📄 প্রবৃত্তির অনুসরণ ও তার ভয়াবহতা
আমার কাছে সংবাদ পৌঁছেছে, আমাদের পূর্ববর্তীদের মধ্যে এক ফাসেক বলে বেড়াত- আমি মনে করি, 'মানুষের নিজের প্রবৃত্তির অনুসরণ করার মধ্যেই রয়েছে জীবনের প্রকৃত আনন্দ- তা ভুল হোক কিংবা সঠিক।'
আমি ভেবে দেখলাম, লোকটি এ ধরনের কথা বলে কীভাবে? পরে বুঝলাম, আসলে তার অন্তর মরে গিয়েছিল। জীবনের লক্ষ্যের ব্যাপারে তার কোনো নির্দিষ্ট ধারণা ছিল না। লজ্জা ও আত্মসম্মানবোধের কোনো বালাই বোধ হয় তাঁর ছিল না।
এই ধরনের মানুষ- মানুষ শ্রেণিরই অন্তর্ভুক্তই নয়। কারণ, মানুষ হলো এমন জাতি, যে নিজেকে হত্যার দিকেও ঠেলে দিতে রাজি, যেন তাকে ভীরু না বলা হয়। বহু ভারি দায়িত্ব সে পালন করে- যাতে তাকে দায়িত্ববান বলা হয়। অর্থাৎ মানুষ তার নিজের অপমানকে ভয় করে। সকল বিপদ সহ্য করেও নিজের দারিদ্র্যের ওপর ধৈর্যধারণ করে এবং সেটাকে গোপন করতে চায়; যাতে সে অন্যদের চোখে ছোট না হয়ে যায়। এমনকি মূর্খকেও যদি বলা হয়, হে মূর্খ, তবে সে-ও রেগে যায়। একজন চোর বদমাইশ, তাকেও যদি কেউ বলে বসে, চুপ করো তোমার বোন তো নষ্টামি করে বেড়ায়। তবে তারও সম্মানবোধে বাধে। বোনকে হত্যা করে হলেও এর থেকে সে রেহাই পেতে চায়। এভাবে যারই কোনো হৃদয় আছে- সে কখনো কোনো অপবাদ সহ্য করতে চায় না; যাতে মানুষ ধারণা করে বসে- আসলেই সে দোষী। মানুষের সম্মানবোধ এতটাই তীক্ষ্ম ও তীব্র।
কিন্তু যে লোক তাকে মাতাল অবস্থায় দেখতে পাওয়াকে পরোয়া করে না। মানুষদের মাঝে তার মাতলামির কথা ছড়িয়ে পড়ার ভয় করে না। তার কোনো দোষ নিয়ে মানুষদের আলোচনা তাকে ব্যথিত করে না- সে নিশ্চয় চতুষ্পদ জন্তুদের অন্তর্ভুক্ত। কারণ, চতুষ্পদ জন্তুই কেবল তার প্রবৃত্তির অনুসরণ করে। কারও কোনো অপবাদ, দোষ বা তিরস্কারের পরোয়া করে না। তার জীবনে এমন কোনো লক্ষ্য নেই যে, সে সম্পর্কে সতর্ক থাকতে হবে। এই লোকটির অবস্থাও তা-ই। সুতরাং সে মানুষের আকৃতিতে একটি চতুষ্পদ জন্তু ছাড়া আর কিছু নয়।
তাছাড়া একজন মদখোরের জীবন কিসের জীবন? কোথায় তার আনন্দ ও সুখ? মাতাল হওয়ার পর তাকে পাকড়াও করা হয়। প্রহার করা হয়। মানুষের মাঝে তার অপরাধ ছড়িয়ে দেওয়া হয়। এর কারণে কি সে এর থেকে বিরত থাকে? থাকে না। বরং দ্বিগুণ আগ্রহে আবার সে মাতাল হয়ে মাতলামি করে।
