে বহু প্রত্যয়ী, সুদৃঢ় চরিত্রের পূর্বসূরির ঘটনা আমাদের সামনে উপস্থিত রয়েছে। তাদের নিকট ধৈর্যধারণ ছিল নিতান্তই ঘুমের মতো- অপরিহার্য। এটাকে তারা মোটেও কষ্টকর মনে করতেন না। বরং কষ্টকর মনে করতেন হারাম ভক্ষণকে।
কিন্তু যারা হারাম ও বাছবিচারহীনতার মধ্যে নিজেদের ভাসিয়ে দেয়- অবশেষে একসময় তাদেরও তো আস্বাদনের সময় শেষ হয়। শরীর বিনষ্ট হয়। কবরেই যেতে হয় অবশেষে। কিন্তু মাঝখান থেকে নিজের দ্বীন ক্ষতিগ্রস্ত হয়। কত বড় প্রতারক জীবনের এই ব্যবসা!
যার মধ্যে সামান্যতম বোধ ও বুঝ রয়েছে- তাকে এবার বলি, ধৈর্য ও অল্পেতুষ্টির সাথে জীবন ধারণ করো। কারও পার্থিব সচ্ছলতা যেন তোমাকে প্রতারিত না করে। কারণ, তুমি যখন এই বিশাল সচ্ছলতা সম্পর্কে চিন্তা করবে, দেখবে, সেখানে আখেরাতের দরজা সংকীর্ণ হয়ে এসেছে। তাই অন্তরকে কোনোভাবেই কোনো ব্যাখ্যার পেছনে ফেলো না। দুনিয়ায় তোমার জীবনের মেয়াদ কতই না অল্প স্বল্প এবং ক্ষণস্থায়ী! একটু সয়ে নাও না!
জনৈক কবি বলেন,
وسواء إذا انقضى يوم كسرى ... في سرور ويوم صابر كسره
যেদিন নিঃশেষ হয় সম্রাটের আনন্দের দিনগুলো এবং এদিকে শেষ হয় ধৈর্যশীলের কষ্টের দিনগুলো- তখন সকলেই সমান।
কিন্তু ধৈর্যের স্বল্পতার কারণে নফস যখন অস্থির হয়ে ওঠে, তখন তুমি তাকে দুনিয়াত্যাগী বিভিন্ন ব্যক্তির ঘটনাবলি শোনাও। তার মধ্যে যদি সামান্যতম বোধ, চিন্তা ও জাগরণ থাকে, তবে সে অবশ্যই এগুলোর মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। হারামের দিকে হাত বাড়াতে লজ্জাবোধ করবে এবং অবনত হবে।
একবার চিন্তা করে দেখো সেই বিখ্যাত ঘটনার কথা- আলি ইবনে মাদিনি নিজেকে সহজতার মধ্যে ফেলে ইবনে আবু দাউদের থেকে সম্পদ গ্রহণ করলেন আর হজরত আহমদ ইবনে হাম্বল রহ. গ্রহণ করলেন ধৈর্য ও দীনতা। আজ এতদিন পরও তাদের বিষয়টা চিন্তা করে দেখো- তাদেরকে আজ কীভাবে স্মরণ করা হয়। সমসাময়িক দু-জন ব্যক্তির একজন কোথায় উঠে গেছেন আর অপরজন কোথায় নেমে গেছেন! একজন ধৈর্যধারণ করেছেন- অন্যজন সহজতা গ্রহণ করেছেন। শীঘ্রই ইবনুল মাদিনি লজ্জিত হবেন, যখন ইমাম আহমদ রহ. বলবেন, 'আমার জন্য আমার দ্বীন নিরাপদ হয়েছিল'।

📘 হৃদয়ের দিনলিপি > 📄 তাকওয়া সফলতার চাবিকাঠি

📄 তাকওয়া সফলতার চাবিকাঠি


কারও যদি অনেক সন্তান থাকে আর উপার্জন হয় অল্প, তাহলে তার জন্য নিজের দ্বীন হেফাজত করা খুবই কষ্টকর। এই ব্যক্তির অবস্থা হয় সেই স্রোতধর পানির মতো, যার মুখ আটকে দেওয়া হয়েছে। পানি তখন ভেতরে ভেতরে ফুলতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। অবশেষে যখন আর আটকে থাকতে পারে না, তখন প্রবল বেগে সব ভেঙেচুরে প্রবাহিত হতে শুরু করে।
অল্প আয়- কিন্তু বড় পরিবারের ব্যক্তির অবস্থা ঠিক এমন। চারদিক থেকে যখন অর্থের চাহিদা আসতে থাকে, তখন সে ভেতরে ভেতরে বিভিন্ন ধরনের পথ, পদ্ধতি ও কৌশল খুঁজতে থাকে। প্রয়োজন বাড়তেই থাকে। হালাল বিষয়ের ওপর যখন আর সম্ভব হয় না, তখন সে সন্দেহপূর্ণ উপার্জনের দিকে ধাবিত হয়। আর যদি নিজের দ্বীনের ক্ষেত্রে দৃঢ়তা না থাকে, তখন সে শরিয়তের বিধানাবলি সব ছেড়েছুড়ে সরাসরি হারামের মধ্যেই প্রবেশ করে যায়।