এভাবে যে অলস আরামে ঘরে বসে আছে, অথচ তার আত্মীয় ও সাথিবৃন্দ ইলম ও সম্পদ অর্জনের জন্য বের হয়ে গেছে- তবে তার কিসের সুখ ও আনন্দ? কিংবা অন্যরা ব্যবসা-বাণিজ্য করছে, আর সে আয়েশে সময় কাটাচ্ছে। পরিণামে দরিদ্র হচ্ছে। তাহলে তার কিসের আনন্দময় জীবন? এভাবে আর কতদিন? অলসতার বিলাস আর শান্তি কি কখনো একত্র হতে পারে? কিছুতেই পারে না।
জীবনের আরও বহু বহু ক্ষেত্রে মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে চলতে পারে না। তার কর্মের ক্ষেত্রে, তার সমাজের ক্ষেত্রে, তার উপার্জনের ক্ষেত্রে। এমনকি রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রেও তার নিজের ইচ্ছামতো চলতে পারে না। এসকল ক্ষেত্রে সে যে ইচ্ছামতো চলতে পারে না- এটাই তার মানুষ হওয়ার ও বুদ্ধিমান হওয়ার বড় প্রমাণ। অন্যথায় সে পাগল কিংবা মানুষের আকৃতিতে একটি আস্ত চতুষ্পদ জন্তু। মানুষ শ্রেণির কোনো বোধ তার মাঝে নেই।
এটা তো বলা হলো শুধু দুনিয়ার কথা, নতুবা প্রবৃত্তির অনুসারীর জন্য আখেরাতে রয়েছে কঠিন ও ভয়াবহ শাস্তি। মুমিনগণ এগুলোকে ভয় করে।
আল্লাহ তাআলা আমাদের আত্মসম্মানবোধ দান করুন এবং খারাবি থেকে বেঁচে থাকার সক্ষমতা দান করুন। আমিন।
📄 কোনো গোনাহের পরই সওয়াবের দিকে ধাবিত হওয়া
কোনো গোনাহের পর শাস্তি অবশ্যই আসে; কিন্তু আল্লাহর সহানুভূতি কখনো এটাকে একটু বিলম্বিত করে। তবে তাওবা করলে মাফ পাওয়ার আশা করা যায়।
এ কারণে বুদ্ধিমান ব্যক্তি কোনো গোনাহ করে ফেললে দ্রুত আবার তাওবা করে নেয়। কিন্তু অনেক গোনাহগারকে যে অবকাশ প্রদান করা হয়, তার দ্বারা বহু নির্বোধ ব্যক্তি ধোঁকায় পতিত হয়! ভাবে- গোনাহের বুঝি কোনো শাস্তি হয় না। কিন্তু শাস্তি হয়। অবশ্যই হয়। কারও ক্ষেত্রে দ্রুত। কারও ক্ষেত্রে একটু বিলম্বে।
খুব দ্রুত শাস্তি আসে সেই ব্যক্তির ক্ষেত্রে, যে ব্যক্তি নিষেধের কথা জেনেও গোনাহে লিপ্ত হয়। এটা যেন আল্লাহর সাথে ঔদ্ধত্য প্রকাশ। এ কারণে যে সকল গোনাহ আল্লাহ তাআলার সাথে বেআদবি কিংবা তার বড়ত্বের ক্ষেত্রে ঔদ্ধত্য প্রকাশ করে, এ ধরনের গোনাহের শাস্তি অবশ্যই হয়ে থাকে। বিশেষ করে এটা যদি কোনো আরেফ বিল্লাহ [আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞাত] থেকে সংঘটিত হয়, সাধারণত তাকে অবকাশ দেওয়া হয় না। দ্রুতই তার শাস্তি এসে পড়ে।
আবদুল মাজিদ ইবনে আবদুল আজিজ রহ. একটি ঘটনা উল্লেখ করে বলেন। আমাদের পরিচিত খোরাসানের একজন লোক ছিলেন। তিন দিনের মধ্যে পুরো কোরআন হাতে অনুলিখন করে দিতে পারতেন। একদিন তার সাথে এক নতুন গ্রাহক সাক্ষাৎ করে বলল, এটি আপনি কয়দিনের মধ্যে লিখে দিতে পারবেন?
লিপিকার লোকটি তার হাতের তিন আঙুল দেখিয়ে বলল, তিন দিন। এতে কখনো কোনো দোষ আসেনি। সবল হাতে তিন দিনের মধ্যে সমাপ্ত করে দেবো।'
কিন্তু এবার দোষ এলো। তার দেখানো তিনটি সবল আঙুলই কয়েক দিনের মধ্যে শুকিয়ে অবশ হয়ে গেল। এর দ্বারা পরে আর কোনো কাজ সে করতে পারেনি।
একবার এক সাহিত্যিকের মনে উদয় হলো, সে-ও হয়তো কোরআনের মতো কিছু রচনা করতে পারবে। সাথিদের সাথে আলোচনা করে নিজের কামরায় গিয়ে প্রবেশ করল 'কোরআন' রচনার জন্য এবং অন্যদের বলল, আমাকে তিন দিন সময় দাও। এর মধ্যেই আমি কোরআনের মতো কিছু রচনা করতে সক্ষম হব।
তিন দিন পর লোকেরা তার কামরায় প্রবেশ করে দেখল, সাহিত্যিক বেচারা টেবিলের ওপর মরে পড়ে আছে। তার হাতে তখনো কলম ধরা।
আবদুল মাজিদ রহ. বলেন, আমরা এমন একলোকের কথা জানি, যে তার স্ত্রীর সাথে হায়েজ অবস্থায়ও সহবাস করত। কোনো নিষেধের তোয়াক্কা করত না। হঠাৎ একদিন সে লোকেরও হায়েজ হওয়া শুরু হয়ে গেল। আর বন্ধ হয় না। সে বুঝতে পারল, এটা তার পাপেরই শাস্তি। খুব করে আল্লাহ তাআলার নিকট তার গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগল। একসময় তাওবা কবুল হলো। হায়েজ বন্ধ হয়ে গেল।
মানুষের আরেকটি অপরাধ হলো, কোনো ব্যক্তিকে দোষারোপ করা কিংবা বিদ্রুপ করা। এবং সে যা নয়, তার প্রতি সম্বন্ধ করা। যেমন, কাউকে 'হে অন্ধ, হে দুশ্চরিত্র' ইত্যাদি বলা।
হজরত ইবনে সিরিন রহ. বলেন, আমি একবার একলোককে দারিদ্র্যের কারণে বিদ্রুপ করেছিলাম। ঠিক এরপর আমিই ভীষণ দারিদ্র্যে পতিত হলাম। ঋণে ঋণে জর্জরিত হয়ে উঠলাম।
কিছু কিছু গোনাহের শাস্তি অনেক বিলম্বিত হয়ে আসে। হয়তো একেবারে শেষ বয়সে। সুতরাং বয়স বাড়া সত্ত্বেও যারা যৌবনের গোনাহসমূহ থেকে তাওবা করে মাফ করে নাওনি, এখনই সতর্ক হও। যেকোনো মুহূর্তে শাস্তির ঘণ্টা বেজে উঠতে পারে। তাওবার মাধ্যমে তা মাফ করে নেওয়ার প্রতি দ্রুত ধাবিত হও।
কিছু গোনাহের শাস্তি তৎক্ষণাৎ এসে পড়ে। নতুবা সেগুলো জমা হয়ে হয়ে একদিন একবারে ঝাঁপিয়ে পড়ে। তাওবা ব্যতীত উপায় নেই। আর তিনি ছাড়া কোনো আশ্রয়ও নেই।
📄 নিজের শক্তিকে সংরক্ষণ করো
জেনে রেখো, মানুষকে সৃষ্টি করা হয়েছে এক মহান কর্মের উদ্দেশ্যে- আর তা হলো, দলিল-প্রমাণের মাধ্যমে তার প্রভুর মারেফাত অর্জন করা। সে এর জন্য শুধু অন্যের কথার ওপর নির্ভর করবে না। নিজেই চেষ্টা-প্রচেষ্টা করে যাবে। ইলম অর্জন করবে। এর জন্য প্রথম শর্ত- ফরজ বিধানগুলো পালন করবে এবং নিষেধকৃত বিষয়গুলো থেকে বিরত থাকবে।
এরপর ইলম অর্জনের জন্য যখন তার উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টি হবে, তখন তা অর্জনের জন্য অধিক পরিমাণে মনোযোগ প্রদান করবে। বিক্ষিপ্ত হলে হবে না। সুতরাং সৌভাগ্যবান সেই ব্যক্তি, যার ঘরে যথেষ্ট পরিমাণে খাদ্য রয়েছে। কোনো মানুষের অনুগ্রহ বা দানের ওপর তাকে নির্ভর করতে হয় না এবং সে সেই পরিমিত পরিমাণ সঞ্চয়ের ওপরই সন্তুষ্ট থাকে।