কিন্তু একজন মুমিন যখন তার উপার্জনের স্বল্পতা সম্পর্কে অবহিত থাকে, তখন সে বিয়ে থেকে বিরত থাকার চেষ্টা করে। আর যদি বিবাহিত হয় এবং সন্তান থাকে, তখন সে স্বল্প খরচ করার চেষ্টা করে। অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করে। এভাবেই সে তার দ্বীনের হেফাজত করে।
কিন্তু যে সকল ব্যক্তির বাহ্যিক কোনো উপার্জনের মাধ্যম নেই- যেমন আলেম ও জাহেদগণ- তাদের দ্বীনের হেফাজত করা খুবই কঠিন। কারণ, হয়তো সুলতানরা তাদের থেকে বিমুখ হতে পারে। কিংবা সাধারণ ধনবান ব্যক্তিরাও তাদের প্রতি লক্ষ না-ও রাখতে পারে। এই অবস্থায় যদি তাদের অনেক বড় সংসার থাকে, তাহলে একজন মূর্খ ব্যক্তির ক্ষেত্রে যে অকল্যাণের ভয় করা হয়, তার ক্ষেত্রেও সেই ভয় থেকে নিরাপদ থাকা যায় না। হ্যাঁ, তাদের মধ্যে যদি কেউ লেখালেখি, অনুলিপি, প্রতিলিপি কিংবা নিজেদের সাথে উপযুক্ত কোনো কাজের মাধ্যমে উপার্জন করতে সক্ষম হয়- তাহলে সে যেন তা-ই করে এবং স্বল্প খরচ এবং অল্প উপার্জনে তুষ্ট থাকার চেষ্টা করে। নতুবা কেউ যদি নিজেকে ঢিল দিয়ে রাখে, বিলাসিতা করতে চায়- তাহলে নিশ্চিত সে হারামের মধ্যে আপতিত হয়ে পড়বে। তার এই ইলম ও জুহুদের পোশাক দেখিয়ে সে হারাম ও অন্ধকার ভক্ষণ করতে থাকবে।
তাদের মধ্যে কারও যদি কোনো সম্পদ থাকে, তাহলে সে যেন তা বাড়ানোর চেষ্টা করে এবং সঠিকভাবে সংরক্ষণ করে। কারণ, এখন আর কোনো সহানুভূতিশীল ব্যক্তিত্ব নেই। সুন্দরভাবে করজ দেবে- এমন ব্যক্তিও নেই। আজ অধিকাংশ মানুষ- বরং প্রতিটি মানুষই যেন সম্পদের পূজারী হয়ে উঠেছে। আজকের অবস্থা এই যে- যে ব্যক্তি তার নিজের সম্পদ হেফাজত করবে, সে তার দ্বীনকে সংরক্ষণ করতে সক্ষম হবে। সে যেন সেই মূর্খদের কথায় কান না দেয়, যারা মানুষের সকল সম্পদ খরচ করে ফেলার নির্দেশ দেয়। এটা সেই সুময় নয়। জেনে রেখো, মন যদি স্থির না থাকে, তাহলে ইলম, আমল কিছুই হতে চায় না। এমনকি আল্লাহ তাআলার বড়ত্ব ও মহত্ব নিয়ে নীরবে চিন্তায় নিমগ্ন হওয়ারও ফুরসত হয় না। তাই আর্থিক চিন্তা থেকে মুক্ত হয়ে স্থির মন থাকা অত্যন্ত জরুরি একটি বিষয়।
আমাদের পূর্বে যারা ছিলেন, তাদের মন স্থির থাকার কয়েকটি মাধ্যম ছিল। যেমন, তাদের অধিকাংশ 'বাইতুল মাল' বা রাষ্ট্রীয় কোষাগার থেকে বাৎসরিক ভাতা পেতেন। এগুলো দিয়ে তাদের চলে যেত- এমনকি বেঁচে যেত। তারা খুবই অল্প খরচ করতেন।
আর কারও নিজস্ব ব্যবসা ছিল- ব্যবসার মাধ্যমে নিজের প্রয়োজন মেটাতেন। যেমন হজরত সাইদ ইবনে মুসাইয়িব রহ., সুফিয়ান সাওরি রহ., আবদুল্লাহ ইবনে মুবারক রহ.।
হজরত সুফিয়ান সাওরি সম্পদের দিকে লক্ষ করে বলতেন, لولاك لتمندلوا بي !! তুমি যদি আমার কাছে না থাকতে, তাহলে মানুষরা আমাকে রুমালের মতো ব্যবহার করে ছাড়ত!