কিন্তু তার যদি যথাপরিমাণ খাদ্য-পাথেয় না থাকে, তাহলে ইলম অর্জনে যে মনোযোগ তার প্রয়োজন ছিল, তা বিক্ষিপ্ত হয়ে যাবে। তখন তাকে খাদ্য সন্ধানের জন্য ব্যস্ত হয়ে পড়তে হবে। ফলে তার জীবন অতিবাহিত হয়ে যাবে সেই শরীরের খাদ্য অর্জনের জন্য- যে শরীর অবশিষ্ট থাকলে অন্য বিষয়গুলো অবশিষ্ট থাকার সম্ভাবনা সৃষ্টি হয়। কিন্তু এখন মূল শরীর ঠিক রাখতে গিয়ে, মৌলিক উদ্দেশ্যগুলো অর্জন করা বাকি রয়ে যায়। এমনকি কখনো কখনো মানুষের কাছে ছোট হয়ে পড়তে হয়, হীন হতে হয়।
কবি বলেন,
حسبي من الدهر ما كفاني .... يصون عرضي عن الهوان مخافة أن يقول قوم ... فضل فلان على فلان
আমার জন্য এতটুকু সময় হলেও যথেষ্ট, যার অর্জন আমাকে লাঞ্ছনার হাত থেকে রক্ষা করবে।
আমি ভয় করি, লোকজন যেন বলা শুরু না করে, অমুক অনুগ্রহ করেছে অমুকের ওপর।
সুতরাং বুদ্ধিমানের জন্য উচিত হবে, নিজের সম্পদ ও সঞ্চয়কে সংরক্ষণ করা। অপচয় না করা। যাতে সে ইলম অর্জনে তার মনোযোগ স্থির করতে পারে। এগুলো সংরক্ষণ করতে না পারলে জীবিকার প্রয়োজনে তার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যাবে। আর নফস যখন তার খাদ্য-প্রাপ্তি নিশ্চিত হয়, তখন সে তৃপ্ত ও নিশ্চিন্তে থাকে।
আর যদি তার যথেষ্ট পরিমাণ খাদ্য-সম্পদ না থাকে, তাহলে সে তার পরিমাণমতো উপার্জন করবে। কিন্তু বেশি বাড়াবাড়ি বা বেশি অর্জনের পেছনে পড়বে না। যাতে সে তার প্রয়োজন ও মনোযোগের মধ্যে একটি সমন্বয় করতে সক্ষম হয় এবং অল্পতে যেন সন্তুষ্ট থাকে। কারণ, সে যদি অধিক সম্পদ অর্জনের দিকে আকাঙ্ক্ষিত হয়, তাহলে মনোযোগের বিচ্যুতি ঘটবেই ঘটবে। কারণ, মানুষের প্রথম অস্থিরতা ও বিক্ষিপ্ততা আসে এই অভাব-অনটন থেকে। এরপর আসে আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। অতিরিক্ত সম্পদ অর্জনের লোভ থেকে। তখন পুরো জীবন সম্পদ অর্জনের প্রতিযোগিতার মধ্যেই বিলুপ্ত হয়ে যায়।
কবি বলেন, وَمَنْ يُنفِقُ الْأَيَّامَ فِي حِفْظِ مَالِهِ ... مَخَافَةَ فَقْرٍ فَالَّذِي فَعَلَ الْفَقْرِ
যে ব্যক্তি দারিদ্র্যের ভয়ে তার জীবনের সময়গুলো ক্ষয় করল শুধু সম্পদ সংরক্ষণের জন্য, সে তো প্রকৃত অর্থে একজন দরিদ্রের জীবনই অতিবাহিত করল।
হে হিম্মতওয়ালা প্রত্যয়ী প্রাণ, জীবনের শ্রেষ্ঠত্ব অর্জনের পথে এ বিষয়গুলোর প্রতি লক্ষ রেখো। তুমি যতক্ষণ না তোমার বাচ্চাদের খাদ্যের ব্যবস্থা করছ, ততক্ষণ তারা তোমাকে বিক্ষিপ্ত করে রাখবে। আর তুমি সম্পদের মূল্যও বুঝতে শেখো, যা তোমার মনোযোগকে প্রতিষ্ঠিত রাখতে অপরিহার্য ভূমিকা রাখবে। তোমাকে মানুষের নিকট হাতপাতা থেকে রক্ষা করবে।
হাদিসে এসেছে-
একবার একলোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো। লোকটির ওপর দারিদ্র্যের আলামত স্পষ্ট প্রকাশিত। লোকটি রাসুলের নিকট কিছু প্রার্থনা করল এবং তাকে কিছু প্রদান করা হলো।
এ সময় আরেকজন দরিদ্র লোক এসে উপস্থিত হলো। তখন প্রথম দরিদ্র লোকটি তাকে প্রদত্ত জিনিস থেকে দ্বিতীয় লোকটিকে কিছু প্রদান করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার তাকে ফিরিয়ে দিলেন এবং এমন করতে নিষেধ করলেন।
অল্পেতুষ্টি মানে যথাপরিমাণের ওপর সন্তুষ্ট থাকা এবং অতিরিক্ত অর্জনের উপর লোভ না করা। এটাই হলো মৌলিক নীতি।
তাছাড়া কোনো আলেম যখন অপমানের সাথে কারও থেকে কিছু গ্রহণ করা বর্জন করবে, তখন তার মনোযোগ স্থির হবে। হিম্মত উন্নত হবে। বিশেষ করে কোনো জালেম রাজা বা প্রশাসক থেকে। ধনাঢ্য কোনো খোঁটাদানকারী ব্যক্তি থেকে। এমনকি অনুগ্রহ উল্লেখকারী কোনো বন্ধু থেকে। কারণ, আত্মসম্মানবোধ হলো সকল সুখের বড় সুখ। জীবন যেভাবেই চলুক না কেন- কোনো ব্যক্তির দয়া ও অনুগ্রহের বলয় থেকে বের হয়ে আসার মতো আনন্দ আর পৃথিবীতে হয় না।
📄 উচ্ছ্বাস প্রকাশে সতর্কতা
মানুষের স্বভাবই হলো তার সমশ্রেণির ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাওয়া। সকলেই অন্যের চেয়ে উচ্চ মর্যাদায় আসীন হতে ভালোবাসে। এভাবেই চলতে থাকে দিন।
কিন্তু তাদের মধ্যে কারও যদি কোনো বিপদ ঘটে, বিপাকে পড়ে এবং জানাজানি হয়ে যায়, তখন হঠাৎ করেই অন্যদের চেয়ে তার স্থান নিম্নস্তরে নেমে আসে। সুতরাং বুদ্ধিমান ব্যক্তির জন্য উচিত হবে, বিপদকে আড়াল করে নিজের কাজে অবিচল থাকা। যাতে করে তাকে কেউ নীচু চোখে না দেখে। সুন্দর স্বাভাবিক আচরণের মাধ্যমে অন্যদের সাথে ভব্যতা ও সভ্যতা বজায় রাখা। যাতে করে তাকে কেউ অনুগ্রহের চোখে না দেখে। নিজের অসুস্থতাকে প্রবলভাবে চেপে থাকবে। যাতে করে তাকে নিয়ে তার প্রতিপক্ষ হিংসুক সুস্থ ব্যক্তিরা আনন্দ অনুভব না করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবিদের নিয়ে মক্কায় প্রবেশ করলেন, অনেকেই ক্লান্ত ও জ্বরাক্রান্ত ছিলেন। তিনি ভয় করছিলেন, তাওয়াফের সময় সাঈ করার ক্ষেত্রে সাহাবিদের দুর্বলতা দেখে কাফেররা আনন্দিত হবে। ঠাট্টা-মশকারা করবে।
সুতরাং তিনি বললেন,
رَحِمَ اللَّهُ مَنْ أَظْهَرَ مِنْ نَفْسِهِ الْجَلَدَ، فَيَرْمُلُوا আল্লাহ তার উপর রহম করবেন, যে ব্যক্তি নিজের ক্ষেত্রে সাহসিকতা প্রদর্শন করে 'রমল' করবে। ৯৫
রমল হলো, তাওয়াফের সময় শক্তিমত্তার সাথে জোরে দৌড়ানো। সেই শক্তিপ্রদর্শনের কারণ এখন আর নেই। তবুও হুকুম বহাল রয়ে গেছে। যাতে মানুষের অন্তরে কারণটির কথা মনে থাকে। এর থেকে শেখার বিষয় রয়েছে। হজরত মুআবিয়া রা. তখন মৃত্যুশয্যায় শায়িত। এ সময় কিছুলোক তাঁর সাথে দেখা করার অনুমতি প্রার্থনা করল। মুআবিয়া রা. পরিবারের লোকদের বললেন, 'আমাকে ধরে বসিয়ে দাও।'