একবার হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহ. এর কিছু সম্পদ হারিয়ে গেল। তিনি কান্না শুরু করলেন। লোকেরা বলল, এটা নিয়ে আপনার মতো একজন মানুষ কান্না করছেন! তিনি উত্তরে বললেন, هو قوام ديني. এটা ছিল আমার দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার মাধ্যম।
আর একটি বিষয় হলো, তখন এমন অনেক অভিজাত ও সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, যারা তাদের পরিচিত আলেম-জাহেদদের আর্থিকভাবে সাহায্য করতেন। কখনো খোঁটা দিতেন না। তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহারেরও চেষ্টা করতেন না। এটা হতো একেবারেই নিছক আল্লাহ তাআলার জন্য। আল্লাহর জন্য ভালোবাসার কারণে।
হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহ. নিজেও ফুজাইল ইবনে ইয়াজ এবং অন্যদের আর্থিকভাবে সাহায্য করতেন। হজরত লাইস ইবনে সাদ রহ. বড়দেরকে খুঁজে খুঁজে অর্থ প্রদান করতেন। তিনি মালেক রহ.-কে প্রতি বছর একহাজার দিনার দিতেন। ইবনে লাহিয়া রহ.-কে দিতেন আরও একহাজার দিনার। মানসুর ইবনে আম্মার রহ.ও একহাজার দিনার করে দান করতেন। এমন আরও অনেকেই ছিল সে সময়ে।
সময় এভাবেই চলছিল। কিন্তু ধীরে ধীরে বিষয়টা দুনিয়া থেকে যেন বিলুপ্তই হতে বসেছে। এখন সুলতানরাও কম প্রদান করে। সাধারণ মানুষদের মধ্যেও নিঃস্বার্থ সাহায্য করার লোক কমে গেছে। তবুও এভাবেও কিছুদিন চলেছে।
এরপর এসেছে আমাদের যুগ। এ যুগে তো মানুষের হাত একেবারেই বন্ধ হয়ে গেছে। এমনকি সাধারণ তো দূরের কথা, অপরিহার্য জাকাত প্রদানের মানুষও কমে গেছে। তাহলে এখন আলেম ও জাহেদদের যদি বিভিন্ন প্রকার উপার্জনের জন্য সময় ব্যয় করতে হয়, তাহলে তারা নিজেদের ইলম ও আমলের ক্ষেত্রে মনস্থির ও একাগ্র রাখবে কীভাবে? যেকোনো ধরনের শ্রমও তো তাদের জন্য উপযুক্ত নয়। এটা তারা পারবেও না। হয়তো এই বিষয়টির কারণে অনেক আলেম এখন সুলতানদের তোষামোদ করতে শুরু করেছে। তাদের জন্য যা সমুচিত নয়, তেমন বিষয়গুলোর দিকে নিজেদের ঠেলে দিয়েছে। আর জাহেদ ব্যক্তিরাও দুনিয়া অর্জনের বিভিন্ন ধরনের লৌকিকতার আশ্রয় নিয়েছে। লোকদেখানো কৌশল অবলম্বন শুরু করেছে।
হে ওই ব্যক্তি যে নিজের দ্বীনকে সংরক্ষণ করতে চাও, এগুলো থেকে বিরত থাকো। এ কথাটি আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। উপার্জন থেকে বিমুখ হয়ে খুব বেশি দুনিয়াবিমুখতা দেখাতে যেয়ো না। আর যথাসম্ভব অন্যদের সংস্রব থেকে নিজেকে বিরত রাখবে। তোমার হাতে যদি একটি দিরহামও আসে, সেটা তুমি তোমার প্রয়োজনের জন্য সংরক্ষণ করো। জেনে রেখো, এটা তোমার দ্বীন।
যে কথাগুলো বললাম, সেগুলো বোঝার চেষ্টা করো। আর নফস যদি খুব বেশি অস্থিরতা প্রকাশ করে, তবে তাকে বলো, যদি তোমার নিকট সামান্যতমও ঈমান থাকে, তাহলে তুমি ধৈর্যধারণ করো। আর যদি তুমি এমন জিনিস অর্জন করতে চাও, যা তোমার দ্বীনকে ধ্বংস করে দেবে, তাহলে আর তোমাকে উপকার করার ক্ষমতা রাখে কে?
যে সকল আলেম ও জাহেদ অবৈধভাবে সম্পদ উপার্জন করে, আমার ধারণায় তাদের দ্বীন এবং দুনিয়া দুটোই বিনষ্ট হয়। আর যারা সত্য ও সততার পথে অটল থাকে—তাদের দ্বীন সংরক্ষিত থাকে এবং যুগের পর যুগ অতিবাহিত হয়ে যায়, তবুও তাদের সুনাম ও সুখ্যাতির কথা টিকে থাকে। অবশেষে আমরা আল্লাহ তাআলার এই মহান বাণীর কথা স্মরণ করতে পারি— তিনি ইরশাদ করেন—
﴿وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ
যে-কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো পথ তৈরি করে দেবেন। এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন, যা তার ধারণার বাইরে। যে-কেউ আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহই তার (কর্ম সম্পাদনের) জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ পূরণ করেই থাকেন।
[সূরা তালাক : ২-৩]
আর জেনে রেখো, বিপদ-আপদের ওপর ধৈর্যধারণ না করার কারণে কখনো কখনো রিজিক সংকীর্ণ হয়ে পড়ে। কিন্তু সুন্দর ও যথার্থ ধৈর্যধারণের পরিণাম সুন্দর ও যথেষ্টই হয়ে থাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00