তা-ই করা হলো। লোকেরা এলো। হজরত মুআবিয়া রা. তাদের সাথে বসে বসে কথা বললেন। সকল রকম অসুস্থতা চেপে রইলেন। সাধারণ সুস্থ মানুষের মতো কথা বললেন। এরপর যখন তারা চলে গেল, তখন তিনি এই কবিতাটি পড়লেন-
وَتَجَلُّدِي لِلشَّامِتِينَ أُرِيهِمْ ... أَنِّي لِرَيْبِ الدَّهْرِ لَا أَتَضَعْضَعُ وَإِذَا الْمَنِيَّةُ أَنْشَبَتْ أَظْفَارَهَا ... أَلْفَيْتُ كُلَّ تَمِيمَةٍ لَا تَنْفَعُ আমার বিপদে আনন্দিত হতে চাওয়া ব্যক্তিদের আমি আমার অবিচলতা দেখাই। যুগের সন্দেহকে দূর করে বলি, আমি দুর্বল না।
তবুও মৃত্যু যখন তার নির্দয় থাবাগুলোকে প্রসারিত করে ধরে, তখন অনুভব করি, কোনো রক্ষাকবচই আর কাজে আসছে না।
এভাবে সকল প্রজ্ঞাবান দূরদর্শী আত্মসম্মানবোধসম্পন্ন ব্যক্তিই তাদের অবিচলতা প্রদর্শন করেন- বিপদের সময়, দারিদ্র্যের সময় এবং কষ্টের সময়। যাতে নিজের এই কষ্টগুলোর সাথে আবার শত্রুদের আনন্দিত মুখ দেখতে না হয়। এটা সকল কষ্টের চেয়ে বড় কষ্ট। এধরনের একজন দরিদ্র ব্যক্তিও নিজের মুখাপেক্ষিহীনতা প্রকাশ করেন। অসুস্থ ব্যক্তিও সুস্থতা প্রদর্শন করেন। হ্যাঁ, এটাই হলো দৃঢ়মনের মানুষের কাজ!
এছাড়াও আরও কিছু বিষয় আছে- সেগুলোর ক্ষেত্রেও সংযম ও দূরদর্শিতার পরিচয় প্রদান করা উচিত। যেমন, কখনো কখনো মানুষ অনর্থক তার অঢেল সম্পদ ও প্রাচুর্যের কথা প্রকাশ করে বেড়ায়। এতে নিশ্চয় কোনো শত্রুর চোখ লাগতে পারে। তখন তার এই গর্বের সুখ নিমিষেই উধাও হয়ে পড়বে। কোনো জিনিসকে যখন সুন্দর ও লোভনীয় মনে করা হয়, তখনই তার ওপর হিংসুকদের চোখ লাগে। চোখ লাগা সত্য। তাছাড়া অন্যরকম বিপদও আসতে পারে- ডাকাতি কিংবা ছিনতাই।
সুতরাং একজন দূরদর্শী ব্যক্তির উচিত হবে, এমন পরিমিত পরিমাণে নিজের নিয়ামতের কথা প্রকাশ করা, যার ওপর হিংসুকদের চোখ লাগা থেকে নিরাপদ থাকা যায়। আবার এটাও জানানো হয়ে যায় যে, সে আসলে দরিদ্রও নয়।
টিকাঃ
১৫. ঠিক এই শব্দে হাদিসটি ইবনে হিশাম তার তার সিরাতগ্রন্থে উল্লেখ করেছেন- ৪/৬। ইমাম বোখারি রহ.ও তার 'সহিহ বোখারিতে উল্লেখ করেছেন। তবে ইমাম মুসলিম আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর বর্ণনায় একটু ভিন্নভাবে বর্ণনা করেছেন। সেখানে হাদিসটি এমন-
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ مَكَّةَ وَقَدْ وَهَنَتْهُمْ حُنَّى يَشْرِبَ قَالَ الْمُشْرِكُونَ إِنَّهُ يَقْدَمُ عَلَيْكُمْ غَدًا قَوْمٌ قَدْ وَهَنَتْهُمُ الْحُنَّى وَلَقُوا مِنْهَا شِدَّةً فَجَلَسُوا مِمَّا يَلِي الْحِجْرَ وَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَرْمُلُوا ثَلَاثَةَ أَشْوَاطٍ وَيَمْشُوا مَا بَيْنَ الرُّكْنَيْنِ لِيَرَى الْمُشْرِكُونَ جَلَدَهُمْ فَقَالَ الْمُشْرِكُونَ هَؤُلَاءِ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّ الْحُتَّى قَدْ وَهَنَتْهُمْ هَؤُلَاءِ أَجْلَدُ مِنْ كَذَا وَكَذَا.
সহিহ মুসলিম: ৬/২২২০, পৃষ্ঠা: ৩৪৮- মা. শামেলা।